টেক্সাস ছাড়ছে ‘সালাড অ্যান্ড গো’, সদরদপ্তরও ফিনিক্সে স্থানান্তরের সিদ্ধান্ত
ডালাস–ফোর্ট ওর্থ (ডি-এফডব্লিউ) অঞ্চলে থাকা জনপ্রিয় সালাদ চেইন ‘সালাড অ্যান্ড গো’ টেক্সাস ও ওকলাহোমার সব স্টোর বন্ধ করে দিচ্ছে। এর ফলে নর্থ টেক্সাসে বর্তমানে চালু থাকা ২৫টি স্টোর এবং ওকলাহোমার সাতটি স্টোর একসঙ্গে বন্ধ হয়ে যাবে।
ডালাস–ফোর্ট ওর্থ (ডি-এফডব্লিউ) অঞ্চলে থাকা জনপ্রিয় সালাদ চেইন ‘সালাড অ্যান্ড গো’ টেক্সাস ও ওকলাহোমার সব স্টোর বন্ধ করে দিচ্ছে। এর ফলে নর্থ টেক্সাসে বর্তমানে চালু থাকা ২৫টি স্টোর এবং ওকলাহোমার সাতটি স্টোর একসঙ্গে বন্ধ হয়ে যাবে।
ফিনিক্স বিজনেস জার্নালের তথ্য অনুযায়ী, কপেলভিত্তিক কোম্পানিটি ডি-এফডব্লিউ এলাকার কমিসারি কিচেনও বন্ধ করছে এবং সদরদপ্তর সরিয়ে নিচ্ছে অ্যারিজোনার ফিনিক্সে। সর্বশেষ দফার এই বন্ধের নির্দিষ্ট তারিখ অবশ্য এখনো জানানো হয়নি।
এর আগে গত সেপ্টেম্বরে ‘সালাড অ্যান্ড গো’ঘোষণা দিয়েছিল, তারা টেক্সাস ও ওকলাহোমায় ৪১টি স্টোর বন্ধ করবে। সেই তালিকায় ডি-এফডব্লিউয়ের ১৮টি স্টোরের পাশাপাশি হিউস্টন, সান অ্যান্টোনিও ও অস্টিনের সব শাখাও ছিল।
কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা মাইক ট্যাটার্সফিল্ড বলেন, ডালাসের বড় আকারের কিচেন পরিচালনা এবং আগ্রাসী সম্প্রসারণ পরিকল্পনার কারণে প্রতিষ্ঠানটি বড় ধরনের অর্থনৈতিক চাপে পড়ে। তাঁর ভাষায়, গত কয়েক বছরের দ্রুত বিস্তার ছিল একটি ত্রুটিপূর্ণ ব্যবসায়িক পরিকল্পনার ফল। তবে তিনি আশা প্রকাশ করেছেন, নতুনভাবে গুছিয়ে নিয়ে কোম্পানি আবার সফল হবে। তাঁর ভাষায়, ‘ফিনিক্স এলাকার সদরদপ্তরে সব কার্যক্রম কেন্দ্রীভূত করার মাধ্যমে আমরা খাবারের মান, মেনু উদ্ভাবন, গ্রাহক অভিজ্ঞতা এবং দীর্ঘমেয়াদি প্রবৃদ্ধির দিকে মনোযোগ দিতে পারব।’
‘সালাড অ্যান্ড গো’র এই সিদ্ধান্তের ফলে টেক্সাস ও ওকলাহোমায় প্রায় ৬০০ কর্মী ক্ষতিগ্রস্ত হবেন। কোম্পানির করপোরেট টিম ফিনিক্সে তাদের পুরোনো অফিসে ফিরে যাবে, তবে সামনের মাসগুলোতে সেখানে বড় অফিস খোলার পরিকল্পনাও রয়েছে।
ড্রাইভ-থ্রু সুবিধাসহ ১০ ডলারের কম দামে সালাদ ও র্যাপের জন্য পরিচিত ‘সালাড অ্যান্ড গো’র ২০২৪ সালের শেষ দিকে মোট স্টোরের সংখ্যা দাঁড়িয়েছিল ১৪৬টি। সর্বশেষ সিদ্ধান্তের পর এখন কেবল অ্যারিজোনা ও নেভাডায় প্রায় ৭০টি স্টোর চালু থাকবে।
তথ্যসূত্র: ডালাস মর্নিং নিউজ