বিবিসি মাস্টারশেফের কোয়ার্টার ফাইনালে বাংলাদেশি বংশোদ্ভূত আনিশা
বাংলাদেশি বংশোদ্ভূত আনিশা বেগম যুক্তরাজ্যের জনপ্রিয় রান্নার প্রতিযোগিতা বিবিসি মাস্টারশেফ ২০২৬-এ চমক দেখিয়েছেন। প্রতিযোগিতায় অংশ নিয়ে তিনি জায়গা করে নিয়েছেন কোয়ার্টার ফাইনালে।
বাংলাদেশি বংশোদ্ভূত আনিশা বেগম যুক্তরাজ্যের জনপ্রিয় রান্নার প্রতিযোগিতা বিবিসি মাস্টারশেফ ২০২৬-এ চমক দেখিয়েছেন। প্রতিযোগিতায় অংশ নিয়ে তিনি জায়গা করে নিয়েছেন কোয়ার্টার ফাইনালে।
২৬ বছর বয়সী আনিশা পেশায় একজন প্রকৌশলী হলেও রান্নাই তার আগ্রহের মূল জায়গা। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি জানান, কয়েক বছর ধরে ডিজিটাল প্রকৌশলে ক্যারিয়ার গড়তে মনোযোগী ছিলেন এবং এভারটন স্টেডিয়ামসহ বিভিন্ন বড় প্রকল্পে কাজ করেছেন। বর্তমানে তিনি সাইজওয়েল সি নিউক্লিয়ার প্রকল্পে যুক্ত আছেন।
পেশার বাইরে রান্না সব সময়ই তার পছন্দের হলেও আগে সেটিতে তেমন সময় দেওয়া হয়নি। নিজের স্বাচ্ছন্দ্যের গণ্ডি ভেঙে নতুন কিছু করার আগ্রহ থেকেই এবারের মাস্টারশেফে অংশ নেন বলে জানান তিনি।
লন্ডনের এনফিল্ডে স্বামী জেহানের সঙ্গে বসবাস করা আনিশার রান্নার ধরন বৈচিত্র্যময়। ব্রিটিশ ক্ল্যাসিকের সঙ্গে দক্ষিণ এশীয় ও পূর্ব এশীয় স্বাদের মিশ্রণ তার পদগুলোকে আলাদা করে তোলে। বিভিন্ন রেসিপি বই, কনটেন্ট নির্মাতার ভিডিও, স্ট্রিট ফুড এবং তারকা রেস্তোরাঁ থেকে অনুপ্রাণিত হয়ে তিনি নিজস্ব ঢঙে খাবার তৈরি করেন।
তার রান্নায় পারিবারিক প্রভাবও স্পষ্ট। বাবা ছিলেন রেস্তোরাঁর রাঁধুনি, মা ঘরোয়া রান্নায় দক্ষ—এই দুই ধারার অভিজ্ঞতা থেকেই নিজের রান্নার হাত তৈরি হয়েছে বলে জানান আনিশা। বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় স্থানীয় টেকঅ্যাওয়ের খাবারের স্বাদে অসন্তুষ্ট হয়ে নিজেই রান্নায় মন দেন, যা পরবর্তীতে তার সৃজনশীল দক্ষতা বাড়াতে সহায়তা করে।
এর আগে একই প্রতিযোগিতার সেমিফাইনাল পর্যন্ত পৌঁছেছিলেন বাংলাদেশি বংশোদ্ভূত ইসমাইল হোসেন। চলতি আসরে কোয়ার্টার ফাইনালে রয়েছেন আরেক প্রতিযোগী সাবিনা খানও।
ডালাস বার্তা ডেস্ক