ডেঙ্গুতে সেপ্টেম্বরে রেকর্ড মৃত্যু, ১৩ দিনে ৫২ জন
চলতি সেপ্টেম্বরের প্রথম ১৩ দিনেই ডেঙ্গুতে অন্তত ৫২ জন মারা গেছেন, যা এ বছর এখন পর্যন্ত যেকোনো মাসের সর্বোচ্চ মৃত্যু।
চলতি সেপ্টেম্বরের প্রথম ১৩ দিনেই ডেঙ্গুতে অন্তত ৫২ জন মারা গেছেন, যা এ বছর এখন পর্যন্ত যেকোনো মাসের সর্বোচ্চ মৃত্যু।
স্বাস্থ্য অধিদপ্তরের (ডিজিএইচএস) তথ্য অনুযায়ী, গতকাল পর্যন্ত এ বছর মোট ১৪৯ জন ডেঙ্গু রোগী মারা গেছেন এবং ৫১ হাজার ৮৩৭ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। দ্য ডেইলি স্টার এই তথ্য প্রকাশ করেছে।
বিশেষজ্ঞরা বলছেন, দেরিতে হাসপাতালে ভর্তি, অনুপযুক্ত চিকিৎসা এবং উচ্চঝুঁকিপ্রবণ গোষ্ঠীর দুর্বলতা ডেঙ্গু মৃত্যুর প্রধান কারণ। হৃদরোগ, কিডনি, যকৃৎ বা শ্বাসযন্ত্রের রোগে আক্রান্ত রোগীরা গুরুতর জটিলতার ঝুঁকিতে বেশি থাকেন।
শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের সহযোগী অধ্যাপক এইচএম নাজমুল আহসান বলেন, জাতীয় ডেঙ্গু চিকিৎসা নির্দেশিকা অনুসরণ না করলে মৃত্যুঝুঁকি বাড়ে। তিনি জানান, অনাবশ্যক প্লাটিলেট ট্রান্সফিউশন ও অতিরিক্ত তরল প্রয়োগ নিজেই জটিলতা তৈরি করতে পারে।
জনস্বাস্থ্য বিশেষজ্ঞ মুশতাক হোসেন প্রাথমিক, মাধ্যমিক ও তৃতীয় স্তরের ত্রিস্তরীয় ডেঙ্গু ব্যবস্থাপনা পদ্ধতি চালুর সুপারিশ করেছেন। তিনি বলেন, উপজেলা হাসপাতাল ও মেডিকেল কলেজকে যথাক্রমে মাধ্যমিক ও তৃতীয় স্তরের কেন্দ্র হিসেবে ব্যবহার করলে মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমানো সম্ভব।
সূত্র: দ্য ডেইলি স্টার