ইউরেনিয়াম ডাইটেলুরাইডে একসঙ্গে দুই ধরনের সুপারকন্ডাক্টিভিটি শনাক্ত
যুক্তরাষ্ট্রের কর্নেল বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা দেখিয়েছেন, ইউরেনিয়াম ডাইটেলুরাইড নামের একটি যৌগ একই সঙ্গে দুই ধরনের সুপারকন্ডাক্টিভিটি প্রদর্শন করতে পারে। এই আবিষ্কার কোয়ান্টাম কম্পিউটিং খাতে বড় অগ্রগতির সম্ভাবনা তৈরি করেছে।
যুক্তরাষ্ট্রের কর্নেল বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা দেখিয়েছেন, ইউরেনিয়াম ডাইটেলুরাইড নামের একটি যৌগ একই সঙ্গে দুই ধরনের সুপারকন্ডাক্টিভিটি প্রদর্শন করতে পারে। এই আবিষ্কার কোয়ান্টাম কম্পিউটিং খাতে বড় অগ্রগতির সম্ভাবনা তৈরি করেছে।
গবেষণাটি গত ৩০ অক্টোবর শুক্রবার নেচার ফিজিকস সাময়িকীতে প্রকাশিত হয়েছে। গবেষক দলের প্রধান কর্নেল বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞানী ব্র্যাড র্যামশ এবং গবেষণাপত্রের মূল লেখক ডক্টরাল শিক্ষার্থী সাহাস কামাত। প্রতিবেদনে বলা হয়েছে, বিষয়টি নিয়ে বছরের পর বছর ধরে চলা অনিশ্চয়তার অবসান ঘটেছে।
ইউরেনিয়াম ডাইটেলুরাইডে একটি ধরনের সুপারকন্ডাক্টিভিটি দেখা যায় সাধারণ অতিরিক্ত ঠান্ডায়, আর আরেকটি ধরন দেখা যায় শক্তিশালী চাপের মধ্যে। গবেষকেরা যৌগটির ওপর প্রায় আঠারো হাজার পাউন্ড চাপ প্রয়োগ করে তাপমাত্রা দুই থেকে এক কেলভিনে নামিয়ে আনেন। এই পরীক্ষায় তাঁরা দেখতে পান, দুই ধরনের সুপারকন্ডাক্টিভিটি একটি নির্দিষ্ট অঞ্চলে একসঙ্গে ঘটছে।
গবেষক দল আরও একটি ব্যতিক্রমী ঘটনা লক্ষ করেন, তাপমাত্রা কমার সঙ্গে সঙ্গে একটি ধরনের সুপারকন্ডাক্টিভিটি ধীরে ধীরে উবে যাচ্ছে। সাধারণত তাপমাত্রা কমলে সুপারকন্ডাক্টিভিটি বাড়ে, তবে এ ক্ষেত্রে একটি ধরন অন্যটিকে সরিয়ে দিচ্ছে বলে পরীক্ষায় প্রথমবারের মতো প্রমাণ পাওয়া গেছে।
বিজ্ঞানীদের মতে, এই আবিষ্কার টপোলজিক্যাল সুপারকন্ডাক্টর তৈরির ক্ষেত্রে ইউরেনিয়াম ডাইটেলুরাইডকে শীর্ষ প্রার্থী হিসেবে প্রতিষ্ঠিত করেছে। এখন পর্যন্ত ছয় হাজারের বেশি সুপারকন্ডাক্টর যৌগ পাওয়া গেলেও টপোলজিক্যাল সুপারকন্ডাক্টর নিশ্চিতভাবে তৈরি করা সম্ভব হয়নি। গবেষকেরা বলছেন, কোয়ান্টাম কম্পিউটিংয়ে বাস্তব প্রয়োগ এখনো বেশ কয়েক পদক্ষেপ দূরে। সূত্র: ফিজ ডট অর্গ