অরোরার হিন্দু মন্দিরে হামলার পরিকল্পনা: এফবিআইকে তদন্তের আহ্বান ১০৫ আইনপ্রণেতার
যুক্তরাষ্ট্রের ইলিনয় অঙ্গরাজ্যের অরোরায় শ্রী ভেঙ্কটেশ্বর স্বামী (বালাজি) মন্দিরে পরিকল্পিত হামলা ঘটনায় এফবিআইকে ঘৃণামূলক অপরাধ হিসেবে তদন্তের আহ্বান জানিয়েছেন দ্বিদলীয় ১০৫ জন আইনপ্রণেতা।
যুক্তরাষ্ট্রের ইলিনয় অঙ্গরাজ্যের অরোরায় শ্রী ভেঙ্কটেশ্বর স্বামী (বালাজি) মন্দিরে পরিকল্পিত হামলা ঘটনায় এফবিআইকে ঘৃণামূলক অপরাধ হিসেবে তদন্তের আহ্বান জানিয়েছেন দ্বিদলীয় ১০৫ জন আইনপ্রণেতা।
ভারতীয় বংশোদ্ভূত কংগ্রেসম্যান রাজা কৃষ্ণমূর্তি এই উদ্যোগের নেতৃত্ব দিয়েছেন। গত ১১ অক্টোবর তিনি পরিবারসহ ওই মন্দিরে প্রার্থনায় ছিলেন যখন ১৯ বছর বয়সী আলেক্সান্দ্রোস পাপোরাকিস মন্দিরের বাইরে এক ব্যক্তিকে গুলি করার চেষ্টা করে, কিন্তু তার রাইফেল জ্যাম হয়ে যায়।
প্রসিকিউটরদের মতে, পাপোরাকিস নিজেকে নব্য-নাৎসি হিসেবে পরিচয় দিয়েছে এবং আট পৃষ্ঠার একটি শ্বেতাঙ্গ আধিপত্যবাদী ইশতেহার লিখেছিল যেখানে হিন্দু উপাসনালয়ে ভারতীয় বংশোদ্ভূতদের বিরুদ্ধে সহিংসতার বর্ণনা রয়েছে।
এফবিআই পরিচালক কাশ প্যাটেলকে লেখা চিঠিতে আইনপ্রণেতারা এই ঘটনার পেছনে জাতিগত ও ধর্মীয় ঘৃণা ছিল কি না এবং অন্য কেউ এই পরিকল্পনায় সহায়তা করেছিল কি না তা তদন্তের দাবি জানিয়েছেন। স্বাক্ষরকারীদের মধ্যে রয়েছেন সব ভারতীয়-আমেরিকান কংগ্রেস সদস্য, পুরো ইলিনয় ডেমোক্র্যাটিক প্রতিনিধি দল এবং সিনেটর ডিক ডারবিন ও ট্যামি ডাকওয়ার্থ।
ভারতীয়-আমেরিকান সম্প্রদায়ের বিরুদ্ধে অনলাইন ঘৃণামূলক প্রচার বৃদ্ধির পরিপ্রেক্ষিতে এই ঘটনা গুরুত্ব পাচ্ছে। ২০২৪ সালেও একাধিক হিন্দু মন্দিরে ভাঙচুরের ঘটনা ঘটেছিল এবং এফবিআই ২০২৫ সালে হিন্দু ও শিখদের বিরুদ্ধে ঘৃণামূলক অপরাধ পৃথকভাবে ট্র্যাক করা শুরু করেছে।
সূত্র: ইন্ডিয়া উইকলি ও ট্রিবিউন ইন্ডিয়া