ট্রাম্প প্রশাসন তিন লাখের বেশি ভিসা বাতিল করেছে
placeholder
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, জানুয়ারি ২০২৫ থেকে এখন পর্যন্ত তিন লাখেরও বেশি ভিসা বাতিল করা হয়েছে, যা আগের যেকোনো প্রশাসনের চেয়ে দ্রুতগতিতে হয়েছে বলে দাবি করা হচ্ছে। গত মঙ্গলবার পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র টমি পিগট সামাজিক যোগাযোগমাধ্যমে জানান, ভিসা নিয়ে যুক্তরাষ্ট্রে থাকা বিদেশিদের আইন ভঙ্গ, প্রতারণা বা জাতীয় নিরাপত্তা হুমকির বিষয়ে তাদের শূন্য সহনশীলতা নীতি রয়েছে।
পররাষ্ট্র দপ্তরের এক কর্মকর্তা আল জাজিরাকে জানিয়েছেন, বেশিরভাগ ভিসা বাতিলের কারণ অপরাধমূলক কর্মকাণ্ড, জননিরাপত্তা উদ্বেগ, ইমিগ্রেশন লঙ্ঘন, প্রতারণা বা ভুল তথ্য প্রদান। এর মধ্যে হামলা ও সংশ্লিষ্ট অপরাধে ২৫ শতাংশ এবং মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর কারণে ২২ শতাংশ ভিসা বাতিল হয়েছে।
চার হাজারের বেশি ভিসা বাতিল করা হয়েছে বার্থ ট্যুরিজমে জড়িত বা সহায়তাকারী বিদেশি নাগরিকদের। চুরি ও মাদকদ্রব্য সংক্রান্ত অপরাধে প্রতিটিতে ৭ শতাংশ করে ভিসা বাতিল হয়েছে।
আগস্ট মাসেই ভিসা বাতিলের সংখ্যা এক লাখ ৭৫ হাজার ছাড়িয়ে গিয়েছিল। জানুয়ারিতে পররাষ্ট্র দপ্তর এক লাখ ভিসা বাতিলের ঘোষণা দিয়ে সেটিকে তখন রেকর্ড বলে উল্লেখ করেছিল। প্রশাসন ভিসা আবেদনকারীদের সামাজিক যোগাযোগমাধ্যম কার্যক্রম পর্যবেক্ষণ ও স্ক্রিনিং প্রক্রিয়াও কঠোর করেছে।
তবে মানবাধিকার সংগঠন ও বিশেষজ্ঞরা সামাজিক যোগাযোগমাধ্যম স্ক্রিনিংয়ের সমালোচনা করে বলেছেন, এটি মত প্রকাশের স্বাধীনতার জন্য হুমকি এবং অভিবাসীদের ওপর নজরদারির সমতুল্য।
সূত্র: টিওবি নিউজ