ভারতের ইতিহাসে সবচেয়ে বড় আইপিও আনছে জিও, মূল্যায়ন ১০ লাখ কোটি রুপির বেশি
ভারতের টেলিকম কোম্পানি জিও প্ল্যাটফর্মস দেশের ইতিহাসের সবচেয়ে বড় প্রাথমিক শেয়ার অফার বা আইপিও উদ্বোধন করেছে। সর্বোচ্চ মূল্যে শেয়ার বিক্রি হলে কোম্পানিটির মূল্যায়ন হবে ১০ লাখ ৩০ হাজার কোটি রুপি।
ভারতের টেলিকম কোম্পানি জিও প্ল্যাটফর্মস দেশের ইতিহাসের সবচেয়ে বড় প্রাথমিক শেয়ার অফার বা আইপিও উদ্বোধন করেছে। সর্বোচ্চ মূল্যে শেয়ার বিক্রি হলে কোম্পানিটির মূল্যায়ন হবে ১০ লাখ ৩০ হাজার কোটি রুপি।
ভারতের দ্বিতীয় ধনী ব্যক্তি মুকেশ আম্বানির রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের অঙ্গপ্রতিষ্ঠান জিও প্রায় ৩০ হাজার ২০০ কোটি রুপি সংগ্রহের লক্ষ্য নির্ধারণ করেছে বলে দ্য গার্ডিয়ান জানিয়েছে। বুধবার থেকে সাধারণ বিনিয়োগকারীদের জন্য শেয়ার পাওয়া যাবে এবং শুক্রবার আইপিও বন্ধ হবে।
শেয়ারের মূল্য নির্ধারণ করা হয়েছে প্রতিটি ১ হাজার ৬৫ থেকে ১ হাজার ১১৯ রুপির মধ্যে। মোট ২৭ কোটি নতুন শেয়ার ছাড়া হচ্ছে। সোমবার আইপিওর আগে ২১২টি অ্যাঙ্কর বিনিয়োগকারী প্রতিষ্ঠান শেয়ার কিনেছে, যার মধ্যে রয়েছে ব্ল্যাকরক, জেপি মরগান, ফিডেলিটি ও সিঙ্গাপুরের সার্বভৌম তহবিল।
মেটা ও গুগলের বিনিয়োগে ২০২০ সালে জিওর মূল্যায়ন ছিল ৪ লাখ ৯০ হাজার কোটি রুপি। নতুন আইপিওতে তা দ্বিগুণেরও বেশি হয়েছে। এই আইপিও সম্পন্ন হলে জিও ভারতের চতুর্থ বৃহত্তম কোম্পানিতে পরিণত হবে।
জিও ২০১৬ সালের সেপ্টেম্বরে মোবাইল ইন্টারনেট সেবা চালু করে এবং প্রথম মাসেই ১ কোটি ৬০ লাখ গ্রাহক পায়। কম খরচে ব্রডব্যান্ড সেবা দিয়ে কোম্পানিটি ভারতের ইন্টারনেট বাজারে পরিবর্তন এনেছে এবং এখন কৃত্রিম বুদ্ধিমত্তা ও ক্লাউড কম্পিউটিং খাতেও বিনিয়োগ করছে।
সূত্র: দ্য গার্ডিয়ান