প্রায় এক হাজার কর্মী ছাঁটাই করছে নেটফ্লিক্স
বিশ্বের শীর্ষস্থানীয় স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্স তাদের বিশ্বব্যাপী কর্মীদের প্রায় ৬ শতাংশ ছাঁটাই করার সিদ্ধান্ত নিয়েছে। সংখ্যার হিসেবে এটি প্রায় এক হাজার কর্মীর চাকরি যাওয়ার সমান।
বিশ্বের শীর্ষস্থানীয় স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্স তাদের বিশ্বব্যাপী কর্মীদের প্রায় ৬ শতাংশ ছাঁটাই করার সিদ্ধান্ত নিয়েছে। সংখ্যার হিসেবে এটি প্রায় এক হাজার কর্মীর চাকরি যাওয়ার সমান।
গত ১৪ অক্টোবর বুধবার কোম্পানির সহ-প্রধান নির্বাহী গ্রেগ পিটার্স ও টেড স্যার্যান্ডোস কর্মীদের উদ্দেশে একটি ইমেইল পাঠান, যেখানে এই ছাঁটাইয়ের কথা জানানো হয়। ওয়াল স্ট্রিট জার্নাল প্রথম এই খবর প্রকাশ করে।
ছাঁটাইয়ের মূল লক্ষ্য হলো প্রোডাক্ট, প্রযুক্তি, আইন ও মানবসম্পদ বিভাগ। ২০২৬ সালের প্রথম ছয় মাসে নেটফ্লিক্সের গ্রাহকরা ৯ হাজার ৭০০ কোটি ঘণ্টারও বেশি কনটেন্ট দেখেছেন, যা আগের বছরের তুলনায় মাত্র ২ শতাংশ বেশি।
সহ-প্রধান নির্বাহী স্যার্যান্ডোস গত মাসে ব্লুমবার্গের একটি মিডিয়া সম্মেলনে স্বীকার করেন যে কোম্পানি যতটা দ্রুত বাড়তে চায়, ততটা বাড়ছে না। গ্রাহকের মনোযোগ বাড়াতে নেটফ্লিক্স সম্প্রতি লাইভ স্পোর্টস ও ভিডিও পডকাস্ট যোগ করেছে।
হলিউডের অন্যান্য বড় স্টুডিওও একই পথে হাঁটছে। ডিজনি, প্যারামাউন্ট ও ওয়ার্নার ব্রাদার্স ডিসকভারি এ বছর ব্যাপক কর্মী ছাঁটাই করেছে। নেটফ্লিক্স আগামী সপ্তাহে তৃতীয় প্রান্তিকের আর্থিক ফলাফল প্রকাশ করবে।
সূত্র: এনবিসি নিউজ