ট্রাম্পের জ্বালানি যুদ্ধবিরতি ব্যর্থ, ব্রেন্ট ক্রুড ১০৮ ডলারে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত জ্বালানি যুদ্ধবিরতিতে রাশিয়া বা ইউক্রেন কেউই সাড়া না দেওয়ায় সোমবার তেল ও গ্যাসের দাম বেড়েছে। ব্রেন্ট ক্রুড ২ শতাংশ বেড়ে ব্যারেলে প্রায় ১০৮ ডলারে পৌঁছেছে এবং মার্কিন ক্রুড তেল ২ শতাংশের বেশি বেড়ে প্রায় ৯৪ ডলারে দাঁড়িয়েছে।

এনবিসি নিউজ জানিয়েছে, ট্রাম্প রোববার ট্রুথ সোশালে লেখেন, রাশিয়া ও ইউক্রেন যুদ্ধে তাৎক্ষণিকভাবে জ্বালানি যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। কিন্তু ঘোষণার পরপরই রাশিয়া ইউক্রেনের জ্বালানি অবকাঠামোতে হামলা অব্যাহত রাখে। ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি জানান, তিনি মিডিয়া থেকে যুদ্ধবিরতির খবর জানতে পারেন এবং তাকে আগে থেকে জানানো হয়নি।
সোমবার ডিজেলের গড় জাতীয় দাম ছিল গ্যালনে ৬.২৬ ডলার, যা বছরের শুরুতে ছিল প্রায় ৩.৫ ডলার। এএএর তথ্য অনুযায়ী, এই দাম বছরের শুরু থেকে প্রায় ৮০ শতাংশ বেশি।
এর আগে শুক্রবার ট্রাম্প পুতিনের সাথে এক ঘণ্টার বেশি ফোনে কথা বলার পর ঘোষণা করেছিলেন, রাশিয়া তিন লাখ টন ডিজেল সরবরাহ করবে এবং এর জন্য রাশিয়ার ওপর জ্বালানি নিষেধাজ্ঞা ছয় মাস স্থগিত রাখা হবে। ওই ঘোষণায় ইউক্রেন ও ইউরোপীয় মিত্ররা ক্ষোভ প্রকাশ করেন।
নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের আগে জ্বালানির উচ্চমূল্য রিপাবলিকানদের জন্য রাজনৈতিক চাপ তৈরি করছে। বিশেষজ্ঞরা বলছেন, ইউক্রেনের ভেতরে রাশিয়ার পরিশোধনাগারগুলোতে হামলা অব্যাহত থাকায় রাশিয়ান ডিজেল রপ্তানির বড় পুনরুদ্ধার নিকট ভবিষ্যতে সম্ভব নয়।
সূত্র: এনবিসি নিউজ