ইউক্রেন যুদ্ধে রাশিয়ার প্রায় ৫ লাখ সেনা নিহত, ফাঁস হওয়া সরকারি তথ্যেই মিলল ভয়াবহ চিত্র
রাশিয়ার ফাঁস হওয়া সরকারি পরিসংখ্যান বিশ্লেষণ করে বিবিসি জানিয়েছে, ইউক্রেন যুদ্ধে ২০২২ সাল থেকে অন্তত ৪ লাখ ৯০ হাজার ৩৩৪ রুশ সেনা নিহত হয়েছেন। রাশিয়ার সরকারি পরিসংখ্যান সংস্থা রসস্ট্যাটের (Rosstat) তথ্য বলছে, যুদ্ধ দেশটির মৃত্যুহার ও মৃত্যুর ধরনে ব্যাপক পরিবর্তন এনেছে। তরুণদের মৃত্যুর বড় অংশই এখন যুদ্ধের কারণে ঘটছে, আর রাশিয়ার দরিদ্র অঞ্চলগুলো থেকে তুলনামূলকভাবে বেশি সেনা প্রাণ হারাচ্ছেন।
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যে যুদ্ধ কয়েক দিনের মধ্যে শেষ হবে বলে ধারণা করেছিলেন, সেই যুদ্ধ এখন প্রায় পাঁচ বছরে গড়িয়েছে। এতে বিপুল প্রাণহানির মূল্য দিতে হচ্ছে রাশিয়াকে।
বিবিসি রাশিয়ান ২০২১ সাল থেকে ২০২৬ সালের সেপ্টেম্বর পর্যন্ত ১ কোটি ১০ লাখেরও বেশি মৃত্যুর রেকর্ড হাতে পেয়েছে। বেলারুশের হ্যাকার গ্রুপ Cyberpartisans BY এবং ইউক্রেনের Silent Crow-এর সাইবার হামলার পর এসব তথ্য ফাঁস হয়।
রাশিয়ার পরিসংখ্যান সংস্থা রসস্ট্যাট সাইবার হামলার কথা স্বীকার করেছে, তবে সুরক্ষিত কোনো তথ্য ফাঁস হওয়ার কথা অস্বীকার করেছে।
বিবিসি রাশিয়ান স্বাধীন রুশ সংবাদমাধ্যম মিডিয়াজোনার সঙ্গে মিলে রসস্ট্যাটের তথ্য নিজেদের সংরক্ষিত তালিকার সঙ্গে তুলনা করেছে। বিবিসি ও মিডিয়াজোনার তালিকায় রুশ সেনাদের মৃত্যুর তথ্য বিভিন্ন উন্মুক্ত উৎস থেকে সংগ্রহ করা হয়েছে। দুই তালিকার প্রায় ৯০ শতাংশ তথ্যের মিল পাওয়া গেছে।
যুদ্ধের নিহতদের সংখ্যা যাচাইয়ে বিবিসির বিশ্লেষণ
তথ্য অনুযায়ী, ২০২৫ সালে রাশিয়ায় যুদ্ধে নিহত ১৮ থেকে ২৪ বছর বয়সীদের ৬৫ শতাংশ যুদ্ধের কারণে প্রাণ হারিয়েছেন। ২৫ থেকে ৩৪ বছর বয়সীদের ক্ষেত্রে এই হার ৫৯ শতাংশ।
৪৫ থেকে ৫৪ বছর বয়সীদের মধ্যে কেবল হৃদ্রোগ ও রক্তনালিজনিত রোগে মৃত্যুর সংখ্যা যুদ্ধজনিত মৃত্যুর চেয়ে বেশি।
ফাঁস হওয়া তথ্য ইউক্রেনের নির্দিষ্ট এলাকাগুলো দখলের লড়াইয়ে রাশিয়ার ব্যাপক প্রাণহানির চিত্রও তুলে ধরেছে। ইউক্রেনের ১০টি গ্রাম নিয়ন্ত্রণে নিতে গিয়ে প্রায় ২০ হাজার রুশ সেনা নিহত হয়েছেন। যুদ্ধের আগে গ্রামগুলোর সম্মিলিত জনসংখ্যা ছিল মাত্র ১২ হাজার।
দোনেৎস্ক অঞ্চলের বাখমুত শহরের দক্ষিণে আন্দ্রিয়িভকা নামের ছোট একটি গ্রাম দখলের লড়াইয়ে ১ হাজার ১২২ জন রুশ সেনা নিহত হন। যুদ্ধের আগে ওই গ্রামে মাত্র ৭৪ জন বাস করতেন।
২০২২ সালের ফেব্রুয়ারিতে যুদ্ধ শুরুর পর থেকে রাশিয়া সামরিক বাহিনীর প্রাণহানির কোনো পূর্ণাঙ্গ সরকারি পরিসংখ্যান প্রকাশ করেনি। দুই বছর আগে রসস্ট্যাট বাহ্যিক কারণে মৃত্যুর তথ্য প্রকাশ বন্ধ করে দেয়। এসব তথ্য ব্যবহার করে সামরিক বাহিনীর প্রাণহানির সংখ্যা অনুমান করা যেত।
উদাহরণস্বরূপ, পূর্ব ইউক্রেনের রাশিয়া-অধিকৃত দোনেৎস্ক ও লুহানস্ক অঞ্চল থেকে রুশ সেনাবাহিনীতে যোগ দিয়ে নিহত হওয়া সেনাদের বিবিসি শনাক্ত করা মৃত্যুর মাত্র ৭০ শতাংশ রসস্ট্যাটের তথ্যভান্ডারে পাওয়া গেছে।
প্রায় ৫ লাখ নিহতের সংখ্যা কীভাবে নির্ধারণ করা হলো?
রসস্ট্যাটের তথ্যভান্ডারে নিহত ব্যক্তিদের নাম নেই। তবে বয়স, বসবাসের স্থান, মৃত্যুর স্থান এবং মৃত্যুর পরিস্থিতির তথ্য রয়েছে।
বিবিসি প্রথমে মৃত্যুর স্থান ধরে তথ্য বাছাই করে। এতে ইউক্রেন এবং ইউক্রেনীয় সেনাবাহিনীর অনুপ্রবেশ ঘটেছে এমন রাশিয়ার সীমান্তবর্তী অঞ্চলগুলো রাখা হয়।
এরপর যুদ্ধ-সংশ্লিষ্ট মৃত্যুর কারণ স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে এমন ৪ লাখ ২৫ হাজার ১৭৪টি রেকর্ড শনাক্ত করা হয়। এসব মৃত্যুর কারণের মধ্যে যুদ্ধ চলাকালে বিস্ফোরণ ও গোলার আঘাতের মতো ঘটনা রয়েছে।
এই সংখ্যার মধ্যে বেসামরিক নাগরিকও থাকতে পারেন—এমন আশঙ্কায় নারী এবং ১৮ থেকে ৬৫ বছর বয়সসীমার বাইরে থাকা পুরুষদের বাদ দেওয়া হয়।
রাশিয়া-অধিকৃত ইউক্রেনের চারটি অঞ্চলে বসবাস করতেন এবং সেখানেই মারা গেছেন এমন ব্যক্তিদের সম্ভাব্য বেসামরিক নাগরিক হিসেবে বাদ দেওয়া হয়। তবে তাদের সামরিক বাহিনীতে কাজ করার রেকর্ড থাকলে তাদের রাখা হয়।
কর্মসংস্থানের তথ্য বিশ্লেষণ করে আরও ১৪ হাজার ৯৩টি মৃত্যুর রেকর্ড শনাক্ত করা হয়। এছাড়া ৫১ হাজার ৬৭ জনকে আদালতের রায়ের ভিত্তিতে মৃত হিসেবে নথিভুক্ত করা হয়েছে। সাধারণত কোনো সেনা যুদ্ধক্ষেত্রে ছয় মাসের বেশি নিখোঁজ থাকলে এবং তার মরদেহ উদ্ধার না হলে আদালতের মাধ্যমে তাকে মৃত ঘোষণা করা হতে পারে।
এ ক্ষেত্রেও বেসামরিক নাগরিকদের বাদ দিতে শুধু ইউক্রেন ও রাশিয়ার যুদ্ধাঞ্চলে সংঘটিত মৃত্যুগুলো বিবেচনা করা হয়েছে।
বিবিসি রাশিয়ান ও মিডিয়াজোনার উন্মুক্ত সূত্রভিত্তিক নিজস্ব তালিকায় এখন পর্যন্ত ২ লাখ ৯০ হাজার ১২ জন রুশ সেনার মৃত্যু নিশ্চিত করেছে। সরকারি বিবৃতি, সামাজিক যোগাযোগমাধ্যম, নতুন স্মৃতিস্তম্ভ এবং কবরের তথ্য থেকে এসব মৃত্যু যাচাই করা হয়েছে। তবে সব মৃত্যুর খবর প্রকাশ্যে আসে না বলে প্রকৃত সংখ্যা আরও বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে।
সামগ্রিকভাবে রসস্ট্যাটের ফাঁস হওয়া তথ্য বিবিসির নিজস্ব বিশ্লেষণে উঠে আসা প্রবণতাগুলোকে সমর্থন করে।
যুদ্ধে নিহত রুশ সেনাদের গড় বয়স বেড়েছে
বিবিসি রাশিয়ান ফাঁস হওয়া তথ্য বিশ্লেষণ করে জানিয়েছে, যুদ্ধের প্রথম বছরে নিহত রুশ সেনাদের গড় বয়স ছিল ৩৪ বছর। ২০২৫ সালে কারাবন্দি ও চুক্তিভিত্তিক সেনাদের সামরিক বাহিনীতে অন্তর্ভুক্তির পর এই গড় বয়স বেড়ে ৪০ বছরে দাঁড়িয়েছে। বিবিসির নিজস্ব তালিকা অনুযায়ী, এ গড় বয়স ৩৮ বছর।
রাশিয়ার পূর্ব সাইবেরিয়ার সবচেয়ে দরিদ্র অঞ্চলগুলোর একটি থেকে তুলনামূলকভাবে বেশি সেনা নিহত হয়েছেন। তুভা, বুরিয়াতিয়া ও জাবাইকালস্কি ক্রাই অঞ্চলের পুরুষদের যুদ্ধে নিহত হওয়ার ঝুঁকি মস্কো ও সেন্ট পিটার্সবার্গের বাসিন্দাদের তুলনায় ২০ থেকে ২৫ গুণ বেশি।
রাশিয়ার হয়ে যুদ্ধ করতে গিয়ে নিহত বিদেশির সংখ্যা ৫ হাজারের বেশি
রসস্ট্যাটের ফাঁস হওয়া তথ্য বিশ্লেষণ করে বিবিসি অন্তত ৫ হাজার ১৭ জন বিদেশির মৃত্যুর তথ্য পেয়েছে, যারা রাশিয়ার হয়ে যুদ্ধে অংশ নিয়েছিলেন। তাদের মধ্যে ১ হাজার ৩১ জন উজবেকিস্তানের এবং ৭২০ জন তাজিকিস্তানের নাগরিক।
বেসামরিক নাগরিকদের অন্তর্ভুক্ত হওয়ার ঝুঁকি এড়াতে এই হিসাব থেকে ইউক্রেনীয়দের বাদ দেওয়া হয়েছে।
তবে এটি একটি রক্ষণশীল হিসাব। দ্বৈত নাগরিকত্ব থাকা ব্যক্তিদের তথ্যভান্ডারে রুশ নাগরিক হিসেবে নথিভুক্ত করা হয়েছে। এছাড়া ২০২৪ সালে রাশিয়ায় ইউক্রেনীয় বাহিনীর অনুপ্রবেশ প্রতিহত করতে গিয়ে নিহত উত্তর কোরীয় সেনাদের তথ্যও এতে নেই।
পিয়ংইয়ংয়ে সদ্য নির্মিত একটি স্মৃতিসৌধের স্যাটেলাইট চিত্র এবং সরকারি ছবি বিশ্লেষণ করে বিবিসি ২ হাজার ৩০৪ জন নিহত উত্তর কোরীয় সেনাকে শনাক্ত করেছে।
ফাঁস হওয়া রুশ পরিসংখ্যান অসম্পূর্ণ হতে পারে। তবে বিবিসি রাশিয়ানদের নিজস্ব অনুসন্ধানের সঙ্গে মিলিয়ে এসব তথ্য তাৎপর্যপূর্ণ।
সামরিক বিশেষজ্ঞদের ধারণা, উন্মুক্ত উৎস থেকে বিবিসির নিশ্চিত করা ২ লাখ ৯০ হাজার ১২ জন নিহতের সংখ্যা প্রকৃত মৃত্যুর মাত্র ৪৫ থেকে ৫৫ শতাংশ হতে পারে। সেই হিসাবে রাশিয়ার প্রকৃত সামরিক প্রাণহানি ৫ লাখ ২৭ হাজার ২৯৫ থেকে ৬ লাখ ৪৪ হাজার ৪৭১ জনের মধ্যে হতে পারে।
চার বছর ১০ মাস ধরে চলা এই যুদ্ধে রাশিয়ার প্রাণহানির সংখ্যা অনেক বেশি। ১৯৮৯ সালে শেষ হওয়া সোভিয়েত ইউনিয়নের আফগান যুদ্ধের সঙ্গে তুলনা করলে এই সংখ্যা আরও ভয়াবহ।
আফগানিস্তানে ১০ বছর ধরে চলা যুদ্ধে আনুমানিক ১৫ হাজার সোভিয়েত সেনা নিহত হয়েছিল। পাশাপাশি প্রায় ১০ লাখ বেসামরিক নাগরিক নিহত হওয়ার হিসাব রয়েছে।
ইউক্রেনের প্রাণহানির সংখ্যা সর্বশেষ ২০২৬ সালের জুলাইয়ে প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি প্রায় ৫০ হাজার বলে উল্লেখ করেছিলেন। তবে UA Losses নামের একটি বেনামি ওয়েবসাইটের উন্মুক্ত সূত্রভিত্তিক তালিকায় ইউক্রেনীয় নিহতের সংখ্যা ১ লাখ ১৫ হাজার ৯৫২ বলে উল্লেখ করা হয়েছে।
Source: BBC News Russian