ট্রাম্পের নতুন শুল্কে চীনকে চাপে ফেলে বিশ্ব বাণিজ্যের নিয়ন্ত্রণ নিতে চায় যুক্তরাষ্ট্র

চীনের ওপর নতুন করে শুল্ক বাড়িয়ে দেশটির রপ্তানি ও শিল্প উৎপাদনকে চাপে ফেলতে চাইছে ট্রাম্প প্রশাসন। একই সঙ্গে ইউরোপীয় ইউনিয়ন, জাপান ও দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোকেও চীনা পণ্যের ওপর নির্ভরতা কমাতে এবং নিজেদের বাণিজ্য সুরক্ষা জোরদার করতে চাপ দিচ্ছে ওয়াশিংটন। এতে যুক্তরাষ্ট্র-চীন বাণিজ্য যুদ্ধ নতুন করে তীব্র হওয়ার পাশাপাশি বিশ্বজুড়ে বাণিজ্যিক উত্তেজনা ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে।

Nov 26, 2026 - 11:51
ট্রাম্পের নতুন শুল্কে চীনকে চাপে ফেলে বিশ্ব বাণিজ্যের নিয়ন্ত্রণ নিতে চায় যুক্তরাষ্ট্র
চীনের ওপর নতুন শুল্ক আরোপের মাধ্যমে বৈশ্বিক বাণিজ্যে বেইজিংয়ের প্রভাব কমিয়ে নিজেদের অবস্থান শক্তিশালী করতে চাইছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন।

যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক বৃদ্ধির পদক্ষেপ বেইজিংয়ের সঙ্গে বাণিজ্যিক উত্তেজনা আরও বাড়িয়ে তুলতে পারে। বিশ্বের অন্যতম বৃহৎ উৎপাদনকেন্দ্র চীনকে চাপে ফেলে অন্যান্য দেশের সঙ্গে বাণিজ্য সম্পর্ক নতুনভাবে সাজানোর চেষ্টা করছে ওয়াশিংটন।

নতুন শুল্কগুলো চীনের সঙ্গে চলমান বাণিজ্যিক সমঝোতার সীমার মধ্যেই রাখা হয়েছে। তবে আরও শুল্ক বাড়ানোর সুযোগ রেখে দিয়েছে যুক্তরাষ্ট্র। এতে আগামী মাসে মায়ামিতে দুই দেশের নেতাদের বছরের চতুর্থ বৈঠকের আগে উত্তেজনা বাড়ছে। একই সঙ্গে আগামী ১০ জানুয়ারি দুই দেশের বাণিজ্য চুক্তির মেয়াদ শেষ হওয়ার বিষয়টিও সামনে এসেছে।

ক্যাপিটাল ইকোনমিকসের এশিয়া অঞ্চলের প্রধান অর্থনীতিবিদ মার্ক উইলিয়ামস বলেন, বাণিজ্য যুদ্ধ আবার শুরু হলে যুক্তরাষ্ট্রের জন্য নতুন পদক্ষেপগুলো বাড়তি চাপ প্রয়োগের হাতিয়ার হিসেবে কাজ করবে।

তিনি বলেন, তৃতীয় দেশগুলোর বাণিজ্যসংক্রান্ত প্রতিবেদনে চীনকে বিশেষভাবে গুরুত্ব দেওয়ার বিষয়টি ট্রাম্পের প্রথম মেয়াদের সেই প্রচেষ্টারই পুনরাবৃত্তি, যেখানে অর্থনৈতিক চাপ প্রয়োগ করে অন্য দেশগুলোকে বাণিজ্য সুরক্ষা জোরদার করতে এবং চীন থেকে অর্থনৈতিক নির্ভরতা কমাতে উৎসাহিত করা হয়েছিল।

ট্রাম্প প্রশাসন জানিয়েছে, চীনের ওপর শুল্ক আরও ২০ শতাংশ বাড়ানোর পরিকল্পনা রয়েছে। এর সঙ্গে ট্রাম্পের প্রথম মেয়াদে আরোপিত ২৫ শতাংশ শুল্ক যুক্ত হবে। দুই দেশের নেতারা বাণিজ্যিক বিরতি বা সমঝোতায় এই সীমা নির্ধারণ করেছিলেন। তবে সমঝোতা ভেঙে গেলে দ্বিতীয় মেয়াদে শুল্কের হার ৪০ শতাংশে পৌঁছাতে পারে।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় নতুন শুল্কের প্রতিক্রিয়ায় দেশটির শিল্প ও বাণিজ্যসংক্রান্ত অনিয়মের অভিযোগ প্রত্যাখ্যান করেছে। তবে পাল্টা ব্যবস্থা নেওয়ার কোনো হুমকি দেয়নি।

বিশ্বজুড়ে অতিরিক্ত শিল্প উৎপাদন সক্ষমতা নিয়ে আট মাসের তদন্তের পর এই নতুন শুল্ক আরোপের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইউরোপীয় ইউনিয়ন, জাপান এবং দক্ষিণ-পূর্ব এশিয়ার কয়েকটি দেশের মতো যেসব অর্থনীতির সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য চুক্তি রয়েছে বা চুক্তি নিয়ে আলোচনা চলছে, তাদের ওপরও একই ধরনের চাপ প্রয়োগ করা হচ্ছে।

তবে এই প্রচেষ্টার মূল লক্ষ্য চীন। যুক্তরাষ্ট্রের অভিযোগ, তাদের বাণিজ্যিক অংশীদাররা চীনের মতো প্রতিদ্বন্দ্বী বৈশ্বিক শক্তির কাছ থেকে আমদানি ও বিনিয়োগ কমাতে যথেষ্ট পদক্ষেপ নিচ্ছে না। চীনের বাণিজ্য উদ্বৃত্ত টানা দ্বিতীয় বছরের মতো এক ট্রিলিয়ন ডলার ছাড়িয়ে যাওয়ার পথে রয়েছে।

ভিয়েতনাম নিয়ে যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধির প্রতিবেদনে ২৫০ বারের বেশি চীনের উল্লেখ রয়েছে। ইউরোপীয় ইউনিয়নসংক্রান্ত প্রতিবেদনে চীনের উল্লেখ ৩০০ বারেরও বেশি।

যুক্তরাষ্ট্র-চীন সম্পর্ক কি আবার সংঘাতের দিকে যাচ্ছে?

বিশ্ব বাণিজ্য নতুন করে সাজানোর ট্রাম্পের দ্বিতীয় প্রচেষ্টা শুরু হয়েছে যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট তার ২০২৫ সালের এপ্রিলের ‘লিবারেশন ডে’ শুল্ককে অবৈধ ঘোষণার পর।

ওই শুল্কের মাধ্যমে প্রায় সব বাণিজ্যিক অংশীদারের ওপর শুল্ক বাড়ানো হয়েছিল। তবে চীনই একমাত্র দেশ, যারা পূর্ণ শক্তিতে পাল্টা জবাব দিয়েছিল।

পাল্টাপাল্টি শুল্ক একপর্যায়ে তিন অঙ্কের সংখ্যায় পৌঁছেছিল। পাশাপাশি বিরল খনিজ পরিশোধনে চীনের আধিপত্য কাজে লাগিয়ে দেশটি রপ্তানি নিয়ন্ত্রণ আরোপের মাধ্যমে গাড়ি থেকে শুরু করে প্রতিরক্ষা শিল্প পর্যন্ত বৈশ্বিক বিভিন্ন খাতকে থামিয়ে দেওয়ার সক্ষমতা প্রদর্শন করে।

পরবর্তী সময়ে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে কয়েকটি শীর্ষ বৈঠক সম্পর্ককে কিছুটা স্থিতিশীল করে।

চলতি মাসে ট্রাম্পকে চীনে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। বিমানবন্দরে শি জিনপিং প্রথা ভেঙে তাকে আলিঙ্গন করে স্বাগত জানান। নাচ, অস্ত্রধারী সৈন্যসহ নানা আয়োজন ছিল, যা ট্রাম্প পছন্দ করেন। এই ঘটনাগুলো ইঙ্গিত দিচ্ছে, ২০২৫ সালের মতো বড় ধরনের উত্তেজনা তাৎক্ষণিকভাবে ফিরে আসার সম্ভাবনা কম।

এ সপ্তাহে চীন যুক্তরাষ্ট্রের জন্য বিরল খনিজ রপ্তানির ওপর নিয়ন্ত্রণ স্থগিত রাখার মেয়াদ বাড়িয়েছে। অন্যদিকে, চায়না সাউদার্ন এয়ারলাইন্সের সহযোগী প্রতিষ্ঠান শিয়ামেন এয়ারলাইন্স ৫০টি বোয়িং ৭৩৭ ম্যাক্স ৮ উড়োজাহাজ কেনার চুক্তি করেছে। এসব পদক্ষেপ ইঙ্গিত দিচ্ছে, দুই দেশের বাণিজ্যিক সমঝোতা এখনো টিকে আছে।

আরও শুল্ক বাড়ানোর সুযোগ যুক্তরাষ্ট্রকে বাড়তি দর-কষাকষির ক্ষমতা দিলেও মূল্যস্ফীতির প্রভাব নিয়ে ওয়াশিংটন সতর্ক থাকবে। চলতি মাসে কংগ্রেসের মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের রিপাবলিকান পার্টির বড় পরাজয়ের পেছনে ভোটারদের জীবনযাত্রার ব্যয় অন্যতম উদ্বেগ হিসেবে উঠে এসেছে।

সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটির গবেষক চেন বো বলেন, চীন অবশ্যই যুক্তরাষ্ট্রের সঙ্গে আরেকটি বাণিজ্য যুদ্ধ চায় না। যুক্তরাষ্ট্রও সম্ভবত তা চায় না।

তিনি বলেন, দুই পক্ষই একটি সমঝোতায় পৌঁছাতে চায়।

চীন ও অন্যান্য বাণিজ্যিক অংশীদারের মধ্যে উত্তেজনা কি বাড়বে?

‘লিবারেশন ডে’র পর দেখা গেছে, ওয়াশিংটন যখন চীনের ওপর শুল্ক বাড়ায়—সাম্প্রতিক পদক্ষেপে তা প্রায় ৭ দশমিক ৫ শতাংশ পয়েন্ট বেড়েছে—তখন বেইজিংয়ের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য ঘাটতি কমে। কিন্তু একই সময়ে অন্যান্য দেশের সঙ্গে চীনের বাণিজ্য ঘাটতি বেড়ে যায়।

এতে বিভিন্ন দেশের সরকার নিজেদের শিল্প ও কর্মসংস্থান রক্ষায় পদক্ষেপ নিতে বাধ্য হচ্ছে। কারণ চীনের অর্থনীতি বিশ্ববাজারে চাহিদা তৈরির তুলনায় পণ্য সরবরাহে বেশি অবদান রাখছে।

বেইজিংয়ের সমালোচকদের মতে, চীনের দুর্বল অভ্যন্তরীণ ভোগব্যয় এবং ক্রমবর্ধমান রপ্তানিনির্ভরতা দেশটির অর্থনৈতিক প্রবৃদ্ধিকে অন্য দেশের ক্ষতির বিনিময়ে এগিয়ে নিচ্ছে।

ম্যাককোয়ারি ক্যাপিটালের বৈশ্বিক কৌশলবিদ ভিক্টর শভেটস বলেন, চীনের অর্থনীতি পুনর্গঠনে ব্যর্থতা বিশ্ব বাণিজ্য উত্তেজনার আরও বড় কারণ হয়ে উঠবে—যুক্তরাষ্ট্রের অসংগতিপূর্ণ বাণিজ্যনীতির ওঠানামার চেয়েও বেশি।

তিনি বলেন, বর্তমানে চীনের বাণিজ্য ভারসাম্যহীনতার সবচেয়ে বড় চাপ ইউরোপীয় ইউনিয়নের ওপর পড়ছে। তবে অন্য দেশগুলোকেও একই পরিস্থিতির মুখোমুখি হতে হবে।

তার মতে, ভবিষ্যতে শুল্ক ও শুল্কবহির্ভূত বাণিজ্যিক বিধিনিষেধ—দুটিই বহুগুণে বাড়বে।

এ বছর বেইজিংকে ইউরোপীয় ইউনিয়নের কিছু চীনা গাড়ি আমদানির ক্ষেত্রে কোটা মেনে নিতে রাজি করিয়েছে ব্রাসেলস। এখন আরও বাণিজ্যিক পদক্ষেপ নেওয়ার পরিকল্পনা করছে ইইউ।

গবেষণা প্রতিষ্ঠান প্লেনামের অংশীদার বো ঝেংইউয়ান বলেন, ইউরোপীয় ইউনিয়নের এই চুক্তি প্রমাণ করে যে চীন সব বাণিজ্যিক ক্ষেত্রে একই সঙ্গে কঠোর অবস্থান ধরে রাখতে পারে না। ভবিষ্যতেও এ ধরনের সমঝোতা হতে পারে।

তিনি বলেন, বাণিজ্যের ক্ষেত্রে চীন সব সময় নিজের ইচ্ছা পূরণ করতে পারেনি। অংশীদার দেশগুলোর সঙ্গে সমঝোতায় পৌঁছাতে বেইজিংকে এখনো কিছু ছাড় দিতে হবে।

সূত্র: Reuters