এআই-নির্ভর আলফা স্কুলের সঙ্গে যুক্ত টেক্সাস স্পোর্টস একাডেমিই রাজ্যের সবচেয়ে বড় ভাউচার সুবিধাভোগী
টেক্সাসের নতুন স্কুল ভাউচার কর্মসূচি থেকে এখন পর্যন্ত সবচেয়ে বেশি অর্থ পেয়েছে টেক্সাস স্পোর্টস একাডেমি—৬৫ লাখ ডলার। এআই প্রযুক্তির সহায়তায় শিক্ষার্থীদের দিনে মাত্র দুই ঘণ্টা মূল একাডেমিক পড়াশোনা করানো হয় প্রতিষ্ঠানটিতে; বাকি সময় কাটে খেলাধুলা ও শারীরিক প্রশিক্ষণে। রাজ্যের শিক্ষা বোর্ড গত বছর আলফা স্কুলের চার্টার স্কুল খোলার প্রস্তাব প্রত্যাখ্যান করলেও প্রতিষ্ঠানটির সঙ্গে সংশ্লিষ্ট এই একাডেমি ভাউচার কর্মসূচির বড় সুবিধাভোগী হয়ে উঠেছে।
আলফা স্কুলের চার্টার স্কুলের প্রস্তাব প্রত্যাখ্যান করেছিল শিক্ষা বোর্ড
এই তথ্য প্রকাশের এক বছরের কিছু বেশি সময় আগে টেক্সাসের স্টেট বোর্ড অব এডুকেশন ১০-৩ ভোটে আলফা স্কুলের নেতাদের একটি সরকারি অর্থায়নে পরিচালিত চার্টার স্কুল খোলার প্রস্তাব প্রত্যাখ্যান করেছিল।
এআই ব্যবহার করে শিক্ষাদান, শিক্ষার্থীদের স্ক্রিনের সামনে অতিরিক্ত সময় কাটানো এবং আলফা স্কুলের নেতাদের উপস্থাপিত পরীক্ষার ফলাফলে বড় ধরনের উন্নতি—এসব বিষয় নিয়ে বোর্ড সদস্যরা উদ্বেগ প্রকাশ করেছিলেন।
টেক্সাস স্পোর্টস একাডেমি নিজেদের ‘গুরুতরভাবে খেলাধুলায় যুক্ত শিক্ষার্থীদের জন্য নির্মিত অভিজাত ক্রীড়া একাডেমি’ হিসেবে পরিচয় দেয়। রাজ্যজুড়ে প্রতিষ্ঠানটির একাধিক স্কুল ও একটি ভার্চ্যুয়াল ক্যাম্পাস রয়েছে। যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্থানে আলফা স্কুলের সঙ্গে সংশ্লিষ্ট বহু প্রতিষ্ঠানের মধ্যে এটিও একটি।
তবে স্টেট বোর্ড অব এডুকেশনের (এসবিওই) কাছে আলফা স্কুলের প্রস্তাব প্রত্যাখ্যাত হলেও ভাউচার কর্মসূচিতে অংশগ্রহণে কোনো বাধা তৈরি হয়নি। এই কর্মসূচির আওতায় পরিবারগুলো বেসরকারি স্কুলে পড়াশোনা কিংবা বাড়িতে শিক্ষাদানের জন্য সরকারি অর্থ পেতে পারে।
দ্য টেক্সাস ট্রিবিউন ও প্রোপাবলিকার এক অনুসন্ধানে দেখা গেছে, গত সেপ্টেম্বর নাগাদ টেক্সাসে আলফা স্কুলের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা প্রায় চার গুণ বেড়ে ৩০টির বেশি হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ভার্চ্যুয়াল ও সরাসরি পাঠদান—দুই ধরনের ক্যাম্পাসই রয়েছে। অধিকাংশ প্রতিষ্ঠান ভাউচার কর্মসূচিতে অংশগ্রহণের অনুমোদন পেয়েছে।
দিনে দুই ঘণ্টা এআইয়ের মাধ্যমে পড়াশোনা, বাকি সময় খেলাধুলা
আলফা স্কুলের শিক্ষা মডেলে শিক্ষার্থীরা এআই সফটওয়্যারের মাধ্যমে প্রতিদিন দুই ঘণ্টায় অনলাইনে মূল একাডেমিক বিষয়গুলো সম্পন্ন করে।
টেক্সাসের শিক্ষা কমিশনার মাইক মরাথ এবং তাঁর সংস্থা চলতি বছর অন্তত তিনটি সরকারি স্কুল জেলায় এই প্রযুক্তি ব্যবহারের সুযোগ করে দিতে সহায়তা করেছে।
টেক্সাস স্পোর্টস একাডেমির ওয়েবসাইটে বলা হয়েছে, তাদের এআই টিউটর শিক্ষার্থীদের প্রতিটি পাঠ সম্পন্ন করতে নির্দেশনা দেয়। প্রতিষ্ঠানটির দাবি, এর ফলে দিনের বাকি সময় খেলাধুলার প্রশিক্ষণ, জীবনদক্ষতা অর্জন, ব্যক্তিগত আগ্রহের চর্চা এবং শৈশব উপভোগের জন্য উন্মুক্ত থাকে।
শিক্ষার্থীদের একটি নমুনা সময়সূচি অনুযায়ী, কয়েক ঘণ্টার একাডেমিক পড়াশোনার পর দিনের বাকি সময় বিভিন্ন ক্রীড়া ক্লাসে কাটে। এসবের মধ্যে রয়েছে ফুটবল প্রশিক্ষণ, গতি ও ক্ষিপ্রতা বাড়ানোর অনুশীলন এবং শক্তি বৃদ্ধির প্রশিক্ষণ।
শুক্রবার বিকেল ৩টা ৩০ মিনিটে এক ঘণ্টা সময় রাখা যেতে পারে এনবিএর (ন্যাশনাল বাস্কেটবল অ্যাসোসিয়েশন) খেলা একসঙ্গে দেখার আয়োজনের জন্যও।
ভাউচারের অর্থ পাচ্ছে আরও যেসব প্রতিষ্ঠান
টেক্সাসের বিদায়ী কম্পট্রোলার ডন হাফিনস শুক্রবার জানিয়েছেন, তাঁর কার্যালয় ভাউচার কর্মসূচির অর্থ বিতরণের অনলাইন ড্যাশবোর্ডটি আরও সম্প্রসারণের কাজ করছে।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে হাফিনস বলেন, এই সম্প্রসারণের উদ্দেশ্য হলো শিক্ষার্থী ও পরিবারের ব্যক্তিগত তথ্যের সুরক্ষা বজায় রেখেই টেক্সাস এডুকেশন ফ্রিডম অ্যাকাউন্টস (টিইএফএ) কর্মসূচির অর্থ কীভাবে ব্যয় হচ্ছে, সে বিষয়ে আরও স্বচ্ছ ধারণা দেওয়া।
টেক্সাস স্পোর্টস একাডেমির পর ভাউচার কর্মসূচির বড় সুবিধাভোগীদের মধ্যে রয়েছে:
-
ফার্স্ট ব্যাপটিস্ট একাডেমি: প্রায় ২০ লাখ ডলার।
-
ইয়েশিভা তোরাত এমেট: হিউস্টনের একটি ইহুদি স্কুল, পেয়েছে প্রায় ১৬ লাখ ডলার।
-
দ্য ক্রিশ্চিয়ান স্কুল অ্যাট ক্যাসল হিলস: পেয়েছে ১৫ লাখ ডলারের কিছু বেশি।
বেসরকারি স্কুলে প্রায় ১০ হাজার ৫০০ ডলার পর্যন্ত সহায়তা
গভর্নর গ্রেগ অ্যাবটের নেতৃত্বে টেক্সাসের আইনপ্রণেতারা ২০২৫ সালে ভাউচার কর্মসূচিটি অনুমোদন করেন।
এই কর্মসূচির আওতায় পরিবারগুলো সন্তানদের বেসরকারি স্কুলের টিউশন ফি পরিশোধে সরকারি অর্থ পায়। এ ক্ষেত্রে শিক্ষার্থীপ্রতি সহায়তার পরিমাণ প্রায় ১০ হাজার ৫০০ ডলার। বাড়িতে শিক্ষাদানের ব্যয়ের জন্য পরিবারগুলো সর্বোচ্চ ২ হাজার ডলার পর্যন্ত পেতে পারে।
এ ছাড়া বেসরকারি টিউটরিং ও শিক্ষা উপকরণ কেনার মতো বিভিন্ন অনুমোদিত শিক্ষাসংক্রান্ত ব্যয়ও এই কর্মসূচির আওতায় রয়েছে।
কম্পট্রোলারের ড্যাশবোর্ড অনুযায়ী, বেসরকারি বিক্রেতাদের মধ্যে সবচেয়ে বেশি অর্থ পেয়েছে অ্যামাজন—মোট ১ কোটি ২৩ লাখ ডলার। দ্বিতীয় অবস্থানে থাকা রেইনবো রিসোর্স সেন্টার ইনকরপোরেশন পেয়েছে ২৩ লাখ ডলার।
প্রতিবেদন তৈরিতে লেক্সি চার্চিল সহযোগিতা করেছেন।
স্বার্থ-সংশ্লিষ্টতার ঘোষণা: গত পাঁচ বছরে অ্যামাজন দ্য টেক্সাস ট্রিবিউনকে আর্থিক সহায়তা দিয়েছে। দ্য টেক্সাস ট্রিবিউন একটি অলাভজনক ও নির্দলীয় সংবাদমাধ্যম, যা সদস্য, ফাউন্ডেশন এবং করপোরেট পৃষ্ঠপোষকদের অনুদানের মাধ্যমে আংশিকভাবে পরিচালিত হয়। সংবাদমাধ্যমটির দাবি, আর্থিক সহায়তাকারীরা তাদের সাংবাদিকতার কাজে কোনো ভূমিকা রাখেন না।
সূত্র: দ্য টেক্সাস ট্রিবিউন