অতিরিক্ত শিল্প উৎপাদন সক্ষমতা নিয়ে তদন্তের পর নতুন শুল্ক আরোপ করতে যাচ্ছে ট্রাম্প প্রশাসন

যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসন ১৬টি প্রধান বাণিজ্যিক অংশীদারের অতিরিক্ত শিল্প উৎপাদন সক্ষমতা নিয়ে তদন্তের ফল প্রকাশ করে নতুন আমদানি শুল্ক আরোপের উদ্যোগ নিয়েছে। প্রস্তাবিত শুল্ক বিদ্যমান শুল্কের সঙ্গে যুক্ত হবে এবং দেশভেদে হার ভিন্ন হতে পারে। এতে চীনা পণ্যের ওপর শুল্ক আরও বাড়তে পারে, যা যুক্তরাষ্ট্র-চীন বাণিজ্য সমঝোতাকে জটিল করে তুলতে পারে। বাংলাদেশসহ বিভিন্ন দেশের রপ্তানিতেও এর প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে।

Nov 25, 2026 - 11:23
অতিরিক্ত শিল্প উৎপাদন সক্ষমতা নিয়ে তদন্তের পর নতুন শুল্ক আরোপ করতে যাচ্ছে ট্রাম্প প্রশাসন
শুল্ক-বাণিজ্য যুদ্ধের ছায়ায় বন্দরে কনটেইনার জাহাজ (প্রতীকী ছবি / এআই চিত্র)

অতিরিক্ত শিল্প উৎপাদন সক্ষমতা মোকাবিলায় ১৬টি প্রধান বাণিজ্যিক অংশীদারের বিরুদ্ধে পরিচালিত তদন্তের ফল প্রকাশ করতে যাচ্ছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। এ তদন্তের ভিত্তিতে বিভিন্ন পণ্যের ওপর নতুন আমদানি শুল্ক আরোপ করা হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

মঙ্গলবার এ বিষয়ে অবগত তিন ব্যক্তি জানান, তদন্তের ফল মঙ্গলবার বিকেলেই প্রকাশ করা হতে পারে। যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি (USTR) দপ্তর ইতোমধ্যে ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে আরোপিত শুল্কের সঙ্গে নতুন শুল্ক যুক্ত করার প্রস্তাব দিতে পারে।

নতুন শুল্কগুলো ফেব্রুয়ারিতে মার্কিন সুপ্রিম কোর্টের বাতিল করা শুল্কের আংশিক বিকল্প হিসেবে কার্যকর হতে পারে। ট্রাম্প প্রশাসনের আরোপিত শুল্ক যুক্তরাষ্ট্রে ভোগ্যপণ্যের দাম বৃদ্ধিতে আংশিক ভূমিকা রেখেছে। নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের পর পরিচালিত রয়টার্স/ইপসোস জনমত জরিপে ৬২ শতাংশ উত্তরদাতা শুল্ক প্রত্যাহারের উদ্যোগকে সমর্থন করেছেন।

দেশভেদে নির্ধারিত হতে পারে শুল্কের হার

প্রস্তাবিত শুল্কের হার এখনো স্পষ্ট নয়। তবে একটি সূত্র জানিয়েছে, দেশভেদে শুল্কের হার আলাদাভাবে নির্ধারণ করা হবে। মেক্সিকো ও নরওয়ের পণ্যের ওপর তাৎক্ষণিকভাবে কোনো নতুন শুল্ক আরোপের সম্ভাবনা কম।

১৯৭৪ সালের ট্রেড অ্যাক্টের ৩০১ ধারার (Section 301) আওতায় যুক্তরাষ্ট্রের বৃহত্তম বাণিজ্যিক অংশীদারদের অধিকাংশের বিরুদ্ধে অতিরিক্ত শিল্প উৎপাদন সক্ষমতার অভিযোগ তদন্ত করছে USTR।

একটি সূত্র জানিয়েছে, বিভিন্ন দেশের সঙ্গে চূড়ান্ত হওয়া বাণিজ্য চুক্তিতে নির্ধারিত সর্বোচ্চ শুল্কসীমা (Tariff Cap) বহাল রাখবে হোয়াইট হাউস। ইউরোপীয় ইউনিয়ন, জাপান ও দক্ষিণ কোরিয়ার পণ্যে সর্বোচ্চ ১৫ শতাংশ এবং মালয়েশিয়ার পণ্যে ১৯ শতাংশ শুল্কসীমা বজায় রাখার কথা রয়েছে।

চীনা পণ্যের ক্ষেত্রে ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের শুল্ক সর্বোচ্চ ২০ শতাংশে সীমাবদ্ধ রাখার বিষয়টিও বহাল থাকতে পারে, যদি আগামী ১০ জানুয়ারি মেয়াদ শেষ হতে যাওয়া বাণিজ্যিক যুদ্ধবিরতি বাড়ানো হয়। যুদ্ধবিরতি শেষ হলে চীনের অতিরিক্ত উৎপাদন সক্ষমতার সঙ্গে সম্পর্কিত শুল্ক আরও বাড়তে পারে।

নতুন শুল্ক আরোপের বিষয়ে রয়টার্সের প্রশ্নের জবাব দেয়নি যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি দপ্তর ও হোয়াইট হাউস।

সাবেক মার্কিন বাণিজ্য বিভাগের জ্যেষ্ঠ কর্মকর্তা রায়ান মাজেরাস বলেন, তদন্তের প্রতিবেদনটি দীর্ঘ হতে পারে এবং ১৬টি বাণিজ্যিক অংশীদারের জন্য পৃথক শুল্ক ব্যবস্থা প্রস্তাব করা হতে পারে।

কিং অ্যান্ড স্প্যালডিং আইন প্রতিষ্ঠানের অংশীদার মাজেরাসের মতে, অতিরিক্ত উৎপাদন সক্ষমতা রয়েছে বলে বিবেচিত দেশগুলোর বিভিন্ন খাত থেকে আমদানি করা পণ্যের ওপর ১৫ থেকে ২৫ শতাংশ পর্যন্ত উচ্চ শুল্ক আরোপের প্রস্তাব দিতে পারে প্রশাসন। এসব শুল্ক শ্রমিকদের জোরপূর্বক কাজে নিয়োজিত করার বিরুদ্ধে আইন দুর্বলভাবে বাস্তবায়নের অভিযোগে পৃথক তদন্তের আওতায় আগে আরোপিত ১০ শতাংশ বা ১২.৫ শতাংশ শুল্কের সঙ্গে যুক্ত হতে পারে।

তবে দেশগুলো অতিরিক্ত উৎপাদন কমাতে পদক্ষেপ না নিলে ধীরে ধীরে শুল্ক বাড়বে—এমন শর্তযুক্ত ব্যবস্থার মাধ্যমে তুলনামূলক কম শুল্ক আরোপের প্রস্তাবও আসতে পারে বলে তিনি জানান।

নতুন শুল্কের আওতায় যেসব দেশ

তদন্তের আওতায় রয়েছে চীন, ভারত, জাপান, দক্ষিণ কোরিয়া, মেক্সিকো, ভিয়েতনাম, তাইওয়ান, থাইল্যান্ড, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, সুইজারল্যান্ড, নরওয়ে, সিঙ্গাপুর, বাংলাদেশ, কম্বোডিয়া এবং ইউরোপীয় ইউনিয়ন।

এর আগে ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছিল, তদন্তের ফল চলতি সপ্তাহেই প্রকাশ করা হতে পারে।

মার্চে USTR অতিরিক্ত উৎপাদন সক্ষমতা নিয়ে তদন্ত শুরু করে। একই সময়ে ৫৯টি দেশ ও ইউরোপীয় ইউনিয়নে জোরপূর্বক শ্রমবিরোধী আইন দুর্বলভাবে বাস্তবায়নের অভিযোগে পৃথক তদন্ত শুরু করা হয়। এই দুই তদন্তের আওতায় শুল্ক আরোপের উদ্যোগের লক্ষ্য হলো ট্রাম্পের বৈশ্বিক ‘লিবারেশন ডে’ শুল্কব্যবস্থা পুনর্গঠন করা, যা ফেব্রুয়ারিতে মার্কিন সুপ্রিম কোর্ট বাতিল করেছিল।

ট্রাম্প প্রশাসন অতিরিক্ত শিল্প উৎপাদন সক্ষমতার সবচেয়ে বড় উৎস হিসেবে চীনকে চিহ্নিত করেছে। যুক্তরাষ্ট্রের অভিযোগ, চীন ইস্পাত, অ্যালুমিনিয়াম, বৈদ্যুতিক গাড়ি, গৃহস্থালি যন্ত্রপাতি, সৌরপণ্যসহ বিভিন্ন পণ্য দিয়ে বিশ্ববাজার সয়লাব করছে। তবে চীন এ অভিযোগ প্রত্যাখ্যান করে বলেছে, তাদের রপ্তানি প্রতিযোগিতামূলক সক্ষমতার ফল।

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোতে চীনা বিনিয়োগের বিষয়টিও এ তদন্তের আওতায় রয়েছে। যুক্তরাষ্ট্রের অভিযোগ, ভিয়েতনাম, ইন্দোনেশিয়া ও কম্বোডির মতো দেশে উৎপাদন কার্যক্রম স্থানান্তরের মাধ্যমে চীন বিদ্যমান মার্কিন শুল্ক এড়িয়ে দেশটির বাজারে পণ্য প্রবেশ করাচ্ছে।

১০ জানুয়ারি মেয়াদ শেষ হতে যাওয়া যুক্তরাষ্ট্র-চীন বাণিজ্যিক যুদ্ধবিরতি অনুযায়ী, চীনা পণ্যের ওপর ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের শুল্ক ২০ শতাংশে সীমাবদ্ধ রাখা হয়েছে। এর বাইরে ট্রাম্পের প্রথম মেয়াদে শিল্পপণ্যের ওপর আরোপিত প্রায় ২৫ শতাংশ শুল্কও বহাল রয়েছে।

যুক্তরাষ্ট্র ইতোমধ্যে চীনা পণ্যের ওপর জোরপূর্বক শ্রমসংক্রান্ত ১২.৫ শতাংশ শুল্ক আরোপ করেছে। ফলে ২০ শতাংশের নির্ধারিত সীমায় পৌঁছাতে আরও ৭.৫ শতাংশ শুল্ক বৃদ্ধির সুযোগ রয়েছে।

এদিকে, যুক্তরাষ্ট্র ও চীন উভয় পক্ষের ৩০ বিলিয়ন ডলার মূল্যের অ-কৌশলগত আমদানি পণ্যের ওপর শুল্ক কমানোর বিষয়েও আলোচনা করছে।

সূত্র: Reuters · The Business Standard (TBS)