রাজশাহীতে সাবেক পুঠিয়া উপজেলা চেয়ারম্যানের বাড়িতে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ
রাজশাহীর পুঠিয়ায় নিষিদ্ধ কার্যক্রমের আওতায় থাকা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান আবদুস সামাদের বাড়িতে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বুধবার (২৫ নভেম্বর) ভোরে এ হামলায় পরিবারের তিন সদস্যকে অস্ত্রের মুখে জিম্মি করার অভিযোগ উঠেছে। বাড়ি থেকে ৩০ হাজার টাকা ও ১০ ভরি স্বর্ণালংকার লুটের অভিযোগও করেছেন তার স্ত্রী। আগুনে আসবাবপত্র, মোটরসাইকেল ও অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্র ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রতিবেশীরা আগুন নিয়ন্ত্রণে আনেন।
রাজশাহীর পুঠিয়া উপজেলায় সাবেক উপজেলা চেয়ারম্যান ও কার্যক্রম নিষিদ্ধ রাজশাহী জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবদুস সামাদের বাড়িতে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
বুধবার (২৫ নভেম্বর) ভোর আনুমানিক ৩টার দিকে উপজেলার বানেশ্বর ইউনিয়নের বিরালদহ নয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
একাধিক নাশকতা ও রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের মামলায় আবদুস সামাদ বর্তমানে ঢাকার কেন্দ্রীয় কারাগারে আটক রয়েছেন।
তার স্ত্রী রুনা বেগম অভিযোগ করেন, গভীর রাতে একদল লোক বাড়িতে এসে গেটের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। এরপর অস্ত্রের মুখে পরিবারের তিন সদস্যকে জিম্মি করে ভাঙচুর ও লুটপাট চালায়।
তারা চিৎকার শুরু করলে প্রতিবেশীরা ছুটে আসেন। এ সময় হামলাকারীরা বাড়িতে আগুন ধরিয়ে পালিয়ে যায় বলে জানান তিনি।
আগুনে বাড়ির আসবাবপত্র, একটি মোটরসাইকেল ও অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্র ক্ষতিগ্রস্ত হয়েছে। পরে প্রতিবেশীরা আগুন নিয়ন্ত্রণে আনেন।
রুনা বেগম আরও অভিযোগ করেন, হামলাকারীরা বাড়ি থেকে ৩০ হাজার টাকা নগদ অর্থ ও ১০ ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে গেছে।
এদিকে, বুধবার সকাল ১০টার দিকে পুঠিয়া-দুর্গাপুর আসনের সংসদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম মণ্ডল, উপজেলা নির্বাহী কর্মকর্তা লিয়াকত সালমান এবং পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরিদুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন।
পুঠিয়া থানার ওসি ফরিদুল ইসলাম জানান, ঘটনাস্থল পরিদর্শন করে তথ্য সংগ্রহ করা হয়েছে এবং বিষয়টি তদন্তাধীন রয়েছে।
ভুক্তভোগীদের আইনগত ব্যবস্থা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। তবে প্রতিবেদন লেখা পর্যন্ত কোনো মামলা দায়ের করা হয়নি।
সূত্র: The Business Standard (TBS