পোল্যান্ডে রুশ ক্ষেপণাস্ত্র হামলা, কী প্রতিক্রিয়া জানাবে ন্যাটো?
ন্যাটো সদস্য পোল্যান্ডের ভূখণ্ডে রুশ ক্ষেপণাস্ত্র ও ড্রোন আঘাত হানার পর ইউরোপজুড়ে নিরাপত্তা উদ্বেগ বাড়ছে। রাশিয়ার ধারাবাহিক নাশকতা, হত্যাচেষ্টা, আকাশসীমা লঙ্ঘন ও সাম্প্রতিক হামলার প্রেক্ষাপটে ন্যাটো নেতারা ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিসহ বৈঠকে বসছেন। রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ইউরোপের অন্য দেশগুলোতেও ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হওয়ায় মস্কোর বিরুদ্ধে জোটগত কী পদক্ষেপ নেওয়া হবে, তা নিয়ে আলোচনা চলছে।
রাশিয়ার ন্যাটো সদস্য পোল্যান্ডকে লক্ষ্য করে প্রায় প্রতিদিনই চালানো বিভিন্ন উসকানিমূলক কর্মকাণ্ড—নাশকতা, হত্যার ষড়যন্ত্র, আকাশসীমা লঙ্ঘন এবং সর্বশেষ পোল্যান্ডের ভূখণ্ডে রুশ ক্ষেপণাস্ত্র আঘাত হানার ঘটনা—যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় নেতাদের উদ্বিগ্ন করে তুলেছে। তারা ভাবছেন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ইউক্রেন যুদ্ধ কি ইউরোপের বাকি অংশেও ছড়িয়ে পড়ার দ্বারপ্রান্তে?
ন্যাটোর নেতারা এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সোমবার ব্রাসেলসে বৈঠকে বসছেন। ইউক্রেন ন্যাটোর সদস্য না হলেও, ৩২ সদস্যের এই সামরিক জোট রাশিয়ার সর্বশেষ উসকানিমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে কীভাবে সম্মিলিতভাবে প্রতিক্রিয়া জানাতে পারে, তা নিয়ে বৈঠকে আলোচনা হবে। শুক্রবার পোল্যান্ডে দুটি ক্ষেপণাস্ত্র ও একটি ড্রোন নিক্ষেপের ঘটনাও আলোচনার কেন্দ্রে থাকবে।
শুক্রবারের ঘটনাটি পোল্যান্ডের ভেতরে অনুষ্ঠিত ন্যাটোর সামরিক মহড়ার প্রতিক্রিয়ায় ক্রেমলিন পরিকল্পিতভাবে ঘটিয়েছে বলে ধারণা করা হচ্ছে। একটি রুশ ক্ষেপণাস্ত্র মহড়াস্থল থেকে প্রায় ২২ মাইল দূরে বিধ্বস্ত হয়েছে বলে মনে করা হচ্ছে।
অন্য একটি ক্ষেপণাস্ত্র—খ-১০১ (Kh-101) ক্রুজ ক্ষেপণাস্ত্র—ইউক্রেনের সীমান্ত থেকে ৩০ মাইল দূরে আঘাত হানে। এ ছাড়া কর্মকর্তাদের ধারণা, জেট ইঞ্জিনচালিত একটি ড্রোন পোল্যান্ডের সীমান্তের প্রায় ২০ মাইল ভেতরে আঘাত হেনেছে।
সূত্র: The Washington Times