প্রস্তাবিত অভিবাসন আইনে H-1B কর্মীদের সন্তানদের গ্রিন কার্ড পাওয়ার সুযোগ
যুক্তরাষ্ট্রে H-1B ভিসায় কর্মরত ভারতীয় কর্মীদের সন্তানদের স্থায়ীভাবে বসবাসের অনুমতি বা গ্রিন কার্ড পাওয়ার পথ তৈরি হতে পারে প্রস্তাবিত American Dream and Promise Act of 2025 আইনের মাধ্যমে। প্রস্তাবিত আইনটি দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রে বসবাসকারী অভিবাসী পরিবারের সন্তানদের স্থায়ী বসবাসের ক্ষেত্রে অনিশ্চয়তা দূর করার উদ্যোগের অংশ। আইনটি পাস হলে নির্দিষ্ট শর্ত পূরণকারী সন্তানরা যুক্তরাষ্ট্রে স্থায়ী বসবাসের সুযোগ পেতে পারে।
যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের ডেমোক্র্যাট নেতা হাকিম জেফ্রিস বুধবার American Dream and Promise Act of 2025 আইনটি এগিয়ে নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি বলেন, কংগ্রেসের বর্তমান অধিবেশনেই অথবা পরবর্তী কংগ্রেসের শুরুর দিকে এ আইন নিয়ে আলোচনা ও পদক্ষেপ নেওয়া উচিত।
প্রস্তাবিত বিলটিতে শৈশবে যুক্তরাষ্ট্রে আসা নির্দিষ্ট কিছু অভিবাসীর বৈধ স্থায়ী বসবাসের সুযোগ তৈরির কথা বলা হয়েছে। এর আওতায় এইচ-১বি, এল-১, ই-১ ও ই-২ ভিসায় যুক্তরাষ্ট্রে আসা বিদেশি কর্মীদের যোগ্য সন্তানরাও অন্তর্ভুক্ত হতে পারেন।
টেক্সাসের প্রতিনিধি সিলভিয়া গার্সিয়া বিলটি নিয়ে প্রতিনিধি পরিষদে ভোট বাধ্যতামূলক করার উদ্যোগ নিয়েছেন বলে উল্লেখ করেন জেফ্রিস।
এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, “আমি নিশ্চয়তা দিতে পারি, যদি এটি না ঘটে, তাহলে পরবর্তী কংগ্রেসের শুরুতেই আমরা ড্রিম অ্যান্ড প্রমিজ অ্যাক্ট সামনে আনব।”
সম্ভাব্য অভিবাসন চুক্তি নিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কথা হয়েছে কি না, জানতে চাইলে জেফ্রিস বলেন, “এখনো প্রেসিডেন্টের কাছ থেকে কোনো কথা শুনিনি।”
তিনি বিলটিকে বৃহত্তর অভিবাসন সংস্কারের সূচনা হিসেবে বর্ণনা করেন। তাঁর ভাষায়, “আমাদের ড্রিম অ্যান্ড প্রমিজ অ্যাক্ট দিয়ে শুরু করা উচিত, তবে এটিই শুরু—শেষ নয়।”
এই বিল এইচ-১বি কর্মীদের সন্তানদের জন্য কেন গুরুত্বপূর্ণ?
বর্তমান অভিবাসন নিয়ম অনুযায়ী, সন্তানরা সাধারণত ২১ বছর বয়সে নির্ভরশীল হিসেবে তাদের অভিবাসন মর্যাদা হারায়। এই পরিস্থিতিকে Ageing Out বলা হয়।
বিশেষ করে ভারতীয় পেশাজীবীদের সন্তানরা এ সমস্যায় বেশি পড়েন। তাঁদের বাবা-মা কর্মসংস্থানভিত্তিক গ্রিন কার্ডের জন্য অপেক্ষা করতে থাকেন। দীর্ঘ আবেদনজটের কারণে অনেক সময় সন্তানদের ২১ বছর হওয়ার আগেই বাবা-মায়ের স্থায়ী বসবাসের অনুমতি পাওয়া সম্ভব হয় না।
এই তরুণদের অনেকেই যুক্তরাষ্ট্রে প্রায় পুরো জীবন কাটিয়েছেন, দেশটির স্কুল ও বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন এবং অস্থায়ী বিদেশি কর্মীদের নির্ভরশীল হিসেবে বেড়ে উঠেছেন। তাঁদের Documented Dreamers নামে পরিচিত।
প্রস্তাবিত আইনের ১০২ নম্বর ধারা অনুযায়ী, ই-১, ই-২, এইচ-১বি ও এল-১ ভিসায় যুক্তরাষ্ট্রে প্রবেশকারী ব্যক্তিদের যোগ্য ছেলে-মেয়েরাও এই সুযোগের আওতায় আসতে পারেন।
প্রস্তাবিত আইনের যোগ্যতার শর্ত কী?
বিলের ড্রিম অ্যাক্ট (Dream Act) অংশ অনুযায়ী, যোগ্য আবেদনকারীরা ১০ বছরের জন্য শর্তসাপেক্ষ স্থায়ী বসবাসের মর্যাদা পেতে পারেন। প্রস্তাবিত শর্তগুলো হলো—
-
১৮ বছর বা তার কম বয়সে যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে হবে।
-
১ জানুয়ারি ২০২১ থেকে যুক্তরাষ্ট্রে ধারাবাহিকভাবে শারীরিক উপস্থিতি বজায় রাখতে হবে।
-
যুক্তরাষ্ট্রের হাইস্কুল ডিপ্লোমা বা সমমানের সনদ থাকতে হবে, কোনো কলেজ বা উচ্চমাধ্যমিক-পরবর্তী কারিগরি শিক্ষাক্রমে ভর্তির যোগ্যতা অর্জন করতে হবে অথবা বর্তমানে শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যয়নরত থাকতে হবে।
-
অপরাধমূলক কর্মকাণ্ড ও জাতীয় নিরাপত্তা সংক্রান্ত যাচাইয়ে উত্তীর্ণ হতে হবে।
-
প্রযোজ্য ক্ষেত্রে সিলেক্টিভ সার্ভিসে নিবন্ধনের শর্ত পূরণ করতে হবে।
যোগ্য ব্যক্তিরা পরবর্তী সময়ে তাঁদের স্থায়ী বসবাসের ওপর আরোপিত শর্ত তুলে নেওয়ার আবেদন করতে পারবেন এবং পূর্ণাঙ্গ বৈধ স্থায়ী বাসিন্দা বা গ্রিন কার্ডধারী হতে পারবেন। এরপর প্রযোজ্য শর্ত পূরণ সাপেক্ষে যুক্তরাষ্ট্রের নাগরিকত্বের জন্য আবেদন করার সুযোগও তৈরি হতে পারে।
বিদেশ ভ্রমণ কীভাবে যোগ্যতাকে প্রভাবিত করতে পারে?
অভিবাসন আইনজীবী স্টিভেন ব্রাউন প্রস্তাবিত আইনের ৩০৪ নম্বর ধারায় বিদেশ ভ্রমণের ক্ষেত্রে আরোপিত বিধিনিষেধের বিষয়ে সতর্ক করেছেন।
প্রস্তাব অনুযায়ী, যুক্তরাষ্ট্রের বাইরে একবারে ৯০ দিনের বেশি অবস্থান করলে অথবা একাধিক বিদেশ ভ্রমণে মোট ১৮০ দিনের বেশি দেশের বাইরে থাকলে আবেদনকারীর ধারাবাহিক শারীরিক উপস্থিতির শর্ত ভঙ্গ হতে পারে।
এ ছাড়া একবারে ১৮০ দিনের বেশি যুক্তরাষ্ট্রের বাইরে অবস্থান করলে ধারাবাহিক বসবাসের শর্তও ভঙ্গ হতে পারে। তবে আবেদনকারী যদি প্রমাণ করতে পারেন যে তিনি যুক্তরাষ্ট্রে তাঁর বসবাসের অধিকার পরিত্যাগ করেননি, তাহলে এ ক্ষেত্রে ব্যতিক্রম হতে পারে।
প্রস্তাবিত বিলটিতে Temporary Protected Status (TPS) এবং Deferred Enforced Departure (DED)-এর আওতাভুক্ত নির্দিষ্ট ব্যক্তিদের জন্যও স্থায়ী বসবাসের সুযোগ তৈরির কথা বলা হয়েছে।
তবে এসব প্রস্তাব এখনো কংগ্রেসের অনুমোদনসাপেক্ষ। বিলটি পাস হয়ে আইনে পরিণত না হওয়া পর্যন্ত এর মাধ্যমে কোনো অভিবাসন সুবিধা কার্যকর হবে না।
সূত্র: Business Standard