লুইসভিল সিটি হলের আনুষ্ঠানিক স্বীকৃতি পেল ‘ডালাস বাংলা উৎসব-৫’

বাংলা ভাষা, সাহিত্য, সংগীত, নাটক ও সাংস্কৃতিক ঐতিহ্য উদযাপনের স্বীকৃতিস্বরূপ যুক্তরাষ্ট্রের লুইসভিল সিটি হল ‘ডালাস বাংলা উৎসব-৫’-কে আনুষ্ঠানিকভাবে সম্মাননা দিয়েছে। মেয়র টি. জে. গিলমোর স্বাক্ষরিত ঘোষণাপত্রে বাংলা সংস্কৃতির প্রসার এবং কমিউনিটির মধ্যে বন্ধন দৃঢ় করতে উৎসবটির অবদানের প্রশংসা করা হয়। ১৪ নভেম্বর লুইসভিল গ্র্যান্ড থিয়েটারে অনুষ্ঠিত উৎসবের পঞ্চম আসরে বইমেলা, সাহিত্য আড্ডা, সংগীত, নাটক, আবৃত্তি ও সম্মাননা প্রদানসহ নানা আয়োজন ছিল।

Nov 23, 2026 - 11:14
লুইসভিল সিটি হলের আনুষ্ঠানিক স্বীকৃতি পেল ‘ডালাস বাংলা উৎসব-৫’

বাংলা সংস্কৃতির প্রসারে অবদানের স্বীকৃতি

যুক্তরাষ্ট্রের টেক্সাসের লুইসভিল সিটি হল আনুষ্ঠানিকভাবে ‘ডালাস বাংলা উৎসব-৫’-কে স্বীকৃতি দিয়েছে। এ উপলক্ষে লুইসভিল সিটি কাউন্সিল একটি ঘোষণাপত্র (Proclamation) জারি করে, যাতে স্বাক্ষর করেন মেয়র টি. জে. গিলমোর।

ঘোষণাপত্রে বাংলা সাংস্কৃতিক ঐতিহ্য উদযাপন, স্থানীয় সংস্কৃতিকে সমৃদ্ধ করা এবং কমিউনিটির মানুষের মধ্যে সংযোগ ও সম্প্রীতি জোরদারে উৎসবটির ভূমিকার প্রশংসা করা হয়।

শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, লুইসভিল গ্র্যান্ড থিয়েটারে বইমেলা, সাহিত্য আড্ডা, নাটক, সংগীত ও সম্মাননা প্রদানসহ নানা আয়োজনের মধ্য দিয়ে উৎসবটির পঞ্চম আসর অনুষ্ঠিত হয়।

বইমেলা ও সাহিত্য আড্ডায় প্রাণবন্ত সূচনা

থিয়েটারের লবিতে দর্শনার্থীদের জন্য তৈরি করা হয় ঢাকার বাংলাবাজার ও নিউইয়র্কের ব্রুকলিনের বইয়ের দোকানের আদলে একটি দৃশ্যপট। উৎসবের প্রতিষ্ঠাতা কেন কাদেরের পরিকল্পনায় সাজানো এই পরিবেশে উঠে আসে জন্মভূমির স্মৃতি ও প্রবাসজীবনের চিত্র।

বিকেল ৩টায় বইমেলা শুরু হয়। বিকেল ৪টায় জীবনানন্দ দাশের ‘আবার আসিব ফিরে’ কবিতা আবৃত্তির মধ্য দিয়ে সাহিত্য আড্ডার সূচনা করেন সঞ্চালক মারুনা রাহী।

আলোচনায় অংশ নেন চৌধুরী সালাহউদ্দীন মাহমুদ, মোহাম্মদ কবির, আবদুর রব, জাহিদ রেজা, সাঈদা আনোয়ার ডিভা, ইসতিয়াক রুপু, লোপামুদ্রা ব্যানার্জি, কানিজ মওলা, নজরুল ভূঁইয়া ও ফরহাদ হোসেন।

শাহীন সাদাত, লোপামুদ্রা ব্যানার্জি ও ইসতিয়াক রুপু কবিতা আবৃত্তি করেন।

সাহিত্য আড্ডার শেষ পর্বে কেন কাদের তার প্রয়াত মা বেগম নুরজাহান কাদেরের হাতে সেলাই করা বাংলাদেশের পতাকা প্রদর্শন করেন। তিনি স্মৃতিচারণ করে জানান, ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর তাদের বাড়ির ছাদে পতাকাটি উত্তোলন করা হয়েছিল।

সংগীত, নাটক ও সাংস্কৃতিক পরিবেশনায় মুগ্ধ দর্শক

সন্ধ্যার মূল অনুষ্ঠান আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন ডালাস বাংলা উৎসবের অনুষ্ঠান পরিচালক সাবেরা কাদের। অনুষ্ঠান সঞ্চালনা করেন ফারহানাজ রেজা।

সাংস্কৃতিক পর্বের শুরুতে শিক্ষিকা আফরিন সুমীর তত্ত্বাবধানে BANT বাংলা স্কুলের শিক্ষার্থীরা যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের জাতীয় সংগীত পরিবেশন করে।

অস্টিন থেকে আসা Baul Prog Collective শেখ দীনার নেতৃত্বে প্রথমবারের মতো সরাসরি মঞ্চে বাউলগানের সঙ্গে প্রগ্রেসিভ রকের মেলবন্ধন তুলে ধরে।

নাট্যদল রঙ্গমঞ্চ তাদের দ্বিতীয় প্রযোজনা, হুমায়ূন আহমেদের একাঙ্কিকা ‘স্বপ্ন’ মঞ্চস্থ করে। ফরহাদ হোসেনের নির্দেশনায় নাটকটিতে অভিনয় করেন সাইফুল হক রুমি ও সালমা রোজী। এছাড়া নাবিলা কুহু উচ্চাঙ্গসংগীত পরিবেশন করেন।

স্বাধীনতা দিবস পুরস্কার প্রদান

অনুষ্ঠানের শেষ পর্বে উৎসবের প্রতিষ্ঠাতা কেন কাদের SANM TV-এর JULY 4TH স্বাধীনতা দিবস পুরস্কার তুলে দেন।

এবারের পুরস্কারপ্রাপ্তরা হলেন খান আনিসুজ্জামান, নাসরিন সানি, আলী তারেক, ফরহাদ হোসেন ও নাদিম আহমদ।

বাংলা সংস্কৃতির চর্চা ও প্রসারে অবদানের স্বীকৃতি হিসেবে নিউইয়র্কের সাংস্কৃতিক সংগঠন BIPA-কেও সম্মাননা দেওয়া হয়।

পাঁচ বছরের পথচলা, সামনে ষষ্ঠ আসর

২০২১ সালে গান ও কবিতার আসর দিয়ে যাত্রা শুরু করে ডালাস বাংলা উৎসব। পরের বছর থেকে এতে যুক্ত হয় পূর্ণাঙ্গ বাংলা বইমেলা। ধীরে ধীরে উৎসবটি বাংলা ভাষা, সাহিত্য, সংগীত, শিল্প ও সাংস্কৃতিক ঐতিহ্যের বৃহত্তর মিলনমেলায় পরিণত হয়েছে।

এবারের উৎসব উপস্থাপন করে SANM TV & Media Services, LLC। এর টাইটেল স্পনসর ছিল kenkader.com Mortgage Services।

আয়োজন শেষে কেন কাদের দর্শক, শিল্পী, সাহিত্যিক, স্বেচ্ছাসেবক, বিক্রেতা ও পৃষ্ঠপোষকদের প্রতি কৃতজ্ঞতা জানান। পাশাপাশি ২০২৭ সালে অনুষ্ঠিতব্য ষষ্ঠ ডালাস বাংলা উৎসবে সবাইকে অংশগ্রহণের আমন্ত্রণ জানান।

তিনি আশা প্রকাশ করেন, আগামী বছরও বাংলা সংস্কৃতি ও ঐতিহ্যের এই মিলনমেলা আরও বৃহৎ পরিসরে অনুষ্ঠিত হবে এবং প্রবাসে বাংলা ভাষাভাষী নতুন প্রজন্মের সঙ্গে সাংস্কৃতিক শিকড়ের সংযোগ আরও দৃঢ় করবে।