টেক্সাসের প্রথম কৃষ্ণাঙ্গ স্থপতির নামে লাইব্রেরি উদ্বোধন করল ইউটি অস্টিন

টেক্সাস বিশ্ববিদ্যালয়ের অস্টিন ক্যাম্পাস গত ২২ অক্টোবর বৃহস্পতিবার তাদের স্থাপত্য গ্রন্থাগারের নামকরণ করেছে প্রাক্তন শিক্ষার্থী জন এস চেজের নামে, যিনি টেক্সাসের প্রথম লাইসেন্সধারী কৃষ্ণাঙ্গ স্থপতি ছিলেন। চেজ ১৯৫০ সালে যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ আদালতের সোয়েট বনাম পেইন্টার রায়ের মাত্র দুই দিন পর এই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিলেন, যে রায় উচ্চশিক্ষায় বর্ণবিভাজনের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ নজির স্থাপন করেছিল।

Oct 29, 2026 - 12:32
টেক্সাসের প্রথম কৃষ্ণাঙ্গ স্থপতির নামে লাইব্রেরি উদ্বোধন করল ইউটি অস্টিন
উইকিমিডিয়া কমন্স: Larry D. Moore

টেক্সাস বিশ্ববিদ্যালয়ের অস্টিন ক্যাম্পাস গত ২২ অক্টোবর বৃহস্পতিবার তাদের স্থাপত্য গ্রন্থাগারের নামকরণ করেছে প্রাক্তন শিক্ষার্থী জন এস চেজের নামে, যিনি টেক্সাসের প্রথম লাইসেন্সধারী কৃষ্ণাঙ্গ স্থপতি ছিলেন। চেজ ১৯৫০ সালে যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ আদালতের সোয়েট বনাম পেইন্টার রায়ের মাত্র দুই দিন পর এই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিলেন, যে রায় উচ্চশিক্ষায় বর্ণবিভাজনের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ নজির স্থাপন করেছিল।

ব্যাটল হলে অবস্থিত নতুন নামকরণ করা জন এস চেজ আর্কিটেকচার অ্যান্ড প্ল্যানিং লাইব্রেরির উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউটি প্রেসিডেন্ট জিম ডেভিস, রিজেন্ট জোডি জাইলস, প্রভোস্ট উইলিয়াম ইনবোডেন এবং স্থাপত্য বিভাগের ডিন হেদার ঊফটার। বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগার পরিচালক রবার্ট এইচ ম্যাকডোনাল্ডও অনুষ্ঠানে বক্তব্য দেন।

চেজের ছেলে অ্যান্থনি টনি চেজ এবং তার স্ত্রী দিনা আল সোওয়াইয়েলের পাঁচ মিলিয়ন ডলারের অনুদানের মাধ্যমে এই নামকরণ সম্ভব হয়েছে। এই অনুদানের মধ্যে আগে ঘোষিত এক মিলিয়ন ডলারের একটি অনুদানও অন্তর্ভুক্ত রয়েছে, যা স্থাপত্য স্কুলের জন্য দুটি নতুন এনডাউমেন্ট গঠন করবে। চেজ ১৯৫২ সালে স্থাপত্যে স্নাতকোত্তর ডিগ্রি সম্পন্ন করেন এবং পরবর্তীতে প্রায় তিনশ ভবন ও সংস্কার প্রকল্পে কাজ করেন।

ইউটি প্রেসিডেন্ট জিম ডেভিস অনুষ্ঠানে বলেন, চেজের জীবনী বিশ্ববিদ্যালয় এবং অঙ্গরাজ্যের ইতিহাসের গুরুত্বপূর্ণ অংশ। চেজ যুক্তরাষ্ট্রের ফাইন আর্টস কমিশনের প্রথম কৃষ্ণাঙ্গ সদস্য এবং আমেরিকান ইনস্টিটিউট অব আর্কিটেক্টসের হিউস্টন শাখায় যোগ দেওয়া প্রথম কৃষ্ণাঙ্গ স্থপতি ছিলেন। তিনি ন্যাশনাল অর্গানাইজেশন অব মাইনরিটি আর্কিটেক্টস প্রতিষ্ঠাতাদের একজন এবং ১৯৯৮ থেকে ৯৯ সাল পর্যন্ত টেক্সাস এক্সেস সংগঠনের প্রথম কৃষ্ণাঙ্গ সভাপতি ছিলেন।

চেজের নকশা করা ভবনগুলোর মধ্যে রয়েছে হিউস্টনের রিভারসাইড টেরেস এলাকার তার নিজের বাসগৃহ, পূর্ব অস্টিনের একাধিক গির্জা এবং আবাসিক ভবন। ১৯৫২ সালে তিনি কলোরড টিচার্স স্টেট অ্যাসোসিয়েশন অব টেক্সাসের সদর দপ্তরের নকশা করেন, যা ২০১৮ সালে ইউটি অধিগ্রহণ করে সংস্কার করে। চেজের স্থাপত্য প্রতিষ্ঠান স্যান আন্তোনিও পার্কিং গ্যারেজ এবং মাইক এ মায়ার্স স্টেডিয়ামের নকশাও করেছে। সূত্র: ইউটি অস্টিন নিউজ