ইরানের নিরাপত্তা পরিষদের নতুন প্রধান মোহাম্মদ বাঘের জোলঘাদর

ইসরায়েলি হামলায় নিহত প্রভাবশালী নেতা আলী লারিজানির স্থলাভিষিক্ত হিসেবে মোহাম্মদ বাঘের জোলঘাদরকে ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের প্রধান নিয়োগ দেওয়া হয়েছে।

Mar 24, 2026 - 14:32
ইরানের নিরাপত্তা পরিষদের নতুন প্রধান মোহাম্মদ বাঘের জোলঘাদর
আলী লারিজানি ও মোহাম্মদ বাঘের জোলঘাদর। ছবি: সংগৃহীত

ইসরায়েলি হামলায় নিহত প্রভাবশালী নেতা আলী লারিজানির স্থলাভিষিক্ত হিসেবে মোহাম্মদ বাঘের জোলঘাদরকে ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের প্রধান নিয়োগ দেওয়া হয়েছে।

মঙ্গলবার তেহরানে আনুষ্ঠানিক ঘোষণায় তথ্য জানানো হয়। রাষ্ট্রীয় বার্তা সংস্থা মেহর নিউজ জানায়, ইসলামি বিপ্লবের নেতা মোজতবা খামেনির অনুমোদন এবং প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের নির্দেশে এই নিয়োগ দেওয়া হয়েছে।

গত সপ্তাহে আকস্মিক এক ইসরায়েলি হামলায় লারিজানি নিহত হন, যা ইরানের ক্ষমতার কাঠামোতে বড় শূন্যতা তৈরি করে। চলমান আঞ্চলিক উত্তেজনার মধ্যে সেই শূন্যতা পূরণে জোলঘাদরের নিয়োগকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।

মোহাম্মদ বাঘের জোলঘাদরের সামরিক প্রশাসনিক ক্ষেত্রে দীর্ঘদিনের অভিজ্ঞতা। তিনি আগে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপমন্ত্রী এবং ইসলামি বিপ্লবী গার্ড কর্পসের (আইআরজিসি)-এর বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন।

বিশ্লেষকদের মতে, নতুন দায়িত্বে জোলঘাদরের সামনে বড় চ্যালেঞ্জ হলো ইসরায়েলের সঙ্গে চলমান উত্তেজনা মোকাবিলা এবং দেশের অভ্যন্তরীণ সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করা। তার নেতৃত্বে ইরানের নিরাপত্তানীতিতে কী পরিবর্তন আসে, সেদিকেই এখন নজর আন্তর্জাতিক মহলের।

তথ্যসূত্র: আল জাজিরা