ইসলামভীতির মধ্যে মধ্যবর্তী নির্বাচনে ভোটে সক্রিয় টেক্সাসের মুসলিমরা
যুক্তরাষ্ট্রের টেক্সাসে আগামী ৩ নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনকে সামনে রেখে রাজ্যের মুসলিম ভোটাররা রাজনৈতিকভাবে বেশি সক্রিয় হয়ে উঠছেন। ইসলামভীতি, ধর্মীয় বৈষম্য ও সরকারি শিক্ষায় ইসলামের উপস্থাপন নিয়ে উদ্বেগের মধ্যে তাঁরা ভোটে অংশগ্রহণ বাড়াচ্ছেন।
যুক্তরাষ্ট্রের টেক্সাসে আগামী ৩ নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনকে সামনে রেখে রাজ্যের মুসলিম ভোটাররা রাজনৈতিকভাবে বেশি সক্রিয় হয়ে উঠছেন। ইসলামভীতি, ধর্মীয় বৈষম্য ও সরকারি শিক্ষায় ইসলামের উপস্থাপন নিয়ে উদ্বেগের মধ্যে তাঁরা ভোটে অংশগ্রহণ বাড়াচ্ছেন।
মুসলিম নেটওয়ার্ক টিভির প্রতিবেদন অনুযায়ী, ফ্রিসকোর ইসলামিক সেন্টার গত ২৪ অক্টোবর শনিবার প্রথমবারের মতো ‘বারবিকিউ ও ব্যালট’ নামের একটি আয়োজন করে। সেখানে কমিউনিটি বারবিকিউর সঙ্গে আগাম ভোট দেওয়ার সুযোগ রাখা হয়। মসজিদটি কোনো প্রার্থীকে সমর্থন না করলেও অংশগ্রহণকারীরা মনে করেন, টেক্সাসের মুসলিমদের শক্তিশালী রাজনৈতিক কণ্ঠস্বর দরকার।
ডেমোক্রেটিক রাজ্য প্রতিনিধি জেমস তালারিকো ও রিপাবলিকান অ্যাটর্নি জেনারেল কেন প্যাক্সটনের মধ্যে চলা যুক্তরাষ্ট্রের সিনেট আসনের লড়াইয়ে মুসলিম ভোট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
গভর্নর গ্রেগ অ্যাবট কাউন্সিল অন আমেরিকান-ইসলামিক রিলেশনসকে সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করার পর মুসলিম সম্প্রদায়ের মধ্যে উদ্বেগ বেড়েছে। এর পাশাপাশি শরিয়া আইন নিষিদ্ধ করার রিপাবলিকান প্রস্তাব এবং রাজ্যের নতুন অনুমোদিত সামাজিক বিজ্ঞান পাঠ্যক্রম নিয়েও সমালোচনা রয়েছে। সমালোচকদের ভাষ্য, ওই পাঠ্যক্রমে ইসলামকে মূলত সংঘাত ও বিজয়ের মধ্য দিয়ে উপস্থাপন করা হয়েছে।
নতুন নাগরিকত্ব পাওয়া তিন সন্তানের মা সারা আসরার শনিবার জীবনের প্রথম ভোট দেন। তিনি বলেন, নতুন পাঠ্যক্রমের বিরোধিতা করে তিনি মূলত ডেমোক্রেটদের ভোট দিয়েছেন। মসজিদের নাগরিক কমিটির সদস্য নোমান শফি জানান, ইসলামভীতিমূলক বক্তব্যের কারণে প্রথাগতভাবে রিপাবলিকান-সমর্থক কিছু মুসল্লি এবার তাঁদের অবস্থান পুনর্বিবেচনা করছেন।
সূত্র: মুসলিম নেটওয়ার্ক টিভি