লোকসানে বন্ধ হলো শান্তিনগরের কর্ণফুলী গার্ডেন সিটি
রাজধানীর শান্তিনগরের কর্ণফুলী গার্ডেন সিটি শপিং কমপ্লেক্স স্থায়ীভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। দীর্ঘদিনের লোকসান, ক্রেতা কমে যাওয়া ও বকেয়া বিদ্যুৎ বিলের চাপে দোকান মালিক সমিতি গত ১ অক্টোবর মার্কেটটি বন্ধ ঘোষণা করে।
রাজধানীর শান্তিনগরের কর্ণফুলী গার্ডেন সিটি শপিং কমপ্লেক্স স্থায়ীভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। দীর্ঘদিনের লোকসান, ক্রেতা কমে যাওয়া ও বকেয়া বিদ্যুৎ বিলের চাপে দোকান মালিক সমিতি গত ১ অক্টোবর মার্কেটটি বন্ধ ঘোষণা করে।
দোকান মালিক সমিতির বরাত দিয়ে বার্তা সংস্থা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম জানিয়েছে, শান্তিনগর-কাকরাইল মোড়ের ২০ তলা ভবনের নিচতলা থেকে তৃতীয় তলা পর্যন্ত ছিল এই মার্কেট। মূল ফটকে ‘১/১০/২০২৬ থেকে শপিং কমপ্লেক্সটি বন্ধ থাকবে’ লেখা ব্যানার টানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ১৯৯৮ সালে চালু হওয়া মার্কেটটিতে শুরুতে দোকান ছিল ১৯৮টি। বন্ধ ঘোষণার সময় চালু ছিল মাত্র ২০ থেকে ২৫টি দোকান। ভবনটির চতুর্থ তলায় ছিল ফুড কোর্ট ও বাগান।
সমিতির সাধারণ সম্পাদক বাকিবিল্লাহ ওসমানী জানান, সার্ভিস চার্জ আদায় না হওয়ায় এবং প্রায় ৫০ লাখ টাকা বিদ্যুৎ বিল বকেয়া পড়ায় যৌথ সিদ্ধান্তে মার্কেটটি বন্ধ রাখা হয়েছে। নিরাপত্তাকর্মী ও ব্যবস্থাপকের বেতন দিতে ফটকের কয়েকটি দোকান খোলা রাখা হয়েছে।
ব্যবসায়ীরা বলছেন, প্রায় এক দশক ধরে মার্কেটটির ব্যবসা পড়তির দিকে ছিল। শান্তিনগর উড়ালসড়ক নির্মাণের সময় ক্রেতা কমে যাওয়া, কোভিড-১৯ এর ধাক্কা, ভালো ব্যবসায়ীদের চলে যাওয়া এবং অনলাইন কেনাকাটার প্রসারকে এর কারণ হিসেবে দেখছেন তাঁরা। সমিতির সভাপতি একেএম ইকবাল জানান, ভবনটি হাসপাতাল, ডায়াগনস্টিক সেন্টার বা অফিস হিসেবে ব্যবহারের আলোচনা চলছে, তবে এখনো কোনো চুক্তি চূড়ান্ত হয়নি।
সূত্র: বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম