জননিরাপত্তায় ৪৪ কোটি ডলারের বন্ড নিয়ে ৩ নভেম্বর ভোট দেবে ডালাস

পুলিশ ও ফায়ার বিভাগের পাঁচটি প্রকল্পের জন্য ৪৪ কোটি ৩০ লাখ ডলারের একটি বন্ড প্যাকেজ নিয়ে ভোট দিতে যাচ্ছেন ডালাসের ভোটাররা।

Oct 28, 2026 - 12:29
জননিরাপত্তায় ৪৪ কোটি ডলারের বন্ড নিয়ে ৩ নভেম্বর ভোট দেবে ডালাস
ছবি: উইকিমিডিয়া কমন্স

পুলিশ ও ফায়ার বিভাগের পাঁচটি প্রকল্পের জন্য ৪৪ কোটি ৩০ লাখ ডলারের একটি বন্ড প্যাকেজ নিয়ে ভোট দিতে যাচ্ছেন ডালাসের ভোটাররা। আগামী ৩ নভেম্বর অনুষ্ঠিতব্য নির্বাচনে এই প্রস্তাবের ভাগ্য নির্ধারিত হবে।

ডালাস মর্নিং নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, পাঁচটি প্রকল্পকে একটিমাত্র প্রস্তাবে যুক্ত করা হয়েছে। পুরোনো ও অপ্রতুল স্থাপনা প্রতিস্থাপনই এই উদ্যোগের মূল লক্ষ্য।

প্যাকেজে আলামত সংরক্ষণ ও ক্রাইম ল্যাবের জন্য ১৫ কোটি ডলার, একটি প্রশিক্ষণ কমপ্লেক্সের জন্য ১৪ কোটি ৯০ লাখ ডলার এবং নর্থ টেক্সাস বিশ্ববিদ্যালয়ের ডালাস ক্যাম্পাসে নির্মাণাধীন পুলিশ একাডেমির জন্য ৮ কোটি ২০ লাখ ডলার রাখা হয়েছে।

এ ছাড়া একটি নতুন জরুরি কেন্দ্রের জন্য ৪ কোটি ডলার এবং ডাউনটাউনের একটি ফায়ার স্টেশনের জন্য ২ কোটি ২০ লাখ ডলার বরাদ্দ রাখা হয়েছে। কর্তৃপক্ষের হিসাবে, ২০ বছরে এই বন্ড পরিশোধে ৬২ কোটি ৯০ লাখ ডলারের বেশি খরচ হবে।

সমালোচকেরা বলছেন, তিন বছরেরও কম সময় আগে ১২৫ কোটি ডলারের বন্ড অনুমোদনের পর আবারও ঋণ নেওয়া এবং পাঁচটি প্রকল্পকে একসঙ্গে যুক্ত করার বিষয়ে তাঁদের আপত্তি রয়েছে।

সূত্র: ডালাস মর্নিং নিউজ