টঙ্গীর শিশু নির্যাতন: ‘দেশ ছেড়েছি’ দাবি ভুক্তভোগীর বাবা রুমির
টঙ্গীর মাদ্রাসায় সাত বছরের এক শিশু যৌন নির্যাতনের শিকার হওয়ার ঘটনায় মামলা করা শিশুটির বাবা শাহজালাল রুমি দাবি করেছেন, তিনি বাংলাদেশ ছেড়ে চলে গেছেন। তবে তিনি কোন দেশে গেছেন তা জানাননি, এবং তাঁর অবস্থান বা আইনি পথে দেশত্যাগের বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি।

গত ২৬ অক্টোবর রোববার রাত ৮টার দিকে সংবাদমাধ্যমে পাঠানো এক খুদে বার্তায় রুমি এ দাবি করেন বলে ইংরেজি দৈনিক দ্য বিজনেস স্ট্যান্ডার্ড জানিয়েছে। বার্তায় তিনি লেখেন, ‘আমি আর এই দেশে নেই। এসব নিয়ে আর ভাবছি না, যা হওয়ার হবে। আপনারা সবাই ভালো থাকবেন।’
একই বার্তায় রুমি মাদ্রাসার অধ্যক্ষের বিরুদ্ধে ঘটনা নিয়ে মিথ্যাচারের অভিযোগ করেন। প্রতিবেদনে বলা হয়েছে, ঘটনার সূত্রপাত গত ২১ অক্টোবর। টঙ্গীর মধ্য আউচপাড়ার কারিউল কোরআন ইন্টারন্যাশনাল ক্যাডেট মাদ্রাসার শিক্ষক ও সহকারী অধ্যক্ষ মোসলেম উদ্দিনের বিরুদ্ধে শিশুটিকে যৌন নির্যাতনের অভিযোগ ওঠে।
অভিযোগ জানার পর রুমি মাদ্রাসায় গিয়ে ওই শিক্ষককে মারধর করেন। টঙ্গী পশ্চিম থানার পুলিশ গিয়ে মোসলেম উদ্দিনকে উদ্ধার করে হেফাজতে নেয়। পরে রুমির করা নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলায় মোসলেম উদ্দিনকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
শিক্ষককে মারধরের ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে সমালোচনা শুরু হয়। এরপর মাদ্রাসার অধ্যক্ষ টঙ্গী পশ্চিম থানায় রুমির বিরুদ্ধে পাল্টা মামলা করেন, যেখানে প্রতিষ্ঠানে অনধিকার প্রবেশ, ভাঙচুর ও ১৭ লাখ টাকা চুরিসহ নানা অভিযোগ আনা হয়। পাল্টা মামলার পর থেকে রুমি প্রকাশ্যে আসছিলেন না।
সূত্র: দ্য বিজনেস স্ট্যান্ডার্ড