রপ্তানি প্রণোদনায় বকেয়া ১,৯৫৮ কোটি টাকা, বিপাকে রপ্তানিকারকরা
পণ্য ও সেবা রপ্তানির বিপরীতে নগদ প্রণোদনা বাবদ বাণিজ্যিক ব্যাংকগুলোর কাছে সরকারের বকেয়া দাঁড়িয়েছে ১ হাজার ৯৫৮ কোটি টাকা। জুলাই, আগস্ট ও সেপ্টেম্বর এই তিন মাসের প্রণোদনার অর্থ এখনো পরিশোধ করা হয়নি।
পণ্য ও সেবা রপ্তানির বিপরীতে নগদ প্রণোদনা বাবদ বাণিজ্যিক ব্যাংকগুলোর কাছে সরকারের বকেয়া দাঁড়িয়েছে ১ হাজার ৯৫৮ কোটি টাকা। জুলাই, আগস্ট ও সেপ্টেম্বর এই তিন মাসের প্রণোদনার অর্থ এখনো পরিশোধ করা হয়নি।
বাংলাদেশ ব্যাংকের একটি নথির বরাত দিয়ে দ্য বিজনেস স্ট্যান্ডার্ড জানিয়েছে, সরকার জুন পর্যন্ত রপ্তানি প্রণোদনার অর্থ পরিশোধ করলেও পরবর্তী তিন মাসের বকেয়া রয়ে গেছে। এতে ব্যবসা পরিচালনা ও নতুন বিনিয়োগ পরিকল্পনায় রপ্তানিকারকরা আর্থিক চাপে পড়েছেন।
প্রতিবেদনে বলা হয়েছে, পণ্য জাহাজীকরণের পর প্রণোদনার অর্থ পেতে রপ্তানিকারকদের অনেক সময় ১৮ মাস পর্যন্ত অপেক্ষা করতে হয়। নিট পোশাকশিল্প মালিকদের সংগঠন বিকেএমইএর সভাপতি মোহাম্মদ হাতেম জানান, পুরো প্রক্রিয়া শেষ করতে প্রায় দেড় বছর লেগে যায়।
বর্তমান নীতিমালা অনুযায়ী ৪৩টি খাতের রপ্তানিকারকরা দশমিক ৩০ শতাংশ থেকে ১০ শতাংশ পর্যন্ত নগদ প্রণোদনা পান। তৈরি পোশাক ও বস্ত্র খাত সবচেয়ে বড় সুবিধাভোগী, যেখানে পোশাক রপ্তানিকারকরা ৫ শতাংশ প্রণোদনা পান।
রপ্তানিকারকদের অভিযোগ, সময়মতো অর্থ না পাওয়ায় ভারত ও ভিয়েতনামের মতো প্রতিযোগী দেশের তুলনায় তাঁরা পিছিয়ে পড়ছেন। ২০২৬ সালে স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বাংলাদেশের উত্তরণের কথা বিবেচনায় নিয়ে ২০২৪ সালে দুই দফায় প্রণোদনার হার কমানো হয়েছিল।
সূত্র: দ্য বিজনেস স্ট্যান্ডার্ড