নির্বাসন থেকে ডিসেম্বরে দেশে ফিরবেন বলে জানালেন শেখ হাসিনা

বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে নির্বাসন থেকে আগামী ডিসেম্বরে দেশে ফিরে যাওয়ার পরিকল্পনার কথা জানিয়েছেন। বাংলাদেশে তাঁর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের দায়ে বিচারে অনুপস্থিতিতে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে।

Aug 6, 2026 - 11:29
নির্বাসন থেকে ডিসেম্বরে দেশে ফিরবেন বলে জানালেন শেখ হাসিনা
উইকিমিডিয়া কমন্স

বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে নির্বাসন থেকে আগামী ডিসেম্বরে দেশে ফিরে যাওয়ার পরিকল্পনার কথা জানিয়েছেন। বাংলাদেশে তাঁর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের দায়ে বিচারে অনুপস্থিতিতে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে।

এপি নিউজের প্রতিবেদন অনুযায়ী, গত ৫ আগস্ট বুধবার নয়াদিল্লিতে তাঁর সরকারের পতনের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে অডিও বার্তায় শেখ হাসিনা এ কথা বলেন। তিনি জানান, দণ্ড সত্ত্বেও স্বেচ্ছায় দেশে ফেরা তাঁর জনগণের প্রতি দায়িত্ব।

শেখ হাসিনার এই বক্তব্যের পর বাংলাদেশ সরকার তীব্র প্রতিক্রিয়া জানিয়ে বলেছে, নয়াদিল্লিতে তাঁর প্রকাশ্য গণমাধ্যম কার্যক্রমে তারা 'ক্ষুব্ধ'। পররাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতিতে বলেছে, এই অনুষ্ঠান দুই দেশের সম্পর্কের জন্য ক্ষতিকর।

পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, 'যেদিন বাংলাদেশের জনগণ জুলাই বিপ্লবের দ্বিতীয় বার্ষিকী পালন করছে, সেদিন ভারতের মাটিতে শেখ হাসিনার এই কার্যক্রম বাংলাদেশের সার্বভৌমত্বের প্রতি অবমাননা এবং জুলাই বিপ্লবের শহীদদের প্রতি চরম অপমান।'

২০২৪ সালে ছাত্রনেতৃত্বাধীন আন্দোলনে ক্ষমতাচ্যুত হওয়ার পর শেখ হাসিনা ভারতে পালিয়ে যান এবং তখন থেকে সেখানে নির্বাসনে রয়েছেন।

সূত্র: এপি নিউজ