লন্ডন মিশনের ওয়েবসাইট নিরাপদ, ভিসা সার্ভার ঢাকার নিয়ন্ত্রণে
যুক্তরাজ্যে বাংলাদেশ হাই কমিশন জানিয়েছে, তাদের অফিসিয়াল ওয়েবসাইট সম্পূর্ণ নিরাপদ এবং ভিসা সংক্রান্ত সার্ভার ঢাকা থেকে কেন্দ্রীয়ভাবে পরিচালিত হয়।
যুক্তরাজ্যে বাংলাদেশ হাই কমিশন জানিয়েছে, তাদের অফিসিয়াল ওয়েবসাইট সম্পূর্ণ নিরাপদ এবং ভিসা সংক্রান্ত সার্ভার ঢাকা থেকে কেন্দ্রীয়ভাবে পরিচালিত হয়। গত ২৪ অক্টোবর শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে মিশন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া গুজবকে ভিত্তিহীন ও বিভ্রান্তিকর বলে উল্লেখ করে।
হাই কমিশন স্পষ্ট করে বলেছে, ভিসা সংক্রান্ত সার্ভার ও প্রযুক্তিগত ব্যবস্থা বাংলাদেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কেন্দ্রীয়ভাবে পরিচালনা করে। তাই এসব সার্ভারের পরিচালনা, রক্ষণাবেক্ষণ বা প্রযুক্তিগত ব্যবস্থাপনায় হস্তক্ষেপের সুযোগ মিশনের নেই। ভিসা সার্ভারে কোনো প্রযুক্তিগত বা পরিচালনাগত সমস্যা হলে তার দায়ভারও হাই কমিশনের ওপর বর্তায় না।
মিশন জানিয়েছে, আবেদনকারীরা সঠিক কাগজপত্র ও তথ্য জমা দিলে ভিসা ও অন্যান্য কনস্যুলার সেবা দ্রুত প্রদানে তারা সর্বোচ্চ চেষ্টা করেন। যুক্তরাজ্যে বসবাসকারী বাংলাদেশিদের স্বার্থ রক্ষা ও প্রয়োজনীয় কনস্যুলার সেবা প্রদান তাদের অগ্রাধিকার।
হাই কমিশন প্রবাসী সম্প্রদায়ের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা এবং বাংলাদেশের ভাবমূর্তি সমুন্নত রাখার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে। মিশনের কার্যক্রম সম্পর্কে কোনো প্রশ্ন, অভিযোগ বা উদ্বেগ থাকলে সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্যের ওপর নির্ভর না করে সরাসরি হাই কমিশনের অফিসিয়াল যোগাযোগ মাধ্যমে যাচাই করার আহ্বান জানানো হয়েছে।
বিবৃতিতে বলা হয়, সচেতনতা, দায়িত্বশীল আচরণ ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে ভুল তথ্য মোকাবিলা করা সম্ভব। এতে মিশনের কার্যক্রম সম্পর্কে আরও সঠিক ধারণা তৈরি হবে।
সূত্র: দ্য বিজনেস স্ট্যান্ডার্ড