দশ বছর পর এফএএ-র অনুমোদন পেল বোয়িং ৭৩৭ ম্যাক্স ১০

প্রায় এক দশকের বিলম্বের পর যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) বোয়িংয়ের ৭৩৭ ম্যাক্স ১০ বিমানকে যাত্রী পরিষেবায় অনুমোদন দিয়েছে।

Oct 21, 2026 - 08:05
দশ বছর পর এফএএ-র অনুমোদন পেল বোয়িং ৭৩৭ ম্যাক্স ১০
উইকিমিডিয়া কমন্স

প্রায় এক দশকের বিলম্বের পর যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) বোয়িংয়ের ৭৩৭ ম্যাক্স ১০ বিমানকে যাত্রী পরিষেবায় অনুমোদন দিয়েছে।

মঙ্গলবার ওয়াশিংটন অঙ্গরাজ্যের এভারেটে বোয়িংয়ের কারখানায় এক অনুষ্ঠানে পরিবহন সচিব শন ডাফি এই সার্টিফিকেশন প্রদান করেন। তিনি বলেন, হাজারো ঘণ্টার পরীক্ষামূলক উড়ানের পর এই অনুমোদন মেলে এবং এটি মার্কিন উৎপাদনশিল্পের জন্য একটি বড় জয়।

বোয়িং কমার্শিয়াল এয়ারপ্লেনসের প্রেসিডেন্ট ও সিইও স্টেফানি পোপ বলেন, এই সার্টিফিকেশন বাণিজ্যিক বিমান চলাচলে নতুন মান স্থাপন করবে। ম্যাক্স ১০ সাধারণত ১৮৫ থেকে ২১০ জন যাত্রী বহনে সক্ষম, যা এয়ারলাইনগুলোকে প্রতি আসনে ব্যয় কমাতে সাহায্য করবে।

২০১৭ সালে প্যারিস এয়ার শোতে প্রথম উন্মোচিত এই বিমান বারবার প্রযুক্তিগত ও নিয়ন্ত্রক প্রতিবন্ধকতার কারণে বিলম্বিত হয়েছে। ২০১৮ ও ২০১৯ সালে ছোট মডেল ম্যাক্স ৮-এর দুটি দুর্ঘটনায় ৩৪৬ জনের মৃত্যুর পর বোয়িংয়ের সুনাম মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল।

সার্টিফিকেশনের ফলে বোয়িং এখন বিশ্বব্যাপী এয়ারলাইনগুলোর কাছে এই বিমান সরবরাহ করতে পারবে। বিশ্বের ৩০টিরও বেশি গ্রাহক এক হাজার ৫৫৫টি ম্যাক্স ১০-এর অর্ডার দিয়ে রেখেছে এবং ২০২৭ সালে সরবরাহ শুরুর প্রত্যাশা রয়েছে। সূত্র: এনপিআর