জালিয়াতি তদন্তে ইলহান ওমারের বাড়িতে ফেডারেল এজেন্টদের তল্লাশি
মার্কিন কংগ্রেসওম্যান ইলহান ওমারের ওয়াশিংটন ডিসির বাসায় সোমবার সকালে জালিয়াতি তদন্তের অংশ হিসেবে ফেডারেল এজেন্টরা তল্লাশি চালিয়েছেন। হোমল্যান্ড সিকিউরিটি ইনভেস্টিগেশনসের এজেন্টরা বিচার বিভাগের অনুমোদিত তল্লাশি পরোয়ানা নিয়ে এই অভিযান পরিচালনা করেন।

বিচার বিভাগের একজন মুখপাত্র ফক্স নিউজকে জানিয়েছেন, এটি একটি চলমান ফেডারেল তদন্তের অংশ। অ্যাসোসিয়েটেড প্রেস ও ফক্স নিউজ এই খবর প্রথম প্রকাশ করে। ফক্স নিউজ সূত্রের বরাতে জানায়, তদন্তকারীরা ওমারের শৈশবে তার বাবার পূরণ করা অভিবাসন কাগজপত্র যাচাই করছেন।
তল্লাশির ধরন বা বিস্তারিত সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু জানায়নি ওমারের দপ্তর, বিচার বিভাগ, হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ বা হোয়াইট হাউস। ফক্স নিউজ ওমারের বাড়ির বাইরে এইচএসআই জ্যাকেট পরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভিডিও প্রকাশ করেছে।
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তার মিত্ররা বহুদিন ধরে ওমারের বিরুদ্ধে প্রতারণামূলকভাবে মার্কিন নাগরিকত্ব নেওয়ার অভিযোগ করে আসছেন। ওমার সব সময় এই অভিযোগ অস্বীকার করেছেন। ওমার ও রাশিদা তালাইব ২০১৯ সালে যুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম কংগ্রেসওম্যান হিসেবে শপথ নেন।
মধ্যবর্তী নির্বাচনের মাত্র তিন সপ্তাহ আগে এই অভিযান পরিচালিত হওয়ায় সমালোচকরা প্রশ্ন তুলেছেন, ট্রাম্প প্রশাসন রাজনৈতিক উদ্দেশ্যে সরকারি সংস্থাকে ব্যবহার করছে কিনা। ওমার ২০১৯ সাল থেকে কংগ্রেসে ট্রাম্পের তীব্র সমালোচনার মুখে পড়েন।
সূত্র: দ্য গার্ডিয়ান