ভিসা স্পনসরশিপ বন্ধের পথে আইবিএম, ৩১ ডিসেম্বরের মধ্যে বিদেশে যেতে হবে অথবা চাকরি ছাড়তে হবে কর্মীদের
যুক্তরাষ্ট্রে এইচ-১বি ভিসা ও গ্রিন কার্ডধারী আইবিএমের কিছু কর্মীকে তিন সপ্তাহের মধ্যে বিদেশে স্থানান্তরিত হওয়া অথবা চাকরি ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। প্রতিষ্ঠানটির কনসাল্টিং বিভাগে অধিকাংশ পদে মার্কিন ভিসা ও গ্রিন কার্ড স্পনসরশিপ বন্ধের সিদ্ধান্তের অংশ হিসেবে এ পদক্ষেপ নেওয়া হয়েছে। স্থানান্তরে রাজি না হলে কর্মীরা তিন মাসের সমপরিমাণ ক্ষতিপূরণ পাবেন এবং ৩১ ডিসেম্বর হবে তাঁদের শেষ কর্মদিবস। কর্মীদের সম্ভাব্য গন্তব্য হিসেবে ভারতের নাম সবচেয়ে বেশি সামনে এসেছে।
কর্মীদের সামনে দুটি বিকল্প
প্রযুক্তি প্রতিষ্ঠান আইবিএম যুক্তরাষ্ট্রে কর্মরত এইচ-১বি ভিসাধারী ও গ্রিন কার্ডধারী কিছু কর্মীকে বিদেশে স্থানান্তরিত হওয়া অথবা চাকরি ছেড়ে দেওয়ার নির্দেশ দিয়েছে।
ভারতের সংবাদমাধ্যম দ্য ইকোনমিক টাইমস-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, প্রতিষ্ঠানটি তাদের কনসাল্টিং বিভাগের অধিকাংশ পদের জন্য অভিবাসন-সংক্রান্ত স্পনসরশিপ বন্ধ করতে যাচ্ছে। এ সিদ্ধান্তের ফলে সংশ্লিষ্ট কর্মীদের হাতে বিকল্প বেছে নেওয়ার জন্য প্রায় তিন সপ্তাহ সময় রয়েছে।
যেসব কর্মী বিদেশে যেতে রাজি হবেন না, তাঁদের তিন মাসের সমপরিমাণ বেতন ক্ষতিপূরণ হিসেবে দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে। তাঁদের জন্য ৩১ ডিসেম্বরকে শেষ কর্মদিবস নির্ধারণ করা হয়েছে।
সবচেয়ে বেশি কর্মী যেতে পারেন ভারতে
আইবিএমের সবচেয়ে বড় ব্যবসায়িক বিভাগ হলো আইবিএম কনসাল্টিং। বিশ্বজুড়ে এ বিভাগে দেড় লাখের বেশি কর্মী কাজ করেন। তবে নতুন সিদ্ধান্তে ঠিক কতজন কর্মী ক্ষতিগ্রস্ত হবেন, তা প্রকাশ করেনি প্রতিষ্ঠানটি।
প্রতিবেদন অনুযায়ী, কিছু কর্মীকে তাঁদের ব্যবস্থাপকদের সঙ্গে পৃথক বৈঠকে এ সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।
বিদেশে স্থানান্তরের ক্ষেত্রে ভারতের সম্ভাবনাই সবচেয়ে বেশি। গত ১৯ নভেম্বর যুক্তরাষ্ট্রের বাইরে আইবিএমের কনসাল্টিং বিভাগে মোট ১ হাজার ২৭৮টি শূন্য পদের তালিকা ছিল। এর মধ্যে ১ হাজার ১২৫টি পদ ভারতে। বিপরীতে সিঙ্গাপুরে ছিল ২৩টি এবং যুক্তরাজ্যে ১৮টি পদ।
তবে এসব শূন্য পদের কতগুলো নতুন সিদ্ধান্তে ক্ষতিগ্রস্ত কর্মীদের জন্য বরাদ্দ, তা স্পষ্ট করেনি আইবিএম।
ভারতে গেলে বেতন কমতে পারে ৮০ শতাংশ
বিদেশে স্থানান্তরের আর্থিক প্রভাব নিয়েও উদ্বেগ তৈরি হয়েছে।
কর্মক্ষেত্রবিষয়ক অনলাইন আলোচনা প্ল্যাটফর্ম ব্লাইন্ডে নাম প্রকাশ না করে আইবিএমের এক কর্মী লিখেছেন, ভারতে স্থানান্তরের প্রস্তাব গ্রহণ করলে কারও কারও বেতন ৮০ শতাংশ পর্যন্ত কমে যেতে পারে। অন্যথায় ৩১ ডিসেম্বরের মধ্যে চাকরি হারানোর ঝুঁকি রয়েছে।
অর্থাৎ কর্মীদের সামনে একদিকে বিদেশে গিয়ে অনেক কম বেতনে কাজ চালিয়ে যাওয়ার সম্ভাবনা, অন্যদিকে চাকরি হারানোর আশঙ্কা—দুটি কঠিন পরিস্থিতি তৈরি হয়েছে।
কেন ভিসা স্পনসরশিপ বন্ধ করছে আইবিএম?
চলতি মাসের শুরুতেই আইবিএম ঘোষণা দিয়েছিল, তাদের কনসাল্টিং বিভাগের অধিকাংশ পদের জন্য যুক্তরাষ্ট্রের ভিসা ও গ্রিন কার্ড স্পনসরশিপ বন্ধ করা হবে।
প্রতিষ্ঠানটির বক্তব্য, উচ্চ দক্ষতাসম্পন্ন কর্মীদের জন্য ভিসা কর্মসূচিতে তাদের অংশগ্রহণ কয়েক বছর ধরেই কমছে। দক্ষ কর্মীর প্রাপ্যতা এবং গ্রাহকদের চাহিদায় পরিবর্তনের কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে আইবিএম।
যুক্তরাষ্ট্রে কর্মসংস্থানভিত্তিক অভিবাসনের ওপর নজরদারি ও বিধিনিষেধ বাড়ানোর মধ্যেই এ পদক্ষেপ নেওয়া হলো।
কর্মসংস্থানভিত্তিক গ্রিন কার্ড কর্মসূচিতে আট কোম্পানির ওপর নিষেধাজ্ঞা
গত অক্টোবর মাসে যুক্তরাষ্ট্রের শ্রম বিভাগ আটটি প্রতিষ্ঠানকে পার্মানেন্ট লেবার সার্টিফিকেশন (পিইআরএম) কর্মসূচি থেকে সাময়িকভাবে স্থগিত করে।
কর্মসংস্থানভিত্তিক গ্রিন কার্ড পাওয়ার প্রক্রিয়ায় এই কর্মসূচি একটি গুরুত্বপূর্ণ ধাপ।
স্থগিত হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে মাইক্রোসফট, অ্যাডোবি, কগনিজ্যান্ট, ইনফোসিস, টাটা কনসালট্যান্সি সার্ভিসেস (টিসিএস), উইপ্রো, এইচসিএল টেক এবং ক্যাপজেমিনি।
যুক্তরাষ্ট্রে অভিবাসননীতি কঠোর হওয়ার প্রেক্ষাপটে প্রযুক্তি খাতের বিদেশি কর্মীদের চাকরি ও ভবিষ্যৎ নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হচ্ছে।
সূত্র: TradingView News