এইচ১বি ভিসা নবায়নে কড়াকড়ি আনছে যুক্তরাষ্ট্রের ডিএইচএস
যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ এইচ১বি, এল১ ও অন্যান্য কর্মভিত্তিক ভিসা নবায়নের ক্ষেত্রে আগের অনুমোদনকে স্বয়ংক্রিয়ভাবে মর্যাদা দেওয়ার নিয়ম বাতিলের প্রস্তাব দিয়েছে। নতুন নিয়ম চালু হলে প্রতিটি নবায়ন আবেদন নতুন করে যাচাই করবে মার্কিন নাগরিকত্ব ও অভিবাসন সেবা সংস্থা ইউএসসিআইএস।
যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ এইচ১বি, এল১ ও অন্যান্য কর্মভিত্তিক ভিসা নবায়নের ক্ষেত্রে আগের অনুমোদনকে স্বয়ংক্রিয়ভাবে মর্যাদা দেওয়ার নিয়ম বাতিলের প্রস্তাব দিয়েছে। নতুন নিয়ম চালু হলে প্রতিটি নবায়ন আবেদন নতুন করে যাচাই করবে মার্কিন নাগরিকত্ব ও অভিবাসন সেবা সংস্থা ইউএসসিআইএস।
গত ১৪ অক্টোবর বুধবার মার্কিন ফেডারেল রেজিস্টারে এই প্রস্তাবিত নিয়ম প্রকাশ করা হয়। এতে বর্তমান বিধি ৮ সিএফআর ২১৪.১(সি)(৫) বাতিলের কথা বলা হয়েছে, যা অনুযায়ী একই নিয়োগকর্তা ও একই ঘটনাপ্রবাহের ক্ষেত্রে ইউএসসিআইএস আগের অনুমোদনকে মর্যাদা দিতে বাধ্য ছিল। প্রস্তাবে বিষয়টিতে জনমত জানানোর জন্য আগামী ১৩ নভেম্বর পর্যন্ত সময় দেওয়া হয়েছে।
হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের হিসাবে, বছরে প্রায় দুই লাখ আট হাজার চারশ ২৯টি আবেদনে এই মর্যাদাসুবিধা প্রযোজ্য হয়। নতুন নিয়ম কার্যকর হলে বছরে অতিরিক্ত ছয় হাজার ৪৪টি প্রমাণ চাহিদাপত্র বা আরএফই জারি হতে পারে বলে সংস্থাটি জানিয়েছে। এই পরিবর্তন এইচ১বি, এল১, ও১, টিএন, ই ও পি শ্রেণির সব ফরম আই১২৯ আবেদনের ক্ষেত্রে প্রযোজ্য হবে।
হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ বলেছে, আগের অনুমোদনকে মর্যাদা দেওয়ার চল আসলে প্রমাণের দায়িত্ব আবেদনকারীর কাছ থেকে কর্মকর্তার কাছে সরিয়ে দেয়, যা ভুল বা প্রতারণামূলক অনুমোদন চালিয়ে যাওয়ার সুযোগ তৈরি করে। এই নিয়ম ২০২৪ সালের ডিসেম্বরে এইচ১বি আধুনিকায়ন আইনে যুক্ত হয়েছিল, যা এখন বাতিলের মুখে পড়েছে।
নতুন নিয়ম কার্যকর হলে কর্মীদের নবায়ন প্রক্রিয়ায় বিলম্বের ঝুঁকি বাড়বে বলে অভিবাসন আইনজীবীরা জানিয়েছেন। একই নিয়োগকর্তার অধীনে সময়মতো আবেদন করা হলে কর্মী সর্বোচ্চ ২৪০ দিন পর্যন্ত কাজ চালিয়ে যেতে পারেন, কিন্তু প্রক্রিয়া দীর্ঘ হলে এই সময়সীমার মধ্যেও অনুমোদন না পাওয়ার সম্ভাবনা বাড়বে। ২০০৪ সালে প্রথম এই মর্যাদাসুবিধা চালু হয়েছিল, পরে ২০১৭ সালে প্রত্যাহার এবং ২০২১ সালে পুনর্বহাল করা হয়। সূত্র: লিগ্যাল ৫০০