এটিঅ্যান্ডটির ১৭৭ মিলিয়ন ডলার সমঝোতায় চূড়ান্ত অনুমোদন
যুক্তরাষ্ট্রের টেলিযোগাযোগ সংস্থা এটিঅ্যান্ডটির বিরুদ্ধে ২০২৪ সালের দুটি তথ্য ফাঁস মামলায় ১৭৭ মিলিয়ন ডলারের সমঝোতায় চূড়ান্ত অনুমোদন দিয়েছেন ডালাসের একজন ফেডারেল বিচারক। এই সমঝোতার আওতায় লাখো গ্রাহক ক্ষতিপূরণ পাবেন।
যুক্তরাষ্ট্রের টেলিযোগাযোগ সংস্থা এটিঅ্যান্ডটির বিরুদ্ধে ২০২৪ সালের দুটি তথ্য ফাঁস মামলায় ১৭৭ মিলিয়ন ডলারের সমঝোতায় চূড়ান্ত অনুমোদন দিয়েছেন ডালাসের একজন ফেডারেল বিচারক। এই সমঝোতার আওতায় লাখো গ্রাহক ক্ষতিপূরণ পাবেন।
গত ২ অক্টোবর শুক্রবার টেক্সাসের নর্দার্ন ডিস্ট্রিক্টের সিনিয়র বিচারক সিডনি এ ফিৎসওয়াটার ৭৩ পৃষ্ঠার এক রায়ে এই সমঝোতাকে চূড়ান্ত অনুমোদন দেন। প্রতিবেদনে বলা হয়েছে, এই রায়ের ফলে দুটি পৃথক তহবিল থেকে অর্থ বিতরণের পথ খুলে গেছে।
প্রথম তহবিলটি ১৪৯ মিলিয়ন ডলারের, যা গত ৩০ মার্চ ফাঁস হওয়া গ্রাহকের সামাজিক সুরক্ষা নম্বর, অ্যাকাউন্ট পাসকোড ও জন্মতারিখের মতো তথ্যের জন্য নির্ধারিত। দ্বিতীয় তহবিলটি ২৮ মিলিয়ন ডলারের, যা গত ১২ জুলাইয়ের ফাঁসে স্নোফ্লেক নামের তৃতীয় পক্ষের মাধ্যমে কল ও টেক্সট লগের তথ্য চুরির ক্ষতিপূরণ বাবদ। এটিঅ্যান্ডটি সমঝোতায় রাজি হলেও সব অভিযোগ অস্বীকার করেছে।
ক্ষতিপূরণ দাবিকারীরা প্রমাণসহ আর্থিক ক্ষতির জন্য মার্চের ফাঁসে সর্বোচ্চ পাঁচ হাজার ডলার এবং জুলাইয়ের ফাঁসে সর্বোচ্চ আড়াই হাজার ডলার পর্যন্ত পাবেন। যাদের নির্দিষ্ট ক্ষতির প্রমাণ নেই, তারা সামাজিক সুরক্ষা নম্বর ফাঁসের জন্য ৩৯ থেকে ৪০ ডলার এবং অন্যান্য তথ্য ফাঁসের জন্য সাড়ে ছয় থেকে সাড়ে আট ডলার পর্যন্ত পাবেন বলে নিষ্পত্তি প্রশাসক ক্রল সেটেলমেন্ট অ্যাডমিনিস্ট্রেশন জানিয়েছে। প্রায় ৪৯ লাখ দাবির মধ্যে আট লাখ চার হাজার দাবিতে প্রতারণার সন্দেহ পাওয়া গেছে।
নতুন কোনো দাবি জমা দেওয়ার সময়সীমা গত ১৮ ডিসেম্বরেই শেষ হয়েছে এবং দেরিতে কোনো আবেদন গ্রহণ করা হচ্ছে না। আপিলের সময়সীমা পার হলে সমঝোতা কার্যকর হবে চলতি বছরের নভেম্বরের মাঝামাঝি, এবং অর্থ বিতরণ শুরু হতে পারে ডিসেম্বর থেকে আগামী বছরের শুরুর দিকে। সূত্র: ফক্স৪নিউজ