টেক্সাসে নতুন মসজিদ অনুমোদন স্থগিতের দাবি জানাল রক্ষণশীল জোট
টেক্সাস ও ফ্লোরিডার গভর্নরদের কাছে মুসলিম ব্রাদারহুড সংশ্লিষ্ট মসজিদ তদন্ত এবং নতুন মসজিদ অনুমোদনে স্থগিতাদেশ দাবি করেছে একটি রক্ষণশীল জোট। গত ১৯ অক্টোবর সোমবার এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এই দাবি জানানো হয়।
টেক্সাস ও ফ্লোরিডার গভর্নরদের কাছে মুসলিম ব্রাদারহুড সংশ্লিষ্ট মসজিদ তদন্ত এবং নতুন মসজিদ অনুমোদনে স্থগিতাদেশ দাবি করেছে একটি রক্ষণশীল জোট। জোটের পক্ষ থেকে টেক্সাসের গভর্নর গ্রেগ অ্যাবট ও ফ্লোরিডার গভর্নর রন ডিস্যান্টিসকে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত নতুন মসজিদ অনুমোদন স্থগিত রাখার আহ্বান জানানো হয়েছে।
ব্যানশরিয়া ডটকম নামের এই জোট গত ১৯ অক্টোবর সোমবার সকাল সাড়ে নয়টা থেকে সোয়া দশটা পর্যন্ত জুম প্ল্যাটফর্মে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনের আয়োজন করে। সংবাদ সম্মেলনে সঞ্চালনার দায়িত্বে ছিলেন ইনস্টিটিউট ফর দ্য আমেরিকান ফিউচারের ফ্র্যাঙ্ক গ্যাফনি।
জোটের দাবিপত্রে দুই গভর্নরের কাছে তিনটি অনুরোধ জানানো হয়। মুসলিম ব্রাদারহুড ও শরিয়াপন্থী নেটওয়ার্কের সঙ্গে সংশ্লিষ্ট মসজিদগুলো তদন্তের আওতায় আনা, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত নতুন মসজিদ অনুমোদনে স্থগিতাদেশ জারি এবং মুসলিম ব্রাদারহুড ও সিএআইআরকে সন্ত্রাসী সংগঠন হিসেবে তাদের আগের ঘোষণা কার্যকর করার দাবি জানানো হয়।
দাবিপত্রে মসজিদগুলোকে "জিহাদের গুরুত্বপূর্ণ অবকাঠামো" বলে উল্লেখ করা হয় এবং মুসলিম ব্রাদারহুডের ১৯৯১ সালের একটি নথির উদ্ধৃতি দেওয়া হয়, যেখানে আমেরিকায় তাদের কার্যক্রমকে পশ্চিমা সভ্যতা ধ্বংসের লক্ষ্যে পরিচালিত "মহা জিহাদ" বলে দাবি করা হয়েছিল। সংবাদ সম্মেলনে বক্তব্য দেন আমেরিকান ফ্রিডম ল সেন্টারের ডেভিড ইয়েরুশালমি, প্লেনো পুলিশের অবসরপ্রাপ্ত কর্মকর্তা ডগলাস ডিটন, ইরানি বংশোদ্ভূত শরণার্থী কর্মী এডি ইসাগোলি এবং কনজারভেটিভএইচকিউর ব্যবস্থাপনা সম্পাদক জর্জ রাসলি।
আয়োজক জোট জানিয়েছে, দুই গভর্নরের দপ্তরে তাদের দাবিপত্র পাঠানো হয়েছে এবং জবাবের অপেক্ষায় রয়েছে তারা। মুসলিম ব্রাদারহুড ও সিএআইআরকে যুক্তরাষ্ট্রের কোনো কোনো রাজ্য আগে সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করলেও তা এখনো কার্যকরভাবে প্রয়োগ হয়নি বলে দাবি করেছে জোট।
সূত্র: ব্যানশরিয়া ডটকম