নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করতে রেকর্ড ভোটের প্রস্তুতি ইসরায়েলি আরবদের

ইসরায়েলের আরব নাগরিকেরা আগামী ২৭ অক্টোবরের সংসদ নির্বাচনে রেকর্ড সংখ্যায় ভোট দিয়ে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর চরমপন্থী জোটকে ক্ষমতাচ্যুত করার প্রস্তুতি নিচ্ছেন। ইসরায়েলের মোট জনসংখ্যার প্রায় ২০ শতাংশ আরব নাগরিক, যাঁরা এত দিন নির্বাচনে কম অংশ নিতেন। তবে এবার পরিস্থিতি ভিন্ন বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকেরা।

Oct 21, 2026 - 10:08
নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করতে রেকর্ড ভোটের প্রস্তুতি ইসরায়েলি আরবদের
উইকিমিডিয়া কমন্স

ইসরায়েলের আরব নাগরিকেরা আগামী ২৭ অক্টোবরের সংসদ নির্বাচনে রেকর্ড সংখ্যায় ভোট দিয়ে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর চরমপন্থী জোটকে ক্ষমতাচ্যুত করার প্রস্তুতি নিচ্ছেন। ইসরায়েলের মোট জনসংখ্যার প্রায় ২০ শতাংশ আরব নাগরিক, যাঁরা এত দিন নির্বাচনে কম অংশ নিতেন। তবে এবার পরিস্থিতি ভিন্ন বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকেরা।

তাআল পার্টির নেতা আহমাদ তিবি তেল আবিবে এক জনসভায় বলেন, "তারা আমাদের উপেক্ষা করে, আমাদের ওপর হামলা করে, আমাদের বিরুদ্ধে উসকানি দেয়, কিন্তু আমরাই হবো অক্টোবরের চমক এবং এই দুষ্ট সরকারকে বিদায় করব।" ইউনাইটেড আরব লিস্টের (রাআম) প্রধান মনসুর আব্বাসও সরকারি বৈষম্য ও আরব এলাকায় পুলিশের নিষ্ক্রিয়তার কথা তুলে ধরেছেন। স্ট্যাট-নেট রিসার্চ ইনস্টিটিউটের জরিপে আরব ভোটার উপস্থিতি ৬৩ শতাংশ হতে পারে বলে অনুমান করা হয়েছে, যেখানে ২০২২ সালে ছিল ৫৩ শতাংশ।

আরব এলাকায় সহিংসতা ভয়াবহ পর্যায়ে পৌঁছেছে। আব্রাহাম ইনিশিয়েটিভসের তথ্যমতে, ২০২৫ সালে ইসরায়েলি আরব শহরগুলোতে ২৫২টি হত্যাকাণ্ড ঘটে, যা রেকর্ড। চলতি বছর এ পর্যন্ত আরও ১৮২টি হত্যাকাণ্ড হয়েছে। কনরাড অ্যাডেনাওয়ার প্রোগ্রামের জরিপে ৭১ শতাংশ আরব ভোটার সহিংসতা রোধকে প্রধান অগ্রাধিকার বলে জানিয়েছেন। ৭৭ শতাংশের বেশি আরব নাগরিক চান একটি আরব দল সরকারে থাকুক।

জয়েন্ট লিস্ট ও রাআম মিলিয়ে ২০টি আসনের লক্ষ্য নির্ধারণ করেছে। নেতানিয়াহুর ডানপন্থী জোট বা বিরোধী নেতা গাদি আইজেনকটের ইয়াশার জোট কেউই ৬১ আসনের সংখ্যাগরিষ্ঠতা পাবে না বলে জরিপে দেখা গেছে। ফলে আরব দলগুলো কিংমেকারের ভূমিকায় থাকতে পারে। মনসুর আব্বাস সরাসরি সরকারে যোগ দিতে রাজি, যেমনটি ২০২১ সালে নাফতালি বেনেটের সরকারে প্রথমবার একটি আরব দল অংশ নিয়েছিল।

২০২১ সালে সরকারে থাকাকালে আব্বাস আরব শহরগুলোর শিক্ষা, স্বাস্থ্য ও আবাসনে ৩০ বিলিয়ন শেকেল (৯৮০ কোটি ডলার) বিনিয়োগের উদ্যোগ নিয়েছিলেন, যা নেতানিয়াহু সরকার ২০২২ সালে ক্ষমতায় এসে বন্ধ করে দেয়। এবার আব্বাস তাঁর দলের দুই নম্বর পদে একজন ইহুদি সাবেক পুলিশ কর্মকর্তা ইয়োয়াভ সেগালোভিচকে নিয়োগ দিয়েছেন, যা ইহুদি-আরব অংশীদারত্বের বার্তা দিচ্ছে বলে তিনি জানিয়েছেন।

সূত্র: বিজনেস স্ট্যান্ডার্ড ও রয়টার্স