ইনফান্তিনোর বিরুদ্ধে সুইজারল্যান্ডে ফৌজদারি মামলার প্রস্তুতি নিচ্ছে উয়েফা

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর বিরুদ্ধে সুইজারল্যান্ডে ফৌজদারি মামলার প্রস্তুতি নিচ্ছে উয়েফা। ২০২৬ বিশ্বকাপের বাণিজ্যিক অধিকার বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিক্রির পরিত্যক্ত পরিকল্পনায় ফৌজদারি অব্যবস্থাপনার অভিযোগ আনা হচ্ছে।

Oct 17, 2026 - 19:28
ইনফান্তিনোর বিরুদ্ধে সুইজারল্যান্ডে ফৌজদারি মামলার প্রস্তুতি নিচ্ছে উয়েফা
উইকিমিডিয়া কমন্স: Doha Stadium Plus/Vinod Divakaran

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর বিরুদ্ধে সুইজারল্যান্ডে ফৌজদারি মামলার প্রস্তুতি নিচ্ছে উয়েফা। ২০২৬ বিশ্বকাপের বাণিজ্যিক অধিকার বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিক্রির পরিত্যক্ত পরিকল্পনায় ফৌজদারি অব্যবস্থাপনার অভিযোগ আনা হচ্ছে।

বিবিসি স্পোর্টের প্রতিবেদন অনুযায়ী, উয়েফা ফ্লোরিডার আদালতে আবেদন করে ফিফা আমেরিকাস ও এফডব্লিউসি২০২৬ প্রতিষ্ঠান দুটির নথি সংগ্রহের চেষ্টা করছে। এই নথিগুলো পরে সুইজারল্যান্ডে ফৌজদারি মামলায় ব্যবহার করা হবে।

ইনফান্তিনো ২০২৬ বিশ্বকাপের পর ফিফা ফরওয়ার্ড এন্টারপ্রাইজ নামে একটি নতুন প্রতিষ্ঠান তৈরির প্রস্তাব করেন, যেখানে ৪২০ কোটি ডলারে বিশ্বকাপ-সংশ্লিষ্ট বাণিজ্যিক অধিকার বেচা হওয়ার কথা ছিল। উয়েফা বলছে, প্রকৃত মূল্যের তুলনায় অনেক কম দামে এই বিক্রির পরিকল্পনা করা হয়েছিল।

উয়েফার অভিযোগ, এক বছরেরও বেশি সময় ধরে গোপনে এই পরিকল্পনা তৈরি করা হয় এবং ফিফা কাউন্সিল বা ২১১ সদস্য সংঘের কোনো পরামর্শ ছাড়াই গত ২৮ জুলাই তা ঘোষণা করেন ইনফান্তিনো। ব্যাপক সমালোচনার মুখে পরিকল্পনাটি পরে বাতিল করা হয়।

মোনাকোয় উয়েফার এক বৈঠকে সিদ্ধান্ত হয়, সব আইনি ও রাজনৈতিক পথে ফিফায় সংস্কার আনার চেষ্টা করা হবে। ইনফান্তিনো আগামী মার্চে তৃতীয়বারের মতো ফিফা সভাপতি পদে প্রার্থী হওয়ার পরিকল্পনা করছেন, আর উয়েফা চাইছে ১৮ নভেম্বরের মনোনয়নের সময়সীমার আগেই একজন শক্তিশালী প্রতিদ্বন্দ্বী দাঁড় করাতে।

সূত্র: বিবিসি স্পোর্ট