ফিলিস্তিনের পক্ষে মন্তব্যে ম্যাকলমোর বাদ, প্রতিবাদে এড শিরানের ট্যুর ছাড়লেন অন্য শিল্পীরা

ফিলিস্তিনের পক্ষে মঞ্চে বক্তব্য দেওয়ায় এড শিরানের লুপ ট্যুর থেকে র্যাপার ম্যাকলমোরকে বাদ দেওয়া হয়েছে। এরপর প্রতিবাদে ট্যুরের বাকি তিন ওপেনিং আর্টিস্ট ফিনিয়াস, অ্যারন রো ও লুকাস গ্রাহামও সরে দাঁড়িয়েছেন।

Sep 16, 2026 - 14:10
ফিলিস্তিনের পক্ষে মন্তব্যে ম্যাকলমোর বাদ, প্রতিবাদে এড শিরানের ট্যুর ছাড়লেন অন্য শিল্পীরা
উইকিমিডিয়া কমন্স: Markus Felix

ফিলিস্তিনের পক্ষে মঞ্চে বক্তব্য দেওয়ায় এড শিরানের লুপ ট্যুর থেকে র্যাপার ম্যাকলমোরকে বাদ দেওয়া হয়েছে। এরপর প্রতিবাদে ট্যুরের বাকি তিন ওপেনিং আর্টিস্ট ফিনিয়াস, অ্যারন রো ও লুকাস গ্রাহামও সরে দাঁড়িয়েছেন।

ট্যুরের মার্কিন প্রমোটার মেসিনা ট্যুরিং গ্রুপ জানিয়েছে, বেশ কয়েকটি ভেন্যু ম্যাকলমোরকে লাইনআপে রেখে কনসার্ট আয়োজনে অস্বীকৃতি জানায়। ম্যাকলমোর এর আগে নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে ৪ ও ৫ সেপ্টেম্বরের দুটি শোতে মঞ্চে \"ফ্রি প্যালেস্টাইন\" স্লোগান দেন এবং তাঁর প্রতিবাদী গান \"হিন্ডস হল\" পরিবেশন করেন।

ম্যাকলমোর ইনস্টাগ্রামে দাবি করেন, নিউ ইংল্যান্ড প্যাট্রিয়টসের মালিক রবার্ট ক্র্যাফট গিলেট স্টেডিয়ামে তাঁর পারফর্ম করার ওপর নিষেধাজ্ঞা দেন এবং অন্যান্য স্টেডিয়াম মালিকদেরও চাপ দিয়ে শিরানকে আলটিমেটাম দেন। ক্র্যাফট নিজেও নিষেধাজ্ঞার বিষয়টি নিশ্চিত করেন।

ফিলাডেলফিয়ার লিংকন ফিন্যান্সিয়াল ফিল্ড, ম্যাসাচুসেটসের গিলেট স্টেডিয়াম, আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়াম, আরলিংটনের এটি অ্যান্ড টি স্টেডিয়ামসহ মোট সাতটি ভেন্যু ম্যাকলমোরের বিরোধিতা করেছে বলে জানা গেছে। ট্যুরের মার্কিন পর্বে আরও ১০টি শো বাকি ছিল।

ম্যাকলমোর দীর্ঘদিন ধরে ফিলিস্তিনি জনগণের পক্ষে সোচ্চার। ২০২৪ সালে কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের ফিলিস্তিনপন্থি বিক্ষোভকারীদের নিয়ে তিনি \"হিন্ডস হল\" গানটি প্রকাশ করেন। শিরানের ট্যুর আগামী ১৯ সেপ্টেম্বর ফিলাডেলফিয়ায় পুনরায় শুরু হওয়ার কথা।

সূত্র: রোলিং স্টোন ও সিএনএন