জর্ডানে ইরানের হামলার পর নিখোঁজ মার্কিন সেনাকে মৃত ঘোষণা
জর্ডানের একটি বিমানঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার পর নিখোঁজ মার্কিন সেনা সার্জেন্ট অ্যাঞ্জেল র্যাম্পারসাডকে মৃত বলে ধারণা করছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর।
জর্ডানের একটি বিমানঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার পর নিখোঁজ মার্কিন সেনা সার্জেন্ট অ্যাঞ্জেল র্যাম্পারসাডকে মৃত বলে ধারণা করছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর।
২৮ বছর বয়সী র্যাম্পারসাড নিউইয়র্কের ওজোন পার্কের বাসিন্দা ছিলেন। ১৭ জুলাই জর্ডানের মুওয়াফফাক সালতি বিমানঘাঁটিতে হামলার পর তাঁকে নিখোঁজ ঘোষণা করা হয়েছিল। মঙ্গলবার পেন্টাগন জানায়, তিনি ওই হামলায় নিহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে।
র্যাম্পারসাড মার্কিন সেনাবাহিনীর প্রথম ব্যাটালিয়ন, ৫৭তম বিমান প্রতিরক্ষা গোলন্দাজ রেজিমেন্টে কর্মরত ছিলেন। তাঁর ইউনিটটি ৫২তম বিমান প্রতিরক্ষা গোলন্দাজ ব্রিগেড এবং দশম সেনা বিমান ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা কমান্ডের অধীন।
একই হামলায় আরও দুই মার্কিন সেনা নিহত হন। তাঁরা হলেন হাওয়াইয়ের ২৫ বছর বয়সী ফার্স্ট লেফটেন্যান্ট টাইলার জেমস ফিহান এবং টেক্সাসের ক্যারলটনের ১৯ বছর বয়সী প্রাইভেট ইসাবেলা গনজালেস। হামলায় আরও কয়েকজন সেনা আহত হন।
ঘাঁটি থেকে পরিচয় শনাক্ত না হওয়া কিছু দেহাবশেষ উদ্ধার করা হয়েছে। সেগুলো পরীক্ষা করছেন সামরিক কর্মকর্তারা। পেন্টাগন জানিয়েছে, হামলায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করা হয়েছিল। তবে হামলার বিস্তারিত তথ্য এখনো প্রকাশ করা হয়নি। র্যাম্পারসাডকে নিয়ে ইরানের সঙ্গে চলমান সংঘাত শুরু হওয়ার পর নিহত মার্কিন সেনার সংখ্যা ১৮ জনে পৌঁছেছে বলে মার্কিন প্রতিরক্ষা দপ্তরের তথ্য থেকে জানা গেছে।