তরুণদের ‘তেলাপোকা’ আন্দোলনের চাপে নতি স্বীকার মোদি সরকারের
পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস ও শিক্ষাব্যবস্থার অনিয়মের বিরুদ্ধে ভারতের তরুণদের বড় আন্দোলনের মুখে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করেছেন। আন্দোলনকারীদের প্রধান দাবিগুলো মেনে নেওয়ার আশ্বাস দেওয়ার পর ২৫ জুলাই বিক্ষোভ সাময়িকভাবে প্রত্যাহার করা হয়।

‘ককরোচ জনতা পার্টি’ নামের আন্দোলনটি শুরু হয়েছিল সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যঙ্গাত্মক প্রচারণা হিসেবে। ভারতের প্রধান বিচারপতি বেকার তরুণদের ‘তেলাপোকা’র সঙ্গে তুলনা করার পর আন্দোলনকারীরা শব্দটিকে প্রতিবাদের প্রতীকে পরিণত করেন।
মেডিকেল কলেজ ও সরকারি চাকরির পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় ক্ষুব্ধ শিক্ষার্থীরা পরে দিল্লিসহ বিভিন্ন শহরের রাস্তায় নামেন। তাঁদের দাবি ছিল শিক্ষামন্ত্রীর পদত্যাগ, পরীক্ষাব্যবস্থার সংস্কার এবং প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য সহায়তা।
বিক্ষোভকারীরা পার্লামেন্টের দিকে যাওয়ার চেষ্টা করলে পুলিশ কাঁদানে গ্যাস ও লাঠি ব্যবহার করে। আন্দোলন দ্রুত বড় হওয়া এবং বিরোধী দলগুলোর সমর্থন পাওয়ার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকার আলোচনায় বসে প্রধান দাবিগুলো মেনে নিতে রাজি হয়।
তবে আন্দোলনকারীরা এখন অভিযোগ করছেন, বিক্ষোভকারীদের বিরুদ্ধে মামলা ও গ্রেপ্তার বন্ধের প্রতিশ্রুতি সরকার মানছে না। আটক ব্যক্তিদের মুক্তি এবং মামলা প্রত্যাহার না করা হলে তাঁরা আবারও দেশজুড়ে আন্দোলন শুরু করার হুমকি দিয়েছেন।
সূত্র: ব্লুমবার্গ, অ্যাসোসিয়েটেড প্রেস, রয়টার্স ও দ্য গার্ডিয়ান।