এইচ-১বি নবায়নে আগের অনুমোদন উপেক্ষার প্রস্তাব যুক্তরাষ্ট্রে

যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্র নিরাপত্তা বিভাগ (ডিএইচএস) এইচ-১বি, এল-১, ও-১ ও টিএন ভিসা নবায়নের ক্ষেত্রে আগের অনুমোদনকে আর স্বয়ংক্রিয়ভাবে বিবেচনা না করার একটি নতুন নিয়ম প্রস্তাব করেছে। প্রস্তাবিত নিয়ম অনুযায়ী, কর্মী একই চাকরি, বেতন ও কর্মস্থলে থাকলেও প্রতিটি নবায়ন আবেদন নতুন আবেদনের মতো করেই যাচাই করবেন অভিবাসন কর্মকর্তারা।

Oct 22, 2026 - 13:13

গত ১৪ অক্টোবর বুধবার ফেডারেল রেজিস্টারে এই প্রস্তাবিত নিয়ম প্রকাশ করে ডিএইচএস। নিয়মটি মূলত ফর্ম আই-১২৯ এর আওতায় দাখিল হওয়া সব পিটিশনের ক্ষেত্রে প্রযোজ্য হবে। এ বিষয়ে জনমত জানানোর সময়সীমা নির্ধারণ করা হয়েছে আগামী ১৩ নভেম্বর পর্যন্ত।

বর্তমান নিয়মে কোনো কর্মকর্তা কেবল তথ্যগত ভুল, পরিস্থিতির পরিবর্তন বা নতুন তথ্য পাওয়া গেলেই আগের অনুমোদন থেকে সরে আসতে পারেন। নতুন প্রস্তাবে এই সুরক্ষা তুলে দেওয়া হচ্ছে। ডিএইচএসের হিসাবে, পরিবর্তনের ফলে প্রতিবছর অতিরিক্ত প্রমাণ চাওয়ার আরএফইর হার ২ দশমিক ৯ শতাংশ পয়েন্ট বাড়বে, যা প্রায় ৬ হাজার ৪৪টি বাড়তি আরএফইর সমান। এতে সিদ্ধান্ত পেতে গড়ে ৬৪ দিন বেশি সময় লাগতে পারে।

এর আগে ২০১৭ সালে একবার এই সুরক্ষা তুলে নেওয়া হয়েছিল, তখন প্রভাব আরও বড় ছিল। ন্যাশনাল ফাউন্ডেশন ফর আমেরিকান পলিসির বিশ্লেষণ অনুযায়ী, চলমান চাকরির জন্য এইচ-১বি আবেদনের প্রত্যাখ্যানের হার ২০১৭ অর্থবছরে ৫ শতাংশ থেকে বেড়ে ২০১৮ ও ২০১৯ অর্থবছরে ১২ শতাংশে পৌঁছায়। ২০২১ সালে সুরক্ষা ফিরিয়ে আনার পর তা কমে ২ শতাংশে নেমে আসে। একই সময়ে আরএফইর হার ২১ দশমিক ৪ শতাংশ থেকে বেড়ে ৪০ দশমিক ২ শতাংশে পৌঁছেছিল।

২০০৪ সালে প্রথম এই সুরক্ষানীতি চালু হয়, ২০১৭ সালে বাতিল হয়, ২০২১ সালে আবার ফিরে আসে এবং ২০২৪ সালে তা বিধিমালায় অন্তর্ভুক্ত করা হয়। নতুন প্রস্তাব এখনো কার্যকর হয়নি এবং বর্তমান নিয়মই বহাল আছে। ডিএইচএস প্রস্তাবটি চূড়ান্ত করতে, পরিবর্তন করতে বা প্রত্যাহার করতে পারে, তবে অভিবাসন আইনজীবীরা নিয়োগকর্তাদের এখনই প্রতিটি কর্মীর নবায়নের সময়সীমা হিসাব করে নথিপত্র প্রস্তুত রাখার পরামর্শ দিচ্ছেন।

সূত্র: ক্লুগ ল ফার্ম