অপারেশন লোন স্টারে খরচ হওয়া ৭৫০ কোটি ডলার ফেরত পেল টেক্সাস
টেক্সাসের সীমান্ত নিরাপত্তায় অপারেশন লোন স্টার পরিচালনায় রাজ্যের খরচ হওয়া ৭৫০ কোটি ডলার ফেডারেল সরকারের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ ফিরিয়ে দিয়েছে। একই সময়ে গভর্নর গ্রেগ অ্যাবট সতর্ক করেছেন, সীমান্তে অবৈধ অনুপ্রবেশের সংখ্যা কিছুটা বেড়েছে।

গত ২ অক্টোবর বৃহস্পতিবার গভর্নর ম্যানশনে এক সংবাদ সম্মেলনে অ্যাবট এই তহবিল ফেরত পাওয়ার ঘোষণা দেন। একটি প্রতীকী বিশাল চেক প্রদর্শন করে তিনি বলেন, সীমান্তে সামান্য বৃদ্ধি লক্ষ করা যাচ্ছে এবং অপারেশন অব্যাহত থাকবে।
অ্যাবট দক্ষিণ মেক্সিকোতে একটি অভিবাসী কারাভানের কথা জানান, যাতে কয়েক শত মানুষ রয়েছেন বলে হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ নিশ্চিত করেছে। এ ছাড়া গত ২৬ সেপ্টেম্বর টেক্সাসের গার্সেনো এলাকায় রিও গ্রান্দে নদীতে টহলদানকারী কোস্ট গার্ডের জাহাজ মেক্সিকো সীমান্তের দিক থেকে গুলির মুখে পড়ে বলে নিশ্চিত করেছে হোমল্যান্ড সিকিউরিটি।
প্রাপ্ত অর্থ কোথায় ব্যয় হবে জানতে চাইলে অ্যাবট বলেন, সম্পত্তি কর ছাড়ে খরচ করার আগ্রহ থাকলেও সীমান্ত নিরাপত্তায় অব্যাহত বিনিয়োগের প্রয়োজন রয়েছে। তিনি বিচার বিভাগের ৩০০ কোটি ডলার তহবিলের জন্যও আবেদন করেছেন বলে জানান।
অপারেশন লোন স্টারে টেক্সাস রাজ্যের মোট ব্যয় হয়েছে ১ হাজার ১০০ কোটি ডলার, যার মধ্যে ৭৫০ কোটি ডলার ফেরত পাওয়া গেল। ডেমোক্র্যাট প্রার্থী জিনা হিনোহোসা বলেন, করদাতাদের অর্থ অপচয় করা হয়েছে এবং প্রতিশ্রুত অর্থ ফেরত পেতে বছরের পর বছর সময় লেগেছে।
সূত্র: ফক্স ফোর ডালাস