পাঁচ বছরের শিশুর সামনে আইসিইর গুলিতে আহত অভিবাসী, ডিএইচএস প্রধানের সাফাই
নিউইয়র্ক সিটিতে বৃহস্পতিবার একটি গাড়িতে পাঁচ বছরের শিশু থাকার মধ্যে আইসিই কর্মকর্তারা ডমিনিকান নাগরিক অস্কার বার্গালকে গুলি করেন এবং ঘটনায় তিনি আহত হন।
নিউইয়র্ক সিটিতে বৃহস্পতিবার একটি গাড়িতে পাঁচ বছরের শিশু থাকার মধ্যে আইসিই কর্মকর্তারা ডমিনিকান নাগরিক অস্কার বার্গালকে গুলি করেন এবং ঘটনায় তিনি আহত হন।
শুক্রবার ওয়াশিংটনে আইসিইর সদর দপ্তরে সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র নিরাপত্তা সচিব মার্কওয়েন মালিন বলেন, গাড়িতে শিশু থাকার বিষয়টি কর্মকর্তারা জানতেন না, তবে বার্গাল নিজে জানতেন। তিনি দায় চাপান বার্গালের ওপরেই।
এনফোর্সমেন্ট অ্যান্ড রিমুভাল অপারেশনসের সহযোগী পরিচালক মার্কোস চার্লস জানান, গ্রেপ্তারের সময় বার্গাল আইসিইর দুটি গাড়িতে ধাক্কা দিয়ে কর্মকর্তাদের দিকে গাড়ি চালান। এরপর কর্মকর্তারা গুলি করলে বার্গাল ঘাড়ে আহত হন। হাসপাতালে তাঁর অবস্থা স্থিতিশীল বলে জানায় এনওয়াইপিডি।
নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি বলেন, পাঁচ বছরের শিশু থাকা গাড়িতে এত রাউন্ড গুলির কোনো ব্যাখ্যা নেই। মার্বল হিলে বিক্ষোভে পাঁচজনকে আটক করা হয়েছে। বার্গালের আইনজীবীরা অভিযোগ করেন, তাঁকে গ্রেপ্তারের বৈধ পরোয়ানা ছিল না।
একই দিন নিউ জার্সির হ্যারিসনে আরেকটি আইসিই অভিযানের ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে, যেখানে দুটি শিশু কাঁদতে কাঁদতে মাটিতে লুটিয়ে পড়ে। কর্তৃপক্ষ জানায়, বার্গালের বিরুদ্ধে ডাকাতি ও মাদকের মামলা রয়েছে এবং গত মাসে আইসিই একবার তাঁকে গ্রেপ্তার করতে ব্যর্থ হয়েছিল।
সূত্র: এনবিসি নিউজ