আইসিইর হেফাজতেও ‘অসাধারণ মানসিক শক্তি’ প্রিন্সটনের চীনা গবেষক ইভা শিয়ের, আটক নিয়ে ক্ষোভ সহকর্মীদের
যুক্তরাষ্ট্রের অভিবাসন ও শুল্ক প্রয়োগকারী সংস্থা আইসিইর (ICE) হাতে আটক হওয়ার পরও মানসিকভাবে দৃঢ় রয়েছেন প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ের চীনা স্নায়ুবিজ্ঞান গবেষক ইভা ই শিয়ে। থ্যাংকসগিভিং ছুটি অভিবাসন আটককেন্দ্রেই কাটাতে হতে পারে জেনেও সহকর্মীদের সঙ্গে গবেষণার আলোচনা চালিয়ে যাচ্ছেন তিনি। তবে তাঁর ভিসার মেয়াদ পেরিয়ে গেছে বলে দাবি করেছে মার্কিন স্বরাষ্ট্র মন্ত্রণালয়। অন্যদিকে, তাঁর আইনজীবীর বক্তব্য—আশ্রয়ের আবেদন নিষ্পত্তি না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্রে বসবাস, কাজ ও পড়াশোনার বৈধ অনুমতি রয়েছে শিয়ের।
আটককেন্দ্র থেকেও গবেষণার খোঁজ নিচ্ছেন ইভা
যুক্তরাষ্ট্রের প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ের স্নায়ুবিজ্ঞান গবেষক ইভা ই শিয়ে থ্যাংকসগিভিং ছুটি অভিবাসন আটককেন্দ্রে কাটাতে হতে পারে—এ বাস্তবতা মেনে নিয়েছেন। গত সপ্তাহে একটি বিমানবন্দর থেকে তাঁকে আটক করে যুক্তরাষ্ট্রের অভিবাসন ও শুল্ক প্রয়োগকারী সংস্থা আইসিই।
ইভার পিএইচডি গবেষণার তত্ত্বাবধায়ক ও স্নায়ুবিজ্ঞান বিভাগের অধ্যাপক কার্লোস ব্রডি জানিয়েছেন, মঙ্গলবার সাপ্তাহিক ল্যাব বৈঠকে ফোনে যুক্ত হয়ে সহকর্মীদের সমর্থনের জন্য ধন্যবাদ জানান ইভা।
ব্রডি অ্যাসোসিয়েটেড প্রেসকে বলেন, ইভা অসাধারণ মানসিক শক্তি ধরে রেখেছেন। আটককেন্দ্রের অভিজ্ঞতাকে তিনি বেশ আকর্ষণীয় হিসেবে বর্ণনা করেছেন। সেখানে সামাজিক মর্যাদা ও পদমর্যাদার পার্থক্য অনেকটাই মুছে যায় এবং মানুষ একে অপরকে মানুষ হিসেবেই জানতে ও সহযোগিতা করতে পারে।
ব্রডির ভাষ্য, ইভা পরিস্থিতির মধ্যেও ইতিবাচক থাকার চেষ্টা করছেন।
আটক অবস্থাতেও বিজ্ঞানচর্চা চালিয়ে যেতে চান
গত সপ্তাহে ওয়াশিংটনে একটি সম্মেলনে অংশ নিয়েছিলেন ইভা। বৃহস্পতিবার সেখান থেকে বিমানে ওঠার প্রস্তুতির সময় বিমানবন্দরে আইসিই কর্মকর্তারা তাঁকে আটক করেন।
মঙ্গলবারের ল্যাব বৈঠকে সহকর্মীদের সম্মেলন নিয়ে আলোচনা করার কথা ছিল। কিন্তু ইভাকে আটক করার ঘটনা নিয়েই মূলত আলোচনা শুরু হয়।
গবেষক অ্যাড্রিয়ান বন্ডি জানান, বৈঠকে ফোনে যুক্ত হয়েই ইভা জানতে চান, তাঁরা সংক্ষিপ্ত বৈঠকটি করছেন কি না। এরপর সম্মেলনটি কতটা চমৎকার ছিল এবং সেখানে তিনি কী কী আকর্ষণীয় বিষয় শিখেছেন, তা সহকর্মীদের বলতে শুরু করেন।
বন্ডি বলেন, আটককেন্দ্রে বন্দিদের পোশাক পরেও ইভা চান বিজ্ঞানচর্চা অব্যাহত থাকুক। তিনি এখনো গবেষণার বিভিন্ন ধারণা নিয়ে ভাবছেন।
ভিসার মেয়াদ নিয়ে পাল্টাপাল্টি বক্তব্য
যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ইভা তাঁর ভিসার মেয়াদ অতিক্রম করেছেন এবং যুক্তরাষ্ট্রে পড়াশোনার জন্য প্রয়োজনীয় অনুমতি তাঁর ছিল না।
তবে ইভার আইনজীবী কেরি ডয়েল এ অভিযোগের সঙ্গে দ্বিমত পোষণ করেছেন। তিনি জানান, মাত্র ১৪ বছর বয়সে পরিবারের সঙ্গে চীন থেকে যুক্তরাষ্ট্রে আসেন ইভা। বহু বছর ধরে তাঁর আশ্রয়ের আবেদন বিচারাধীন রয়েছে।
আইনজীবীর দাবি, আবেদন নিষ্পত্তি না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্রে বসবাস, কাজ ও পড়াশোনা করার অনুমতি ইভার রয়েছে।
সহকর্মীদের কাছে শেষ মুহূর্তের বার্তা
ওয়াশিংটনের রোনাল্ড রিগ্যান ন্যাশনাল বিমানবন্দরে আইসিই কর্মকর্তারা ইভাকে আটক করার সময় তিনি দ্রুত সহকর্মীদের কাছে একটি বার্তা পাঠাতে সক্ষম হন।
তাঁর গবেষণা তত্ত্বাবধায়ক ব্রডি অ্যাসোসিয়েটেড প্রেসকে বার্তাটির একটি স্ক্রিনশট দেখিয়েছেন। বার্তায় ইভা লেখেন, ‘আইসিই আমাকে আটক করেছে। দয়া করে সাহায্য করুন, আমি ডিসিএতে আছি।’
এরপর তিনি কোথায় নিয়ে যাওয়া হচ্ছে, তা জানানোর চেষ্টা করেন। কিন্তু বার্তাটি হঠাৎ করেই শেষ হয়ে যায়—‘তারা আমাকে নিয়ে যাচ্ছে...’ লিখে।
বার্তাটি পাওয়ার পর সহকর্মীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। কারণ, সে সময় যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় কর্তৃপক্ষ বিমানবন্দরগুলোতে অভিবাসনবিষয়ক অভিযান জোরদার করছিল।
ব্রডিকে ক্লাস থেকে ডেকে নেওয়া হয়। তিনি দ্রুত প্রিন্সটন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেন। পরে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ইভার জন্য একজন আইনজীবীর ব্যবস্থা করে।
প্রিন্সটনের পোস্টডক্টরাল গবেষণা সহযোগী জুলি চার্লটন বলেন, ঘটনাটি জানার পর তাঁরা পুরোপুরি আতঙ্কিত হয়ে পড়েছিলেন। তাঁর ভাষায়, এমন একজন নিরীহ এবং যুক্তরাষ্ট্রের জন্য অত্যন্ত উপকারী মানুষকে আটক করে রাখার কোনো যৌক্তিকতা নেই।
আটক রাখার বিরুদ্ধে আদালতের নির্দেশ
ইভাকে ভার্জিনিয়া অঙ্গরাজ্যের বাইরে সরিয়ে না নিতে আইসিইকে নির্দেশ দিয়েছেন যুক্তরাষ্ট্রের একজন বিচারক। বর্তমানে ভার্জিনিয়ার ক্যারোলাইন ডিটেনশন সেন্টারে আটক রয়েছেন তিনি।
ইভার আটকাদেশের বিরুদ্ধে করা একটি আবেদনের বিষয়ে বুধবারের মধ্যে কেন্দ্রীয় সরকারকে জবাব দেওয়ার নির্দেশও দিয়েছেন আদালত।
প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ের সহকর্মীদের পাশাপাশি নিউ জার্সির ডেমোক্র্যাট সিনেটর কোরি বুকার ও অ্যান্ডি কিমও এ আটকের বিষয়ে ব্যাখ্যা দাবি করেছেন এবং উদ্বেগ প্রকাশ করেছেন।
‘ফ্রি ইভা’ স্লোগানে প্রিন্সটনে প্রতিবাদ
সোমবার প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ে ইভার মুক্তির দাবিতে আয়োজিত এক সমাবেশে বক্তব্য দেন অধ্যাপক কার্লোস ব্রডি।
তিনি বলেন, সমাবেশের মূল উদ্দেশ্য ছিল ইভা কতটা অসাধারণ মানুষ, কতটা মেধাবী এবং বিশ্ববিদ্যালয় ও স্থানীয় সম্প্রদায়ের সঙ্গে কতটা গভীরভাবে যুক্ত—তা তুলে ধরা।
সহকর্মী অ্যাড্রিয়ান বন্ডি জানান, বিশ্ববিদ্যালয়ের স্নায়ুবিজ্ঞান ইনস্টিটিউটের বিভিন্ন স্থানে ‘ফ্রি ইভা’ লেখা পোস্টার লাগানো হয়েছে।
ইভার গবেষণার মূল বিষয় হলো, মানুষের মস্তিষ্ক কীভাবে সিদ্ধান্ত গ্রহণ করে তা বোঝা। ব্রডির মতে, মানসিক অসুস্থতার কারণে মানুষের সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা ব্যাপকভাবে প্রভাবিত হতে পারে। তাই এ বিষয়ে ইভার গবেষণা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
ইভাকে আটকের ঘটনায় ব্রডি বলেন, ‘তিনি আমাদেরই একজন, আমাদের মধ্যে অন্যতম সেরা একজন। আমাদের কারও সঙ্গেই এমনটা হওয়া উচিত নয়।’
সূত্র: Associated Press (AP)