রাজনৈতিক প্রতিশোধের নিশানা গ্রামীণ ব্যাংক? দেশজুড়ে ১৩ দিনে ৯৭ হামলা, আতঙ্কে ঋণগ্রহীতা ও কর্মীরা

শেখ হাসিনার সমর্থকদের রাজনৈতিক সহিংসতার মধ্যে গ্রামীণ ব্যাংককে লক্ষ্য করে হামলার ঘটনা বেড়েছে। ১০ থেকে ২৩ নভেম্বরের মধ্যে ব্যাংকের শাখা ও কার্যালয়ে ৯৭টি হামলার তথ্য উঠে এসেছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, মুহাম্মদ ইউনূসের সঙ্গে গ্রামীণ ব্যাংকের সম্পর্কের কারণে প্রতিষ্ঠানটি আওয়ামী লীগের একাংশের প্রতিশোধমূলক রাজনীতির লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। এসব হামলায় ক্ষতিগ্রস্ত হচ্ছেন মূলত ব্যাংকের দরিদ্র নারী ঋণগ্রহীতা, আমানতকারী ও কর্মীরা।

Nov 26, 2026 - 10:31
রাজনৈতিক প্রতিশোধের নিশানা গ্রামীণ ব্যাংক? দেশজুড়ে ১৩ দিনে ৯৭ হামলা, আতঙ্কে ঋণগ্রহীতা ও কর্মীরা
নেত্রকোনায় পেট্রোল বোমায় ক্ষতিগ্রস্ত গ্রামীণ ব্যাংক শাখা (প্রতীকী ছবি / এআই চিত্র)

গত সপ্তাহে গোপালগঞ্জের কাশিয়ানীতে গ্রামীণ ব্যাংকের একটি শাখায় হামলা চালিয়ে হামলাকারীরা শুধু আসবাবপত্র ও যন্ত্রপাতিই ক্ষতিগ্রস্ত করেনি, ধ্বংস করেছে প্রায় তিন দশ ধরে সংরক্ষিত নথিপত্রও।

গোপালগঞ্জ জেলার ওই শাখার ব্যবস্থাপক সোলায়মান মোরল জানান, ১৮ নভেম্বর বিকেলে প্রায় ১২ জন ব্যক্তি চাপাতি, পেট্রল ও তালা ভাঙার সরঞ্জাম নিয়ে শাখাটিতে আসে। সে সময় কর্মীরা মাঠপর্যায়ে কাজের জন্য বাইরে ছিলেন।

হামলাকারীরা শাখাটি লুটপাট করে এবং গ্রাইন্ডার দিয়ে ভল্ট কাটার চেষ্টা করে। তারা প্রায় ৪০ বস্তা ভাউচার ও অন্যান্য নথি বের করে আগুনে পুড়িয়ে দেয়। এ ছাড়া স্টিলের আলমারি, ফাইল ক্যাবিনেট, চেয়ার, টেবিলসহ বিভিন্ন সরঞ্জাম লুট করে। এমনকি এক কর্মীর রাইস কুকারও নিয়ে যায়।

সোলায়মান মোরল বলেন, “তারা বলেছিল, নথিপত্র পুড়িয়ে দেওয়ার পর আর কাউকে ঋণ পরিশোধ করতে হবে না।”

পরে হামলার ভিডিও অনলাইনে ছড়িয়ে পড়ে। সোলায়মান জানান, হামলার সময় তিনি ‘জয় বাংলা’ ও ‘জয় বঙ্গবন্ধু’ স্লোগান শুনেছেন, যেগুলো ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্ট। এ ছাড়া হামলাকারীরা ‘ইউনূসের আস্তানা’ বলে উল্লেখ করে সেটি পুড়িয়ে দেওয়ার স্লোগানও দেয়।

শাখাটিতে এখনো স্বাভাবিক কার্যক্রম শুরু করা সম্ভব হয়নি। কর্মীরা হুমকি পেয়েছেন এবং গ্রাহকরা নিজেদের আমানত ও ঋণের নথিপত্রের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন।

সোলায়মান বলেন, “একটি ব্যাংক আস্থার ওপর নির্ভর করে। এই ঘটনা গ্রাহকদের আস্থায় প্রভাব ফেলছে। আমাদের কাছে যাদের আমানত রয়েছে, তারা আতঙ্কিত হয়ে পড়ছেন।”

এটি বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়।

গ্রামীণ ব্যাংকে ধারাবাহিক হামলা

গ্রামীণ ব্যাংকের ওপর হামলা দেশজুড়ে চলমান সহিংসতার বৃহত্তর একটি অংশ। ব্যাংকের ২৩ নভেম্বরের সর্বশেষ অভ্যন্তরীণ স্মারকলিপিতে বলা হয়েছে, ১০ থেকে ২৩ নভেম্বরের মধ্যে ব্যাংকের শাখা ও কার্যালয়ে মোট ৯৭টি হামলার ঘটনা ঘটেছে।

নোবেলজয়ী মুহাম্মদ ইউনূস প্রতিষ্ঠিত এই ব্যাংকটি বাংলাদেশের রাজনৈতিক উত্তেজনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছে। ২০২৪ সালের আগস্টে শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব নেওয়া ইউনূস কয়েক মাস আগে পদত্যাগ করেন।

এদিকে হাসিনার সমর্থকরা পুলিশ স্টেশন ও স্থানীয় সংসদ সদস্যদের বাড়িতে আগুন দিয়েছে এবং ফরিদপুর ও নড়াইলে বিএনপির তিন নেতাকে হত্যার অভিযোগও তাদের বিরুদ্ধে উঠেছে।

সোমবার এক বিবৃতিতে ইউনূস গ্রামীণ ব্যাংকের ওপর এই ‘পরিকল্পিত হামলাকে’ অত্যন্ত বিস্ময়কর বলে উল্লেখ করেন। তিনি জানান, কয়েকটি ঘটনায় ব্যাংক কর্মকর্তা ও ঋণগ্রহীতা সদস্যরা অল্পের জন্য প্রাণঘাতী হামলা থেকে রক্ষা পেয়েছেন।

গ্রামীণ ব্যাংক বাংলাদেশের অন্যতম পরিচিত আর্থিক প্রতিষ্ঠান। প্রচলিত ব্যাংকিং ব্যবস্থার বাইরে থাকা মানুষদের ক্ষুদ্রঋণ দেওয়ার একটি মডেল প্রতিষ্ঠার ক্ষেত্রে ব্যাংকটি পথিকৃৎ।

ব্যাংকটির প্রায় ৯০ শতাংশ মালিকানা ঋণগ্রহীতা সদস্যদের হাতে এবং বাকি ১০ শতাংশ সরকারের। ব্যবস্থাপনা পরিচালক সরদার আখতার হামেদের তথ্য অনুযায়ী, ব্যাংকটির সদস্যসংখ্যা প্রায় ১ কোটি ৬ লাখ, যাদের অধিকাংশই গ্রামীণ নারী।

প্রায় ৫৫ লাখ ঋণগ্রহীতার কাছে ব্যাংকটির বকেয়া ঋণের পরিমাণ ১৯ হাজার কোটি টাকার বেশি (১.৫৩ বিলিয়ন ডলার)। অন্যদিকে, সদস্যদের ব্যাংকটিতে আমানতের পরিমাণ প্রায় ২৫ হাজার কোটি টাকা (২ বিলিয়ন ডলার)।

হামেদ বলেন, “আমরা এমন অনেক মানুষের পাশে দাঁড়াই, যাদের ঋণ দিতে অন্য ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো আগ্রহী নয়। আমরা তাদের ঋণ পাওয়ার সুযোগ করে দিই।”

হামলার কারণে ব্যাংকের কার্যক্রম ব্যাহত হচ্ছে এবং কর্মীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। হামেদ জানান, ব্যাংকটিতে প্রায় ২১ হাজার কর্মী রয়েছেন এবং সহিংসতার কারণে তাদের মানসিকভাবেও ক্ষতিগ্রস্ত হতে হচ্ছে।

তিনি বলেন, “এক ধরনের নিরাপত্তাহীনতা কাজ করছে।”

আওয়ামী লীগ কি গ্রামীণ ব্যাংককে লক্ষ্যবস্তু করছে—কেন?

সরকার এসব হামলার জন্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দল আওয়ামী লীগকে দায়ী করেছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক শাখার দায়িত্বে থাকা অতিরিক্ত সচিব জিয়াউদ্দিন আহমেদ আল জাজিরাকে বলেন, “আইনশৃঙ্খলা বজায় রাখতে সরকার সর্বাত্মক চেষ্টা চালাচ্ছে।”

হাসিনার সমর্থকদের নতুন করে রাজনৈতিক তৎপরতার মধ্যেই এসব হামলা হচ্ছে। এর ফলে দেশের বিভিন্ন অঞ্চলে, বিশেষ করে হাসিনার পৈতৃক জেলা গোপালগঞ্জে গুরুতর অস্থিরতা দেখা দিয়েছে। হাসিনার সমর্থকরা পুলিশ স্টেশন ও স্থানীয় সংসদ সদস্যদের বাড়িতে আগুন দিয়েছে এবং বিএনপির তিন নেতাকে হত্যার অভিযোগও রয়েছে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, গ্রামীণ ব্যাংক এমন একটি প্রতীক হয়ে উঠেছে, যার মাধ্যমে আওয়ামী লীগের কিছু সমর্থক মুহাম্মদ ইউনূসের প্রতি ক্ষোভ প্রকাশ করতে পারছেন। ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সময় আওয়ামী লীগকে নির্বাচনী রাজনীতি থেকে নিষিদ্ধ করা হয়।

ইউনূস সরকারের সময় ২০২৪ সালে ক্ষমতার বিরুদ্ধে আন্দোলনকারী বিক্ষোভকারীদের ওপর সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় একটি ট্রাইব্যুনাল শেখ হাসিনাকে দোষী সাব্যস্ত করে। হাসিনার মৃত্যুদণ্ডের রায় হয়েছে। তিনি বর্তমানে ভারতে নির্বাসনে রয়েছেন এবং সম্প্রতি বাংলাদেশে ফিরে আসার ইচ্ছা প্রকাশ করেছেন।

ওয়েস্টার্ন সিডনি বিশ্ববিদ্যালয়ের মানবিক ও উন্নয়ন গবেষণা উদ্যোগের গবেষক মুবাশ্বের হাসান বলেন, হামলার সময়টি গুরুত্বপূর্ণ।

তিনি বলেন, “তার দল পুরো সপ্তাহ ধরে তার প্রত্যাবর্তনের দাবিতে প্রচার চালিয়েছে। গ্রামীণ ব্যাংক হলো ড. ইউনূসের এমন একটি প্রতীক, যেখানে তারা সহজেই আঘাত করতে পারে।”

হাসানের মতে, আওয়ামী লীগের কট্টরপন্থীদের কাছে ইউনূস তাদের রাজনৈতিক পতনের প্রতীক। তাই তার ব্যাংকে আগুন দেওয়া মানে ইউনূসের ওপর পাল্টা আঘাত করা।

তিনি বলেন, এসব হামলার মাধ্যমে নিষিদ্ধ থাকা সত্ত্বেও আওয়ামী লীগ রাজপথে নিজেদের উপস্থিতি জানান দেওয়ার চেষ্টা করছে। বিশেষ করে গোপালগঞ্জে কিছু হামলা শক্তি প্রদর্শনের অংশ হতে পারে, যাতে সমর্থকদের বলা যায়—‘আমরা এখনো আছি।’

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগের অধ্যাপক আসিফ মোহাম্মদ শাহান সহিংসতাকে আরও বৃহত্তর রাজনৈতিক কৌশলের অংশ হিসেবে দেখছেন।

তিনি বলেন, ২০২৪ সালের আগস্টের গণঅভ্যুত্থানের পর আওয়ামী লীগের সামনে দুটি পথ ছিল—নিজেদের ভুল স্বীকার করে রাজনৈতিকভাবে পুনর্বাসনের চেষ্টা করা অথবা জোর করে রাজনীতিতে ফিরে আসা। তার মতে, দলটি দ্বিতীয় পথ বেছে নিয়েছে।

শাহান বলেন, “গ্রামীণ ব্যাংকে হামলা আসলে ‘প্রতিশোধের রাজনীতির’ বার্তা দেওয়ার একটি প্রচেষ্টা।”

তার মতে, হামলাগুলোর উদ্দেশ্য সরকারকে কঠোর দমনমূলক পদক্ষেপ নিতে উসকে দেওয়াও হতে পারে। এতে আওয়ামী লীগ নিজেকে ভুক্তভোগী হিসেবে তুলে ধরতে এবং সরকারের বৈধতা নিয়ে প্রশ্ন তোলার সুযোগ পেতে পারে।

গ্রামীণ ব্যাংক কেন বেশি ঝুঁকিতে, আর ক্ষতিগ্রস্ত হচ্ছেন কারা?

গ্রামীণ ব্যাংকের মালিকানা কাঠামোর কারণে এসব হামলার প্রভাব আরও গুরুতর। ব্যাংকটির অধিকাংশ মালিকানা সেই দরিদ্র নারীদের, যারা ঋণ, সঞ্চয় ও অন্যান্য আর্থিক সেবার জন্য প্রতিষ্ঠানটির ওপর নির্ভরশীল।

ওয়েস্টার্ন সিডনি বিশ্ববিদ্যালয়ের গবেষক হাসান বলেন, “যখন একটি শাখায় আগুন দেওয়া হয়, তখন তাদের ঋণের ফাইল, সঞ্চয়ের নথি ও কিস্তি পরিশোধের সময়সূচিও আগুনে পুড়ে যায়।”

তিনি সতর্ক করে বলেন, ব্যাংকের কার্যক্রম ব্যাহত হলে ঋণগ্রহীতারা অনানুষ্ঠানিক ঋণদাতাদের দিকে ঝুঁকতে পারেন এবং নিয়মিত ঋণের কিস্তি পরিশোধ করা কঠিন হয়ে পড়তে পারে।

হামলার প্রভাব ইতোমধ্যেই ব্যাংকের কার্যক্রমে পড়েছে। গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক হামেদ জানান, যেসব শাখা হামলার কারণে কার্যক্রম চালাতে পারছে না, সেখানে বকেয়া ঋণের সুদ হিসাব করা সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।

ব্যাংক কর্তৃপক্ষ কর্মী ও সম্পত্তির নিরাপত্তা নিশ্চিত করার চেষ্টা করছে। কিছু শাখায় নিরাপত্তা বাড়ানো হয়েছে এবং ঝুঁকিপূর্ণ এলাকাগুলো থেকে কর্মীদের সরিয়ে নেওয়া হয়েছে।

তবে ক্ষতির বিষয়টি শুধু ভবন বা নথিপত্র ধ্বংসের মধ্যেই সীমাবদ্ধ নয়। গ্রাহকদের ব্যাংকের প্রতি আস্থা ধরে রাখাও এখন বড় চ্যালেঞ্জ।

বিএনপি সরকার হামলা ঠেকাতে কেন হিমশিম খাচ্ছে?

এসব হামলা প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকারের আইনশৃঙ্খলা বজায় রাখার সক্ষমতা নিয়েও প্রশ্ন তুলেছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা আহমেদ বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার হিমশিম খাচ্ছে—এমনটা বলা ঠিক হবে না। পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী, হামলার ঘটনায় আটটি মামলা হয়েছে এবং আটজনকে গ্রেপ্তার করা হয়েছে।

তিনি বলেন, “সমস্যা হলো, আমাদের পুলিশ বাহিনীতে জনবল কিছুটা কম।”

অধ্যাপক শাহানের মতে, আওয়ামী লীগকে কঠোরভাবে দমন করলে দলটি নিজেকে ভুক্তভোগী হিসেবে তুলে ধরার সুযোগ পেতে পারে—এই আশঙ্কায় সরকারের পদক্ষেপ সীমিত হয়ে পড়ছে।

তিনি বলেন, “আওয়ামী লীগ সরকারকে এমনভাবে উসকে দিচ্ছে, যাতে সরকার তাদের ওপর হামলা চালায়। এরপর তারা দ্রুত নিজেদের ভুক্তভোগী হিসেবে তুলে ধরে সরকারের বৈধতা প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করতে পারে।”

গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক হামেদ জানান, ব্যাংক কর্তৃপক্ষ পুলিশের কাছে সহায়তা চাইলে পুলিশ সাড়া দিয়েছে এবং কিছু ক্ষেত্রে হামলার আগাম সতর্কতাও দিয়েছে। তবে অধিকাংশ ক্ষেত্রে ব্যাংক কর্মীদের নিজেদের সতর্ক থেকে নিরাপত্তা নিশ্চিত করতে হয়েছে।

তিনি বলেন, “দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হলে ব্যাংকের ওপর আস্থা ও বিশ্বাসও স্বাভাবিকভাবেই ফিরে আসবে।”

সূত্র: Al Jazeera