আইনশৃঙ্খলা রক্ষায় ৬ জেলায় বিজিবির ১১৩ প্লাটুন মোতায়েন
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, জননিরাপত্তা নিশ্চিত করা এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় ঢাকা ও ছয় জেলায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ১১৩ প্লাটুন সদস্য মোতায়েন করা হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি ৫৬ প্লাটুন মোতায়েন করা হয়েছে গোপালগঞ্জে। এ ছাড়া সাভার-আশুলিয়া, নারায়ণগঞ্জ, গাজীপুর, চট্টগ্রাম ও কক্সবাজারেও বিজিবি সদস্য মোতায়েন রয়েছে। অতিরিক্ত চার প্লাটুন সদস্যকে প্রস্তুত রাখা হয়েছে।
ছয় জেলায় বিজিবির ১১৩ প্লাটুন মোতায়েন
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, জননিরাপত্তা নিশ্চিত করা এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় ঢাকা ও ছয় জেলায় মোট ১১৩ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য মোতায়েন করা হয়েছে।
মোতায়েন করা সদস্যরা ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর, গোপালগঞ্জ, চট্টগ্রাম ও কক্সবাজার জেলায় দায়িত্ব পালন করছেন।
এর মধ্যে ঢাকা জেলার সাভার ও আশুলিয়ায় ১৮ প্লাটুন, নারায়ণগঞ্জে ৭ প্লাটুন, গাজীপুরে ১৮ প্লাটুন, গোপালগঞ্জে ৫৬ প্লাটুন, চট্টগ্রামে ৩ প্লাটুন এবং কক্সবাজারে ৭ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন রয়েছেন। এ ছাড়া আরও চার প্লাটুন সদস্যকে প্রয়োজনে মোতায়েনের জন্য প্রস্তুত রাখা হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনায় সংশ্লিষ্ট জেলা প্রশাসন ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে বিজিবি সদস্যরা দায়িত্ব পালন করছেন।
জেলাগুলোর গুরুত্বপূর্ণ স্থাপনা, শিল্পাঞ্চল ও অন্যান্য গুরুত্বপূর্ণ এলাকায় নিরাপত্তা ও নজরদারি জোরদার করছেন তারা। পাশাপাশি বিশৃঙ্খলা, সহিংসতা এবং জননিরাপত্তার জন্য হুমকি হতে পারে—এমন কর্মকাণ্ড প্রতিরোধে কাজ করছেন।
ড্রোন ও বডি ক্যামেরায় সার্বক্ষণিক নজরদারি
মাঠপর্যায়ের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ এবং বিভিন্ন বাহিনীর মধ্যে সমন্বয় নিশ্চিত করতে বিজিবি সদর দপ্তরের মনিটরিং সেল প্রযুক্তিনির্ভর নজরদারি চালাচ্ছে।
ড্রোন, বডি-ওর্ন ক্যামেরা এবং অন্যান্য আধুনিক প্রযুক্তির মাধ্যমে সংগ্রহ করা সরাসরি ভিডিও ফুটেজ দিন-রাত ২৪ ঘণ্টা পর্যবেক্ষণ করা হচ্ছে।
বিজিবি জানিয়েছে, সীমান্তে নিয়মিত দায়িত্ব পালনের পাশাপাশি দেশের অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা রক্ষায়ও বাহিনীর সদস্যরা সর্বোচ্চ পেশাদারত্ব, শৃঙ্খলা ও ধৈর্যের সঙ্গে দায়িত্ব পালন করছেন।
জনগণের জীবন ও সম্পদের সুরক্ষা, স্বাভাবিক চলাচল এবং দৈনন্দিন কার্যক্রম নির্বিঘ্ন রাখা এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা নিতে বিজিবি প্রতিশ্রুতিবদ্ধ।
সূত্র: The Business Standard (TBS)