মানি লন্ডারিং ও নিষেধাজ্ঞা লঙ্ঘনে ব্যাংক অব আমেরিকাকে ১২০ কোটি ডলার জরিমানা
মানি লন্ডারিং ও নিষেধাজ্ঞা আইন লঙ্ঘনের অভিযোগে যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগ ব্যাংক অব আমেরিকাকে ১২০ কোটি ডলার জরিমানা করেছে।
মানি লন্ডারিং ও নিষেধাজ্ঞা আইন লঙ্ঘনের অভিযোগে যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগ ব্যাংক অব আমেরিকাকে ১২০ কোটি ডলার জরিমানা করেছে।
এনবিসি নিউজ জানিয়েছে, মঙ্গলবার এই জরিমানার ঘোষণা আসে। ট্রেজারি জানায়, এটি সংস্থাটির ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ জরিমানা। এর মধ্যে ৭৫ কোটি ডলার দিতে হবে অফিস অব দ্য কম্পট্রোলার অব দ্য কারেন্সিকে, যা ওই সংস্থার ইতিহাসে সর্বোচ্চ।
ট্রেজারি বলেছে, ব্যাংক অব আমেরিকা স্বীকার করেছে যে তারা ব্যাংক সিক্রেসি অ্যাক্ট ইচ্ছাকৃতভাবে লঙ্ঘন করেছে এবং বাধ্যতামূলক সন্দেহজনক লেনদেনের প্রতিবেদন দাখিল করতে ব্যর্থ হয়েছে। ব্যাংকটি ৫০০ কোটি ডলারের বেশি সন্দেহজনক লেনদেনের তথ্য ফিনসেনকে জানায়নি।
ট্রেজারি জানায়, ওই লেনদেনে চীনা মানি লন্ডারিং নেটওয়ার্ক, জালিয়াতি এবং দক্ষিণ-পশ্চিম সীমান্তের সঙ্গে সংশ্লিষ্ট বাণিজ্যভিত্তিক মানি লন্ডারিং ছিল। এ ছাড়া ব্যাংকটি রাশিয়া, বেলারুশ, ইরান, মিয়ানমার ও সোমালিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা লঙ্ঘন করে কোটি কোটি ডলারের লেনদেন সম্পন্ন করেছে।
ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট বলেছেন, এত বড় আর্থিক প্রতিষ্ঠান মানি লন্ডারিং ও নিষেধাজ্ঞা আইন মেনে না চললে পুরো মার্কিন আর্থিক ব্যবস্থায় ঝুঁকি তৈরি হয়। ব্যাংক অব আমেরিকার মোট গ্রাহকসংখ্যা ৭ কোটিরও বেশি এবং এটি দেশের দ্বিতীয় বৃহত্তম ব্যাংক।
সূত্র: এনবিসি নিউজ