প্যারামাউন্ট-ওয়ার্নার ব্রাদার্সের ১১ হাজার কোটি ডলারের একীভূতকরণ চূড়ান্ত

মার্কিন বিনোদন জগতের সবচেয়ে বড় একটি একীভূতকরণ চুক্তি সম্পন্ন হয়েছে। ক্যালিফোর্নিয়ার একজন বিচারক প্যারামাউন্ট স্কাইড্যান্সের সঙ্গে বিভিন্ন রাজ্যের নিষ্পত্তিতে অনুমোদন দেওয়ার পর ১১ হাজার কোটি ডলারের ওয়ার্নার ব্রাদার্স ডিসকভারি অধিগ্রহণ চুক্তির পথ সুগম হয়েছে।

Oct 6, 2026 - 08:27
প্যারামাউন্ট-ওয়ার্নার ব্রাদার্সের ১১ হাজার কোটি ডলারের একীভূতকরণ চূড়ান্ত
উইকিমিডিয়া কমন্স: Thomas Hawk

মার্কিন বিনোদন জগতের সবচেয়ে বড় একটি একীভূতকরণ চুক্তি সম্পন্ন হয়েছে। ক্যালিফোর্নিয়ার একজন বিচারক প্যারামাউন্ট স্কাইড্যান্সের সঙ্গে বিভিন্ন রাজ্যের নিষ্পত্তিতে অনুমোদন দেওয়ার পর ১১ হাজার কোটি ডলারের ওয়ার্নার ব্রাদার্স ডিসকভারি অধিগ্রহণ চুক্তির পথ সুগম হয়েছে।

বিচারক আরাসেলি মার্তিনেস ওলগুইন বুধবার এই অনুমোদন দেন। এরপরই প্যারামাউন্ট স্কাইড্যান্সের প্রধান নির্বাহী ডেভিড এলিসন ঘোষণা করেন, ম্যাটেলের প্রধান নির্বাহী ইনন ক্রেইস গত ৫ অক্টোবর সোমবার থেকে নতুন সংযুক্ত কোম্পানির সহ-প্রধান নির্বাহী হিসেবে দায়িত্ব শুরু করেছেন।

এই একীভূতকরণের ফলে সিবিএস নিউজ ও সিএনএন, এইচবিও ম্যাক্স ও প্যারামাউন্ট প্লাস এবং ওয়ার্নার ব্রাদার্স ও প্যারামাউন্ট পিকচার্সের মতো ঐতিহ্যবাহী চলচ্চিত্র স্টুডিও একটি কোম্পানির অধীনে আসবে।

নিষ্পত্তি চুক্তির শর্ত অনুযায়ী, সংযুক্ত কোম্পানিকে বছরে অন্তত ৩০টি চলচ্চিত্র প্রযোজনা করতে হবে এবং সিএনএন ও সিবিএস নিউজের সম্পাদকীয় স্বাধীনতা নিশ্চিত করতে একটি সম্পাদকীয় বোর্ড গঠন করতে হবে। ক্যালিফোর্নিয়ার অ্যাটর্নি জেনারেল রব বোন্টার মামলার কারণে চুক্তিটি আগে আটকে ছিল।

ডেভিড এলিসনের বাবা ল্যারি এলিসন ব্যক্তিগতভাবে এই চুক্তিতে কোটি কোটি ডলার বিনিয়োগ করেছেন। মার্কিন বিচার বিভাগ ও ইউরোপীয় কমিশনসহ বিশ্বের অনেক দেশ আগেই এই চুক্তি অনুমোদন দিয়েছিল। কোম্পানিটি মার্কিন চলচ্চিত্র প্রযোজনা ও কর্মী প্রশিক্ষণে ১০০ কোটি ডলারের বেশি বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছে।

সূত্র: এনবিসি নিউজ