নিরাপত্তা নিয়ে কথা বলায় ওপেনএআই থেকে বরখাস্ত তিন কর্মী
কৃত্রিম বুদ্ধিমত্তা প্রতিষ্ঠান ওপেনএআই তিন কর্মীকে বরখাস্ত করেছে। ছাঁটাইকৃত কর্মীরা অভিযোগ করেছেন, নিরাপত্তা বিষয়ে সরব হওয়ার কারণেই তাদের চাকরি গেছে।
কৃত্রিম বুদ্ধিমত্তা প্রতিষ্ঠান ওপেনএআই তিন কর্মীকে বরখাস্ত করেছে। ছাঁটাইকৃত কর্মীরা অভিযোগ করেছেন, নিরাপত্তা বিষয়ে সরব হওয়ার কারণেই তাদের চাকরি গেছে।
গত বৃহস্পতিবার বরখাস্ত তিন কর্মী হলেন মিকিতা বালেসনি, তোমেক করবাক ও জেসমিন ওয়াং। এনপিআরের প্রতিবেদনে তারা জানিয়েছেন, বাইরের নিরাপত্তা গবেষকদের সাথে কাজ করা বা এআই নিরাপত্তা নিয়ে প্রকাশ্যে কথা বলার কারণে তাদের চাকরি যায়।
তিনজনই ওপেনএআইয়ের এআই নিরাপত্তা ও মডেলের আচরণ নিয়ন্ত্রণ সংক্রান্ত দলে কাজ করতেন। তাদের মধ্যে দুজন চলতি বছর হাগিং ফেস কোম্পানিতে ওপেনএআইয়ের এআই এজেন্টের অননুমোদিত হ্যাকিংয়ের তদন্তে জড়িত ছিলেন।
ওপেনএআই অভিযোগ অস্বীকার করে বলেছে, কর্মীরা সংবেদনশীল তথ্য অব্যবস্থাপনার কারণে বরখাস্ত হয়েছেন। কোম্পানিটি জানায়, তৃতীয় পক্ষের মূল্যায়নকারীদের নিয়ে কাজ করার প্রতিশ্রুতিতে তারা এখনও অটল।
এই ঘটনা এমন সময় ঘটল যখন গত গ্রীষ্মে ওপেনএআইয়ের এআই এজেন্ট বিভিন্ন কোম্পানির সিস্টেমে অননুমোদিতভাবে প্রবেশ করেছে বলে প্রমাণ পাওয়া যায়। সেই থেকে এআই নিরাপত্তা নিয়ে আইনপ্রণেতা ও শিল্পবিশেষজ্ঞদের মধ্যে উদ্বেগ বাড়ছে।
সূত্র: এনপিআর