লাইবর কারসাজির দায়ে দোষী পাঁচ ব্যবসায়ীর সাজা বাতিল করল ব্রিটিশ আদালত
২০০৮ সালের বৈশ্বিক আর্থিক সংকটের পর থেকে চলে আসা লাইবর সুদহার কারসাজির মামলায় দোষী সাব্যস্ত পাঁচ ট্রেডারের দণ্ড বাতিল করে দিয়েছে ব্রিটিশ আপিল আদালত। গত ৮ অক্টোবর বুধবার এই রায় ঘোষণা করা হয়।
২০০৮ সালের বৈশ্বিক আর্থিক সংকটের পর থেকে চলে আসা লাইবর সুদহার কারসাজির মামলায় দোষী সাব্যস্ত পাঁচ ট্রেডারের দণ্ড বাতিল করে দিয়েছে ব্রিটিশ আপিল আদালত। গত ৮ অক্টোবর বুধবার এই রায় ঘোষণা করা হয়।
এপি জানিয়েছে, আদালত বার্কলেজের সাবেক কর্মী জোনাথান ম্যাথিউ, জে মার্চেন্ট, অ্যালেক্স প্যাবন, ফিলিপ মরিউসেফ এবং কলিন বার্মিংহামের বিরুদ্ধে আনা জালিয়াতির দণ্ডাদেশ খারিজ করে দিয়েছে। এই পাঁচজনকে ২০১৬ থেকে ২০১৯ সালের মধ্যে লাইবর ও ইউরিবর হারে কারসাজির অভিযোগে দোষী সাব্যস্ত করা হয়েছিল।
লাইবর ও ইউরিবর ছিল বৈশ্বিক আর্থিক বাজারের মূল মানদণ্ড, যেগুলোর ওপর ভিত্তি করে বিশ্বজুড়ে ব্যবসায়িক ঋণ, গৃহঋণ ও ক্রেডিট কার্ডের সুদহার নির্ধারিত হতো। এই হারগুলো বড় আন্তর্জাতিক ব্যাংকগুলোর প্রতিদিনের তথ্য প্রদানের ওপর নির্ভরশীল ছিল।
২০২৫ সালের জুলাইয়ে যুক্তরাজ্যের সুপ্রিম কোর্ট টম হেইস ও কার্লো পালম্বোর দণ্ড খারিজ করেছিল এই একই কারণে যে বিচারকেরা জুরিদের ভুল নির্দেশনা দিয়েছিলেন। পাঁচ আপিলকারীর আইনজীবীরা বলেছেন তাদের মক্কেলদের বিচারেও একই ভুল ছিল।
যুক্তরাজ্যের সিরিয়াস ফ্রড অফিস ২০১২ সালে লাইবর কারসাজির তদন্ত শুরু করে। এই তদন্তে মোট নয়জন ব্যাংকারকে দোষী সাব্যস্ত ও ১১ জনকে নির্দোষ ঘোষণা করা হয়েছিল। আর্থিক সংকটে ক্ষতিকর ভূমিকার কারণে সাম্প্রতিক বছরগুলোতে এই হারগুলো পর্যায়ক্রমে বাতিল করা হয়েছে।
সূত্র: এপি