২০ মাসের মধ্যে প্রথমবার মার্কিন গৃহঋণের সুদ ৭ শতাংশ ছাড়াল
মার্কিন ৩০ বছর মেয়াদি গৃহঋণের সুদের হার ২০ মাসের মধ্যে প্রথমবারের মতো ৭ শতাংশ ছাড়িয়ে গেছে। সরকারি ঋণদাতা ফ্রেডি ম্যাকের তথ্য অনুযায়ী, এটি ২০২৫ সালের জানুয়ারির পর সর্বোচ্চ।
মার্কিন ৩০ বছর মেয়াদি গৃহঋণের সুদের হার ২০ মাসের মধ্যে প্রথমবারের মতো ৭ শতাংশ ছাড়িয়ে গেছে। সরকারি ঋণদাতা ফ্রেডি ম্যাকের তথ্য অনুযায়ী, এটি ২০২৫ সালের জানুয়ারির পর সর্বোচ্চ।
দ্য গার্ডিয়ান জানায়, গত ১৬ সেপ্টেম্বর ফেডারেল রিজার্ভ সুদের হার পৌনে এক শতাংশ বাড়িয়ে ৩.৭৫ থেকে ৪ শতাংশের মধ্যে নির্ধারণ করেছে। ফেডের সুদ-নির্ধারণ কমিটির সংখ্যাগরিষ্ঠ সদস্য বছরের মধ্যে আরও অন্তত একটি বৃদ্ধির পূর্বাভাস দিয়েছেন।
মার্কিন-ইসরায়েল ও ইরানের মধ্যে যুদ্ধ শুরুর পর ফেব্রুয়ারি থেকে সুদের হার ক্রমশ বাড়তে থাকে। বর্তমানে ব্রেন্ট ক্রুড তেলের মূল্য ১০৫ ডলার ছাড়িয়েছে এবং ১০ বছর মেয়াদি মার্কিন ট্রেজারি ইয়েল্ড ২০০৭ সালের জুলাইয়ের পর সর্বোচ্চে পৌঁছেছে।
আবাসন গবেষণা প্রতিষ্ঠান রিয়েলটর ডটকমের জ্যেষ্ঠ অর্থনীতিবিদ অ্যান্থনি স্মিথ বলেন, ৭ শতাংশ একটি মনস্তাত্ত্বিক সীমা এবং এটি বাজারে ক্রেতাদের জন্য নতুন চাপ তৈরি করে। আগস্টে বিদ্যমান বাড়ির বিক্রয় ২০২৬ সালের সর্বনিম্নে নেমেছে।
সিএনএন-এসএসআরএসের সাম্প্রতিক জরিপে দেখা গেছে, প্রায় তিন-চতুর্থাংশ মার্কিনি ট্রাম্পের অর্থনৈতিক ব্যবস্থাপনায় অসন্তুষ্ট। বিশ্লেষকরা মনে করছেন, উঁচু মূল্যস্ফীতি ও বর্ধিত গৃহঋণের সুদ এই বছরের নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনে প্রভাব ফেলবে।
সূত্র: দ্য গার্ডিয়ান