আন্তর্জাতিক শিক্ষার্থীদের কাজের অনুমতিতে ৭০ হাজার ডলার ফি আরোপের প্রস্তাব ট্রাম্প প্রশাসনের
ট্রাম্প প্রশাসন আন্তর্জাতিক শিক্ষার্থীদের স্নাতকোত্তর কাজের অনুমতি কর্মসূচিতে প্রতিটি নতুন আবেদনে ৭০ হাজার ডলার ফি আরোপের প্রস্তাব দিয়েছে। ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি একটি প্রস্তাবিত বিধিমালায় জানায়, বিশ্ববিদ্যালয়গুলোকে প্রতিটি শিক্ষার্থীর অপশনাল প্র্যাকটিক্যাল ট্রেনিং বা ওপিটি আবেদনের জন্য এই ফি পরিশোধ করতে হবে এবং প্রতিটি নবায়নে দিতে হবে ৩০ হাজার ডলার।

এনবিসি নিউজ জানিয়েছে, ওপিটি কর্মসূচির মাধ্যমে বিদেশি শিক্ষার্থীরা স্নাতকের পর তাদের পড়াশোনার বিষয়সংশ্লিষ্ট কাজ করতে পারেন। সাধারণত এক বছর মেয়াদি এই কর্মসংস্থানের সুযোগ বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল ও গণিত বিভাগের শিক্ষার্থীদের জন্য আরও দুই বছর বাড়ানো যায়।
ডিএইচএস এই ফিকে ভিসা কর্মসূচির জালিয়াতি ও অপব্যবহারের বিরুদ্ধে পদক্ষেপ বলে বর্ণনা করেছে এবং একে "সস্তা বিদেশি শ্রমের পাইপলাইন" বলে অভিহিত করেছে। প্রস্তাবিত নিয়মটি কার্যকর হওয়ার আগে ৬০ দিনের মধ্যে জনমত নেওয়া হবে।
নাফসার প্রধান নির্বাহী ফান্টা আও বলেন, আন্তর্জাতিক শিক্ষার্থীদের মেধা ও দৃষ্টিভঙ্গি দূরে ঠেলে দিলে মার্কিন উদ্ভাবন ও বৈশ্বিক নেতৃত্ব ক্ষতিগ্রস্ত হবে। আমেরিকান কাউন্সিল অন এডুকেশন জানায়, গত বছরের শরতে যুক্তরাষ্ট্রে নতুন আন্তর্জাতিক শিক্ষার্থীর সংখ্যা ১৭ শতাংশ কমেছে।
ট্রাম্প প্রশাসন আগেও এইচ-ওয়ান-বি ভিসায় এক লাখ ডলার ফি আরোপের চেষ্টা করেছিল, যা আদালতে বাতিল হয়। বিশ্লেষকরা বলছেন, বর্তমান প্রস্তাবটিও আইনগত চ্যালেঞ্জের মুখে পড়তে পারে।
সূত্র: এনবিসি নিউজ