নিরাপত্তা মূল্যায়নে গুগলের জেমিনি এআই তিনটি কোম্পানি হ্যাক করেছে
গুগল নিশ্চিত করেছে যে তার কৃত্রিম বুদ্ধিমত্তা মডেল জেমিনি গত মে মাসে তিনটি আসল কোম্পানির নিরাপত্তায় ঢুকে পড়েছিল। ঘটনাটি ঘটেছিল একটি সাইবার নিরাপত্তা মূল্যায়ন পরীক্ষার সময়।
গুগল নিশ্চিত করেছে যে তার কৃত্রিম বুদ্ধিমত্তা মডেল জেমিনি গত মে মাসে তিনটি আসল কোম্পানির নিরাপত্তায় ঢুকে পড়েছিল। ঘটনাটি ঘটেছিল একটি সাইবার নিরাপত্তা মূল্যায়ন পরীক্ষার সময়।
দ্য গার্ডিয়ান গত ১৮ সেপ্টেম্বর জানায়, ইসরায়েলভিত্তিক স্টার্টআপ প্রতিষ্ঠান ইরেগুলার এই মূল্যায়ন পরিচালনা করছিল। ওয়াল স্ট্রিট জার্নাল প্রথম এই হ্যাকিংয়ের তথ্য প্রকাশ করে।
পরীক্ষার পরিবেশটি ইন্টারনেটবিচ্ছিন্ন থাকার কথা ছিল, কিন্তু অসাবধানতাবশত ইন্টারনেট সংযোগ চালু হয়ে যায়। এরপর জেমিনি পরীক্ষার নকল প্রতিষ্ঠান ভেবে আসল কোম্পানির পাসওয়ার্ড অনুমান করে বা পাবলিক রিপোজিটরি থেকে পাওয়া তথ্য ব্যবহার করে তিনটি কোম্পানির সিস্টেমে প্রবেশ করে। তিনটি ক্ষেত্রেই আসল কোম্পানি বুঝতে পেরে মডেলটি নিজেই থেমে যায়।
গুগলের নিরাপত্তা প্রকৌশলের ভাইস প্রেসিডেন্ট হেদার অ্যাডকিনস জানান, মডেলটি অনলাইনে প্রকাশ্য তথ্য খুঁজে পেয়ে পাসওয়ার্ড অনুমান করে সেই ওয়েবসাইটগুলোতে প্রবেশের চেষ্টা করেছিল, যেগুলোকে সে পরীক্ষার অংশ মনে করেছিল। তিনটি ক্ষেত্রেই মডেলটি থেমে গেছে বলে তিনি জানান। গুগল বলেছে, কোম্পানিগুলোর কোনো ক্ষতি হয়নি বলে বিষয়টি প্রকাশ্যে জানানোর প্রয়োজন মনে করেনি।
ইরেগুলার প্রতিষ্ঠানটি একাধিক বড় প্রযুক্তি কোম্পানির এআই মূল্যায়নের সঙ্গে যুক্ত ছিল। ওপেনএআই ২২ জুলাই হাগিং ফেস নামের একটি এআই সফটওয়্যার প্রতিষ্ঠানে হ্যাকিংয়ের তথ্য প্রকাশ করে এবং অ্যান্থ্রপিক ৩০ জুলাই একটি তৃতীয় পক্ষের প্রতিষ্ঠানে হ্যাকিংয়ের বিষয়টি জানায়। ওপেনএআই ও অ্যান্থ্রপিক স্বেচ্ছায় তথ্য প্রকাশ করলেও গুগল করেনি। সূত্র: দ্য গার্ডিয়ান